দীর্ঘ ইতিহাসের এক বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টেনে সমুদ্রের তলদেশকে শেষ ঠিকানা হিসেবে বেছে নিল যুক্তরাষ্ট্রের কিংবদন্তি যাত্রীবাহী জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’। প্রায় এক হাজার ফুট বা ৩০২ মিটার দীর্ঘ এই নৌযানটি একসময় বিশ্বের দ্রুততম সমুদ্রগামী যাত্রীবাহী জাহাজের খেতাব অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছিল।
বুধবার (১১ নভেম্বর) পরিকল্পিতভাবে ও নিয়ন্ত্রিত উপায়ে জাহাজটিকে সাগরে ডুবিয়ে দেওয়া হয়। সমুদ্রের নিচে স্থায়ীভাবে ডুবিয়ে রাখার সুবিধার্থে এর আগেই জাহাজটির ভেতরের অংশ পুরোপুরি ফাঁপা এবং পরিবেশের জন্য ক্ষতিকর উপাদানমুক্ত করে নেওয়া হয়েছিল।
নৌ-বিজ্ঞানের ভাষায় ইচ্ছাকৃতভাবে কোনো জাহাজ ডুবিয়ে দেওয়ার এই পদ্ধতিকে ‘স্কাটলিং’ বলা হয়। প্রায় পাঁচ ঘণ্টা ধরে ধীরে ধীরে ভেতরে পানি প্রবেশ করার পর একপর্যায়ে জাহাজটি একদিকে কাত হয়ে যায় এবং ফ্লোরিডার ডেস্টিন উপকূলের কাছে মেক্সিকো উপসাগরের গভীরে চিরতরে তলিয়ে যায়।
এসএস ইউনাইটেড স্টেটস কী ছিল
বিখ্যাত টাইটানিক জাহাজের চেয়েও আকারে বড় এই জাহাজটি নির্মাণ করা হয়েছিল ১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে। টাইটানিকের দৈর্ঘ্য ৮৮২ ফুট ৯ ইঞ্চি (২৬৯.১ মিটার) হলেও এসএস ইউনাইটেড স্টেটস ছিল প্রায় এক হাজার ফুট দীর্ঘ। এটি মূলত এর অভাবনীয় গতি, মজবুত কাঠামো ও বিলাসবহুল ব্যবস্থার জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিল।
১৯৫২ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা জাহাজটি প্রথম যাত্রাতেই আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার গতির রেকর্ড গড়ে। এটি মাত্র ৩ দিন ১০ ঘণ্টা ৪০ মিনিটে আটলান্টিক পাড়ি দেয়, যে সময় এর গড় গতি ছিল ঘণ্টায় প্রায় ৬৬ কিলোমিটার (৩৫.৫৯ নটিক্যাল মাইল)। আজ পর্যন্ত অন্য কোনো যাত্রীবাহী জাহাজ এই গতি ও সময়ের রেকর্ড ভাঙতে পারেনি। দীর্ঘ ১৭ বছর ধরে হাজার হাজার যাত্রী বহন করেছে এই জাহাজ। এর যাত্রীদের তালিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, বিল ক্লিনটন, হ্যারি ট্রুম্যান ও ডোয়াইট আইজেনহাওয়ারের মতো রাষ্ট্রপ্রধানরা। এ ছাড়া হলিউড তারকা মেরিলিন মনরো, এলিজাবেথ টেলর, মার্লন ব্র্যান্ডো, পরাবাস্তববাদী চিত্রশিল্পী সালভাদর দালি ও জ্যাজ সংগীতendingশিল্পী ডিউক এলিংটনের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বরাও এই জাহাজের যাত্রী হয়েছিলেন। অবশেষে ১৯৬৯ সালে জাহাজটিতে যাত্রী পরিবহন আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
জাহাজটি কেন ডুবিয়ে দেওয়া হলো
অবসর নেওয়ার পর দীর্ঘ বছর ধরে জাহাজটি অচল অবস্থায় ফিলাডেলফিয়ায় নোঙর করে রাখা হয়েছিল। বিভিন্ন সময় বিভিন্ন মালিক এটিকে রক্ষা ও সংস্কারের উদ্যোগ নিলেও দিন দিন এর রক্ষণাবেক্ষণের খরচ আকাশচুম্বী হতে থাকে। ২০২১ সালে ফিলাডেলফিয়া বন্দর কর্তৃপক্ষ জাহাজটি নোঙর করে রাখার দৈনিক মাশুল বাড়িয়ে ১ হাজার ৭০০ ডলারে উন্নীত করে। অলাভজনক সংস্থা ‘এসএস ইউনাইটেড স্টেটস কনজারভেটরি’ এই বিশাল খরচ আর বহন করতে অসমর্থ হয়।
অবশেষে ২০২৪ সালে ফ্লোরিডার ওকালুসা কাউন্টি ১০ লাখ ডলারে জাহাজটি কিনে নেয়। তাদের মূল পরিকল্পনা ছিল এটিকে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তর করা। কাউন্টির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জাহাজটিকে পরিবেশের জন্য সম্পূর্ণ নিরাপদ করতে এক বছর ধরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। নিয়ন্ত্রক সংস্থাগুলোর নির্ধারিত সব কঠোর মানদণ্ড অনুসরণ করেই এই কার্যক্রম পরিচালনা করা হয়।
