যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি নির্মাণাধীন স্থানের পাশে তিনতলা আবাসিক ভবনধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জনের বেশি।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
ভবনধসে গুরুতর ও সামান্য আহত ১০ জনেরও বেশি মানুষকে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান চালাচ্ছেন কর্মীরা।
শহরের ফায়ার ডিপার্টমেন্টের প্রধান জন এসপোসিটো জানান, ১৯৩০ সালে নির্মিত চার ইউনিটের অ্যাপার্টমেন্ট ভবনটি ধসে পাশের একটি নির্মাণাধীন স্থানে গিয়ে পড়ে। ওই স্থানে তখন খননকাজ চলছিল। বুধবার বিকেল ৪টার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় এ ঘটনা ঘটে। ভবন ধসের সময় ভেতরে কতজন বাসিন্দা ছিলেন কিংবা নির্মাণস্থলে কতজন শ্রমিক কাজ করছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানায়, এলাকায় টহলরত একটি দমকল দল ভবন ধসের এক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সিটি ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার লিলিয়ান বনসিগনোর জানান, এ ঘটনায় নিহত ও আহত মিলিয়ে মোট ১৯ জন হতাহতের তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে সাতজন শিশু রয়েছে। তবে নিহত দুজন শিশু নাকি প্রাপ্তবয়স্ক, তা নিশ্চিত করেননি তিনি।
উদ্ধার অভিযান পরিচালনার সময় একজন দমকলকর্মীও সামান্য আহত হয়েছেন।
স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা অনুসন্ধানকারী কুকুরের সহায়তায় ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খুঁজছেন। নিউইয়র্কের টেলিভিশন স্টেশন ডব্লিউএবিসি-টিভির তথ্য অনুযায়ী, ভবন ধসের প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক গর্ভবতী নারীসহ অন্তত চারজনকে জীবিত উদ্ধার করা হয়।
ফায়ার ডিপার্টমেন্টের প্রধান জন এসপোসিটো বলেন, পুরো এলাকা তল্লাশি করে সম্ভাব্য সব ভুক্তভোগীকে খুঁজে বের করতে উদ্ধারকারী দলগুলোর কয়েক দিন সময় লাগতে পারে। এখন পর্যন্ত ঠিক কতজন নিখোঁজ রয়েছেন, তা স্পষ্ট নয়।
এদিকে ভবন ধসের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স
বিএইচ

