যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ১১ মাস বয়সী নিজের কোলোর শিশুসন্তানকে কুকুরের খাঁচায় ভরে মাটির নিচে পুঁতে রাখার এক নৃশংস ঘটনা ঘটেছে। প্রায় ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর মঙ্গলবার (১০ নভেম্বর) শিশুটিকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেছে পুলিশ। এই অমানবিক ঘটনায় শিশুটির ২৫ বছর বয়সী বাবা মাইকেল কোমারকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া শিশুটির নাম কোয়াহ শার্প। পুলিশ জানিয়েছে, শিশুটির মা ব্যক্তিগত কাজে বাইরে যাওয়ার সময় তাকে বাড়িতে বাবার কাছে রেখে গিয়েছিলেন। এরপর সোমবার থেকে শিশুটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি নিয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয় এবং শুরু হয় জোরালো অনুসন্ধান।
পুলিশ কর্মকর্তা জে কুন জানান, তল্লাশির একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ৪৫ মিটার দূরের একটি জঙ্গলে মাটি খোঁড়ার সন্দেহজনক চিহ্ন দেখতে পান পুলিশ সদস্যরা। ওই স্থানেই শিশুটিকে পুঁতে রাখা হয়েছিল। মাটি খোঁড়ার সময় হঠাৎ শিশুটির কান্নার মৃদু শব্দ শুনতে পান তারা। এরপর দ্রুত মাটির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পরপরই শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে পুলিশ কর্মকর্তা জে কুন জানান, আশা করা হচ্ছে শিশুটি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে তিনি শিশুটির বেঁচে ফেরার এই ঘটনাকে ‘উদযাপনের মতো’ বলে মন্তব্য করেন।
এ ঘটনায় সোমবার রাতেই শিশুটির বাবা মাইকেল কোমারকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে কী কী গুরুতর অভিযোগ আনা হবে, তা নির্ধারণ করতে বর্তমানে সরকারি কৌঁসুলিদের সঙ্গে কাজ করছেন তদন্তকারী কর্মকর্তারা।
ডিআর

