আটলান্টিক মহাসাগরে ১৯১২ সালে ডুবে যাওয়া টাইটানিকের যাত্রীদের ব্যবহৃত শতাধিক সামগ্রী সম্প্রতি ইংল্যান্ডে নিলামে বিক্রি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দাম উঠেছে ‘তৃতীয় শ্রেণি’র যাত্রী মেরি ম্যানগানের একটি সোনার পকেটঘড়ির; ঘড়িটি বিক্রি হয়েছে ২ লাখ ৫০ হাজার পাউন্ডে। আর বিখ্যাত যাত্রী লেডি ডাফ গর্ডনের একটি হীরার আংটি বিক্রি হয়েছে ১ লাখ ৪০ হাজার পাউন্ডে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিলামে আরেকটি বিশেষ আকর্ষণ ছিল প্রথম শ্রেণির যাত্রী রামন আর্তাগাভেইতিয়া গোমেজের লেখা একটি চিঠি। টাইটানিক জাহাজে বসে স্প্যানিশ ভাষায় লেখা চিঠিটি তাঁর শরীর থেকে উদ্ধার করা হয়েছিল এবং পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত চিঠিটি বিক্রি হয়েছে ৮০ হাজার পাউন্ডে।
মেরি ম্যানগান ছিলেন ৩২ বছর বয়সী আইরিশ নারী, যিনি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। ১৯১২ সালের শুরুর দিকে পরিবারের সঙ্গে দেখা করতে আয়ারল্যান্ডে ফিরেছিলেন এবং পরে টাইটানিকে চড়ে আবার যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। তাঁর শরীর থেকে উদ্ধার করা ঘড়িটি অন্য ব্যক্তিগত জিনিসপত্রের সঙ্গে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল; সম্প্রতি বেলফাস্টের টাইটানিক জাদুঘরে ম্যানগান পরিবারের সংগ্রহের অন্য জিনিসপত্রের সঙ্গে ঘড়িটি কয়েক সপ্তাহ প্রদর্শিত হয়।
রামন আর্তাগাভেইতিয়া গোমেজের চিঠিটিও বেশ দুর্লভ। জাহাজের নিজস্ব প্যাডে লেখা চিঠিতে তিনি টাইটানিকের নানা বিবরণ তুলে ধরেছিলেন—যেমন জাহাজের রং, ভেতরের তাপমাত্রা এবং খাবার ঘরে কতজনের খাবারের ব্যবস্থা ছিল।
নিলামে বিক্রি হওয়া অন্য সামগ্রীর মধ্যে ছিল টাইটানিকের একটি দুর্লভ টিকিট, যার দাম উঠেছে ৪৫ হাজার ৫০০ পাউন্ড। একটি বিমার দলিল বিক্রি হয়েছে ২৭ হাজার পাউন্ডে এবং জাহাজের জ্যেষ্ঠ বেতার অপারেটর জ্যাক ফিলিপসের লেখা একটি পোস্টকার্ড বিক্রি হয়েছে প্রায় ৩২ হাজার পাউন্ডে। টাইটানিক ডুবে যাওয়ার সময়ও নিজের দায়িত্বে অবিচল ছিলেন ফিলিপস—জাহাজ ডোবার মুহূর্তে বেতারযন্ত্রে বিপৎসংকেত পাঠাচ্ছিলেন ও উদ্ধার তৎপরতায় সহায়তা করছিলেন। মৃত্যুর মাত্র চার দিন আগে টাইটানিক সাউদাম্পটন বন্দরে থাকা অবস্থায় বোন এলসিকে পোস্টকার্ডটি লিখেছিলেন তিনি।
ইংল্যান্ডের উইল্টশায়ারের ডেভাইজ শহরে নিলামের প্রতিষ্ঠান হেনরি অলড্রিজ অ্যান্ড সন এই সামগ্রীগুলো বিক্রি করেছে। প্রতিষ্ঠানটির নিলামকারী অ্যান্ড্রু অলড্রিজ বলেন, সব মিলিয়ে নিলামে বিক্রির পরিমাণ ১০ লাখ পাউন্ড ছাড়িয়েছে এবং এর বড় অংশই এসেছে টাইটানিকের স্মারক থেকে।
অ্যান্ড্রু অলড্রিজের মতে, টাইটানিকের প্রতি মানুষের আগ্রহ এখনো সারা বিশ্বে অটুট এবং নিলামে বিভিন্ন দেশের সংগ্রাহকেরা অংশ নিয়েছেন। তার ভাষায়, এসব জিনিসের দাম শুধু সংগ্রাহকদের আগ্রহের প্রতিফলন নয়, এর মাধ্যমে টাইটানিকের যাত্রীদের ব্যক্তিগত স্মৃতিও বাঁচিয়ে রাখা হচ্ছে।
সূত্র: বিবিসি
ডিআর




