বিদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন ও ভ্রমণপ্রক্রিয়া আরও সহজ করতে ভিসা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে ভারত। নতুন কাঠামোয় ভিসার মূল শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে নামিয়ে ২৩টি করা হয়েছে। পাশাপাশি আবেদনপত্রের জটিলতা কমিয়ে ১৭২টি দেশের নাগরিকদের জন্য ই-ভিসা সুবিধা চালু রাখার পরিকল্পনা করছে দেশটি।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পর্যটন, চিকিৎসা, উচ্চশিক্ষা, গবেষণা ও ব্যবসায়িক কাজে ভারতে যেতে আগ্রহীদের ভোগান্তি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ২৩টি উপশ্রেণির আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভিসা নীতিতে পরিবর্তন আনা হয়েছিল। আন্তর্জাতিক রীতিনীতি ও উন্নত দেশগুলোর প্রচলিত ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার দ্বিতীয় দফায় ভিসা কাঠামো পুনর্গঠন করা হলো।
ট্যুরিস্ট ভিসার পরিবর্তে চালু হচ্ছে ভিজিটর ভিসা
নতুন কাঠামোয় ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে ‘ভিজিটর ভিসা’ করা হয়েছে। সাধারণ ভ্রমণের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক আলোচনা, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম এবং ভাষা, সংগীত ও শিল্পকলার প্রশিক্ষণও এই ভিসার আওতায় থাকবে।
ভিজিটর ভিসার দুটি শ্রেণি নির্ধারণ করা হয়েছে—ভি-১ ও ভি-২। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। অন্যদিকে ভি-২ ভিসা যোগ্যতা অনুযায়ী এক, পাঁচ কিংবা ১০ বছর মেয়াদে দেওয়া হতে পারে। দীর্ঘমেয়াদি এই ভিসার আওতায় পর্বতারোহণের সুযোগও রাখা হয়েছে।
চিকিৎসা ভিসায় মিলবে একাধিকবার প্রবেশের সুযোগ
চিকিৎসার জন্য ভারতে যেতে আগ্রহীদের সুবিধার্থে মেডিকেল ভিসার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা নির্ধারণ করা হয়েছে। উভয় ভিসার স্বাভাবিক মেয়াদ হবে এক বছর এবং এতে একাধিকবার প্রবেশ করা যাবে। ই-ভিসার ক্ষেত্রেও একই সুবিধা থাকবে।
রোগীর সঙ্গে যাওয়া স্বজনদের জন্য রাখা হয়েছে এম-২ ও এম-৪ ভিসা। এর ফলে চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা এবং পরবর্তী চিকিৎসার জন্য বারবার নতুন আবেদন করার প্রয়োজনীয়তা কমবে। ভারতের ‘হিল ইন ইন্ডিয়া’ কর্মসূচির সঙ্গেও এই উদ্যোগকে যুক্ত করা হয়েছে।
শিক্ষার্থী ও গবেষকদের জন্য আলাদা ভিসা
বিদেশি শিক্ষার্থীদের জন্য এস-১ এবং গবেষণা ও সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের জন্য এস-২ ভিসা চালু করা হচ্ছে। এস-১ ভিসার আওতায় স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়াশোনার সুযোগ থাকবে।
অন্যদিকে এস-২ ভিসা পাবেন পিএইচডি গবেষক, ভিজিটিং শিক্ষক, ইন্টার্ন এবং বৈজ্ঞানিক অভিযানে অংশগ্রহণকারীরা।
‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি ই-এস১ ভিসা পাবেন। তবে ভিসার কার্যকারিতা নির্ভর করবে সংশ্লিষ্ট শিক্ষাক্রমের মেয়াদের ওপর।
ব্যবসায়িক ভিসায় যুক্ত হচ্ছে নতুন সুবিধা
ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২—এই দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। ভারতে ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন কিংবা দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উদ্যোগ পরিচালনার জন্য বি-১ ভিসা ব্যবহার করা যাবে।
অন্যদিকে চুক্তিভিত্তিক কাজ, বিনিয়োগ, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন ও চলচ্চিত্র নির্মাণের মতো কার্যক্রম বি-২ ভিসার আওতায় থাকবে।
এ ছাড়া ভারতীয় প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি প্রকৌশলী ও কারিগরি বিশেষজ্ঞদের জন্য চালু হচ্ছে ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’। যন্ত্রপাতি স্থাপন, উৎপাদন, রক্ষণাবেক্ষণ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণসংক্রান্ত কাজে এ ভিসা ব্যবহার করা যাবে। এ ক্ষেত্রেও ই-ভিসার মাধ্যমে আবেদন করার সুযোগ থাকবে।
১৭২ দেশের নাগরিকদের জন্য ই-ভিসা
বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ১৩ ধরনের উপশ্রেণিতে ভারতের ই-ভিসা সুবিধা পাচ্ছেন। নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এই ব্যবস্থাকে আরও কার্যকর করতে প্রযুক্তিগত প্রস্তুতি নিচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
সংশোধিত ভিসা কাঠামোয় থাকবে ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ—এই নয় ধরনের ভিসা। ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যসহ বিশেষ কয়েকটি শ্রেণির আবেদনকারী বিবিধ ভিসার আওতায় পড়বেন।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে নতুন কাঠামোয় ভিসা প্রদান শুরু হতে পারে।
তথ্যসূত্র: এনডিটিভি।
বিএইচ