কাউন্টির এক বিবৃতিতে জানানো হয়েছে, এভাবে প্রস্তুত করা কৃত্রিম প্রবালপ্রাচীর সামুদ্রিক বাস্তুতন্ত্রের চরম উপকার করে। এগুলো এমন জায়গায় নতুন আবাস তৈরি করে, যেখানে আগে কোনো বসতি ছিল না। পাশাপাশি বৈচিত্র্যময় পরিবেশ গড়ে তুলে সামগ্রিক সামুদ্রিক সুস্থতায় অনন্য ভূমিকা রাখে। এর সুফল সরাসরি পায় সামুদ্রিক প্রাণী, স্থানীয় মৎস্যশিল্প এবং গোটা পর্যটন খাত। বিশ্বের বৃহত্তম এই কৃত্রিম প্রবালপ্রাচীরটি দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ডুবুরি ও পর্যটকরা ভিড় জমাবেন বলে আশা করা হচ্ছে, যা ফ্লোরিডার পর্যটন অর্থনীতিতে নতুন গতি আনবে।
প্রবালপ্রাচীর তৈরির জন্য জাহাজ ডোবানো হয় কেন
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেসকো) ২০০৭ সালের একটি প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সাগর ও মহাসাগরগুলোর তলদেশে আনুমানিক ৩০ লাখ ডুবে থাকা জাহাজ রয়েছে। এসব জাহাজের বহুতেই প্রবাল, ইল ও স্ন্যাপার মাছের মতো সামুদ্রিক প্রাণীরা প্রাকৃতিকভাবেই নিরাপদ আশ্রয় গড়ে তোলে। কিছু জাহাজ আকস্মিক দুর্ঘটনায় ডুবে গেলেও অনেক সময় কৃত্রিম প্রবালপ্রাচীর গড়ে তোলা এবং মাছকে আকৃষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে জাহাজ ডুবানো হয়। তবে জাহাজ ডোবানোর আগে সামুদ্রিক প্রাণের উপযোগী করতে রং, বিদ্যুতের তার ও জ্বালানির মতো সব ক্ষতিকর পদার্থ অপসারণ নিশ্চিত করতে হয়। সময়ের পরিক্রমায় ডুবে যাওয়া জাহাজের আসল রূপ ঢাকা পড়ে যায় এবং বার্নাকল ও খোলসযুক্ত নানা সামুদ্রিক প্রাণী সেটিকে স্থায়ী বসতিতে পরিণত করে।
প্রবালপ্রাচীর তৈরিতে আর কী কী ব্যবহার করা হয়
কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরির ক্ষেত্রে কেবল জাহাজই নয়, বরং তেল উত্তোলন–কাঠামো, রেডিও টাওয়ার ও রেলের বদ্ধ মালবাহী বগি ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বহিঃমহীসোপানে স্থাপন করা ৬০০টির বেশি তেল ও গ্যাস উত্তোলন–কাঠামো ১৯৮৪ সালের ‘রিগস টু রিফস’ কর্মসূচির আওতায় মেক্সিকো উপসাগরে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে সফলভাবে ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া কাঠের গুঁড়ি দিয়ে তৈরি কুঁড়েঘর, ফ্রিজের মতো গৃহস্থালি সামগ্রী, কেনাকাটার ট্রলি এবং নিউইয়র্ক নগরের অবসরে পাঠানো পাতালরেলের পুরোনো বগিও এসব কাজে ব্যবহৃত হয়েছে। গত বছর ইংল্যান্ডের সাসেক্স উপকূলের অদূরে একটি বায়ুটারবাইনের গোড়ার চারপাশে বিশ্বের অন্যতম বৃহৎ কৃত্রিম প্রবালপ্রাচীর স্থাপন করা হয়। বিশেষভাবে নকশা করা কম কার্বন নিঃসরণকারী কংক্রিটের ৭৫ হাজার ‘রিফ কিউব’ দিয়ে এটি তৈরি করা হয়, যার প্রতিটি ঘনকের মাঝখানে ফাঁকা কক্ষ ও মৌচাকের মতো পৃষ্ঠ রয়েছে। সামুদ্রিক প্রাণীদের আকৃষ্ট করা এবং বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্রের গোড়াকে ঢেউয়ের স্রোত ও ক্ষয় থেকে রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড সরকারও ২০১৮ সালে মোরটন বে মেরিন পার্কে কংক্রিটের ব্লক ব্যবহার করে তাদের অষ্টম কৃত্রিম প্রবালপ্রাচীর স্থাপন করে। ১৯৭৫ সালে পুরোনো গাড়ির টায়ার দিয়ে প্রথম এই ধারার সূচনা হয়েছিল। পরবর্তীতে ২০০৮ সালে গ্রানাইট পাথর, ২০১১ সালে ফাঁপা কংক্রিটের ‘রিফ বল’, এবং পরবর্তীতে ‘ফিশ কেভ’ ও ইস্পাতের মজবুত কাঠামো ব্যবহার করে আরও বেশ কিছু কৃত্রিম প্রবালপ্রাচীর গড়ে তোলা হয়। একইভাবে ২০০০ সালে মেক্সিকো সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার দুটি মাইন অপসারণকারী যুদ্ধজাহাজ ডুবিয়ে ক্যারিবীয় অঞ্চলে কৃত্রিম প্রবালপ্রাচীর গড়ে তুলেছিল।
ডিআর




