যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা চলার মধ্যেই বাল্টিক সাগরে রুশ যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার ফিনল্যান্ডের সামরিক বাহিনী ফিনল্যান্ড উপসাগর এলাকায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজে হামলার ঘটনা শনাক্ত করার কথা জানিয়েছে।
একই সময়ে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ অঞ্চলে দফায় দফায় ড্রোন হামলা চালায় ইউক্রেন। আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিদলের বৈঠক চলার সময় এসব হামলার ঘটনা ঘটে। গত ফেব্রুয়ারির পর এটিই ছিল দুই দেশের মধ্যে প্রথম এ ধরনের আলোচনা।
কী ঘটেছিল?
ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র রয়টার্সকে ই-মেইলে জানান, ফিনল্যান্ড উপসাগর এলাকায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজে হামলার ঘটনা শনাক্ত করা হয়েছে। পরিস্থিতির ওপর নজরও রেখেছে দেশটির সামরিক বাহিনী।
তবে হামলাটি ঠিক কোথায় বা কখন হয়েছে এবং কীভাবে তা শনাক্ত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি ওই মুখপাত্র। এতে হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা-ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এস্তোনিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, রাশিয়ার নৌবাহিনীর একটি ছোট জাহাজ হামলার শিকার হয়েছে। পরে সেটি সেন্ট পিটার্সবার্গে ফিরে যায়।
বুধবার রাশিয়ার উস্ত-লুগা বন্দরের এলাকায় ড্রোন হামলায় আগুন ধরে যায়। এতে তিনজন কর্মী আহত হন বলে জানিয়েছেন লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেক্সান্দার দ্রোজদেঙ্কো।
এদিকে ড্রোন প্রতিবেশী দেশগুলোর আকাশসীমায় প্রবেশ করায় এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেয়। এ ঘটনায় ন্যাটো যুদ্ধবিমানও মোতায়েন করে।
কেন গুরুত্বপূর্ণ এই এলাকা?
ফিনল্যান্ড উপসাগর বাল্টিক সাগরের একটি সংকীর্ণ অংশ। এর এক পাশে ন্যাটো সদস্য ফিনল্যান্ড, অন্য পাশে এস্তোনিয়া। উপসাগরটি পূর্ব দিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত বিস্তৃত। এর দক্ষিণ উপকূলে অবস্থিত উস্ত-লুগা বন্দর রাশিয়ার তেল ও শস্য রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্র।
লেনিনগ্রাদ অঞ্চলের দিকে পাঠানো ইউক্রেনের বেশ কয়েকটি ড্রোন ফিনল্যান্ড ও বাল্টিক অঞ্চলের দেশগুলোর আকাশসীমায় ঢুকে পড়েছে। এতে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ ন্যাটোভুক্ত প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আন্তি হাক্কানেন জানিয়েছেন, হামলার বিষয়টি নিয়ে কিয়েভের সঙ্গে কথা বলেছে হেলসিঙ্কি। তিনি বলেন, ফিনল্যান্ড ও এস্তোনিয়ার মাঝের সংকীর্ণ ফিনল্যান্ড উপসাগর পরিবেশগত নিরাপত্তা এবং বেসামরিক নৌযান চলাচলের দিক থেকে অত্যন্ত সংবেদনশীল।
তবে তাঁর ভাষ্য, আশপাশের অঞ্চলে যুদ্ধের প্রভাব পড়লেও তা ইউক্রেনের আত্মরক্ষামূলক লড়াইয়ের অংশ। ফিনল্যান্ডের আশপাশের বাল্টিক সাগর এখনো নিরাপদ বলেও আশ্বস্ত করেন তিনি।
ইউরোপীয় নীতিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইউরোপিয়ান পলিসি অ্যানালাইসিসের ট্রান্সআটলান্টিক প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মসূচির ফেলো ইলিয়া তিমচেঙ্কো আলজাজিরাকে বলেন, বাল্টিক সাগরের বেসামরিক নৌযান চলাচলের এলাকায় রুশ জাহাজে ইউক্রেনের এ হামলাকে প্রথম ঘটনা বলে মনে করা হচ্ছে। তাঁর মতে, রাশিয়ার হুমকি মোকাবিলায় ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা নিজেদের ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরছে।
হামলার বিষয়ে ইউক্রেন কী বলেছে?
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা জানিয়েছে, বিশেষ অভিযানের অংশ হিসেবে রাশিয়ার ‘বুয়ান-এম’ শ্রেণির ছোট ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ‘নারো-ফোমিনস্ক’-এ হামলা চালানো হয়েছে। ফিনল্যান্ডের সম্প্রচারমাধ্যম ওয়াইলে এ তথ্য জানিয়েছে।
অন্যদিকে, উস্ত-লুগা বন্দরে হামলায় পাঁচটি জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জেনারেল স্টাফ। তাদের টেলিগ্রাম বার্তায় বলা হয়, বন্দরের তেল অবকাঠামোয় ড্রোন হামলার ফলে ট্যাংকগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার আয়ারল্যান্ডে যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় মধ্যস্থতার উদ্যোগের প্রশংসা করেন তিনি।
কী আলোচনা চলছে?
মঙ্গলবার ও বুধবার আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দুই দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। চলতি বছরের ফেব্রুয়ারির পর এটিই ছিল এ ধরনের প্রথম বৈঠক।
আলোচনায় বড় কোনো অগ্রগতি না হলেও বিপুলসংখ্যক যুদ্ধবন্দি বিনিময়ে একমত হয়েছে দুই পক্ষ। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় হতে পারে।
তবে আলোচনায় সবচেয়ে বড় বাধা হয়ে রয়েছে ভূখণ্ডের প্রশ্ন। ইউক্রেন চায়, রাশিয়া দুই দেশের আগের সীমান্তে ফিরে যাক। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পুরো দনবাস অঞ্চল নিয়ন্ত্রণে নিতে চান।
ইউক্রেনের বাইরেও ন্যাটোর সম্প্রসারণ নিয়ে আপত্তি রয়েছে মস্কোর। জার্মান সংবাদমাধ্যম বিল্ড শুক্রবার জানিয়েছে, আবুধাবির আলোচনায় রুশ প্রতিনিধিরা ফিনল্যান্ডকে ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ায় ন্যাটোর সামরিক ঘাঁটি স্থাপনে নিষেধাজ্ঞার প্রস্তাবও দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় প্রতিনিধিদের কাছে অনানুষ্ঠানিকভাবে দেওয়া এসব প্রস্তাবে কৃষ্ণসাগর ও বাল্টিক সাগরে অবাধ নৌচলাচল নিশ্চিত করার ব্যবস্থার কথাও বলা হয়েছে।
বৃহস্পতিবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন উইটকফ ও কুশনার। সেখানে দুই পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়। পরে তাঁরা আয়ারল্যান্ডে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন।
সূত্র: আলজাজিরা
এনএ

