নিখোঁজ ইসরায়েলি পাইলট রন আরাদের সন্ধান পেতে ইরানের দুই জেনারেলকে অপহরণ করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। তাঁদের একজনকে কয়েক সপ্তাহ জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়া হয় কৃষ্ণসাগরে। অন্যজনকে ইসরায়েলে নিয়ে নির্যাতনের পর দক্ষিণ আফ্রিকায় জীবিত অবস্থায় ছেড়ে দেওয়া হয়। তবে তাঁদের কারও কাছ থেকেই আরাদের নিখোঁজ হওয়ার বিষয়ে কোনো তথ্য পায়নি ইসরায়েলি গোয়েন্দারা।
রোববার (১৫ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রকাশিত এক দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদনে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৯৮৬ সালের ১৬ অক্টোবর দক্ষিণ লেবাননে বোমা হামলা চালানোর সময় ইসরায়েলি বিমানবাহিনীর একটি এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমানের ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই বিস্ফোরিত হয়। এতে ক্ষতিগ্রস্ত বিমান থেকে বের হয়ে আসতে বাধ্য হন ২৮ বছর বয়সী পাইলট রন আরাদ। পরে লেবাননের শিয়া রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী আমাল তাঁকে আটক করে।
ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা ছিল, একপর্যায়ে আরাদকে ইরানের কাছে হস্তান্তর করা হয়েছিল। এই ধারণা থেকেই কয়েক দশক ধরে তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় ইরানের সম্পৃক্ততা খুঁজতে নানা অভিযান চালায় ইসরায়েল। তবে নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানে দেখা গেছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার একাধিক মূল্যায়নেও এ ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
ইস্তাম্বুল থেকে অপহরণ ইরানি জেনারেলকে
২০০৬ সালের ডিসেম্বরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের জেনারেল আলিরেজা আসগারি তুরস্কের ইস্তাম্বুলে যান। দেশটির সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী আসগারি সেখানে সিলান হোটেলে ওঠার পর নিখোঁজ হন।
যুক্তরাষ্ট্রের সাবেক তিন কর্মকর্তার বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মোসাদের সদস্যরা তাঁকে অপহরণ করে কয়েক সপ্তাহ ধরে জিজ্ঞাসাবাদ করেন। তাঁদের উদ্দেশ্য ছিল নিখোঁজ ইসরায়েলি পাইলট রন আরাদ সম্পর্কে তথ্য সংগ্রহ করা।
কিন্তু আসগারির কাছ থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এরপর তাঁকে হত্যা করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাবেক এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, একটি নৌযানে করে কৃষ্ণসাগরে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরে সেখানেই তাঁর মরদেহ ফেলে দেওয়া হয়।
আসগারির স্ত্রী জিবা আহমাদি নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, ইরানের তদন্তকারীরা তাঁকে বলেছিলেন, ইসরায়েলি এজেন্টরা হোটেলকক্ষে ঢুকে তাঁর স্বামীকে মাদক প্রয়োগ করে অপহরণ করেছিল। পরে অপহরণে ব্যবহৃত গাড়িটি কৃষ্ণসাগরের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
ফ্রিজের বাক্সে ঢুকিয়ে আরেক জেনারেলকে অপহরণ
আসগারিকে অপহরণের পরও রন আরাদের সন্ধান পেতে অভিযান অব্যাহত রাখে মোসাদ। ২০২১ সালের সেপ্টেম্বরে সিরিয়ার রাজধানী দামেস্কে আইআরজিসির কমান্ডার জেনারেল আবদুল্লাহ সাবেরিকে অপহরণ করে ইসরায়েলি গোয়েন্দারা।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, কূটনৈতিক এলাকায় সকালে দৌড়াতে বের হয়েছিলেন সাবেরি। এ সময় ছদ্মবেশে থাকা মোসাদের সদস্যরা একটি বড় ফ্রিজের বাক্স নিয়ে তাঁর অপেক্ষায় ছিলেন। পরে তাঁকে আটক করে একটি সাদা ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
এরপর ইসরায়েলে নিয়ে দীর্ঘ সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। রন আরাদের বিষয়ে তথ্য জানতে তাঁকে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ শেষে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি রাস্তায় তাঁকে জীবিত অবস্থায় ফেলে আসা হয়। পরে সাবেরি নিজেও নির্যাতনের শিকার হওয়ার কথা জানান।
তৎকালীন মোসাদপ্রধান ডেভিড বারনিয়া আরাদকে খুঁজে বের করতে একটি অভিযান অনুমোদনের কথা স্বীকার করেছিলেন। তিনি অভিযানটিকে সাহসী ও দুঃসাহসিক হিসেবে বর্ণনা করলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছিল বলে উল্লেখ করেন।
আরাদের নিখোঁজ হওয়ার ঘটনায় ভুল ধারণা ছিল ইসরায়েলের
নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর দীর্ঘদিনের ধারণা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান ইউভাল ডিসকিন ২০০৬ সালে রন আরাদের নিখোঁজ হওয়ার ঘটনা নতুন করে পর্যালোচনা করেন।
তদন্তে তিনি দেখতে পান, আরাদকে ইরানে নেওয়া হয়েছিল—এমন ধারণার পক্ষে যেসব গোয়েন্দা তথ্য ও বিশ্লেষণ তৈরি করা হয়েছিল, সেগুলোর বেশির ভাগই ভুল ব্যাখ্যা, অবিশ্বস্ত তথ্য কিংবা গুরুতর ভুলের ওপর ভিত্তি করে দাঁড়িয়েছিল।
একই ধরনের সিদ্ধান্তে পৌঁছান ইসরায়েলি সামরিক বাহিনীর নিখোঁজ সদস্য অনুসন্ধান ইউনিটের সাবেক প্রধান আভি কালো। ২০১৬ সালে তাঁর মূল্যায়ন ছিল, ১৯৮৮ সালেই লেবাননের নাবি চিত গ্রামে আরাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তাঁর ধারণা, আরাদ কখনোই ইরানে ছিলেন না।
সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা রাজ জিমটও নিউইয়র্ক টাইমসকে বলেন, তেহরানের শাসকদের ওপর সব দায় চাপানোর স্বাভাবিক প্রবণতা থেকে তাঁরা হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন।
নাবি চিত গ্রামে আরাদের মৃত্যুর অনুসন্ধান
প্রতিবেদন অনুযায়ী, রন আরাদকে প্রথমে লেবাননের নাবি চিত গ্রামে রাখা হয়েছিল বলে ধারণা করা হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু ও দাফন হওয়ার সম্ভাবনা খতিয়ে দেখতে তদন্ত চালায় হিজবুল্লাহ ও ইরানের একটি যৌথ দল। তাদের অনুসন্ধানে ১৯৮৮ সালে আরাদের মৃত্যুর ধারণা উঠে আসে।
এদিকে, ২০২৫ সালের ডিসেম্বরে লেবাননের অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা আহমদ শুকর নিখোঁজ হন। একটি ব্যবসায়িক বৈঠকে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। লেবাননের কর্মকর্তাদের ধারণা, ইসরায়েলি এজেন্টরা তাঁকে অপহরণ করেছে।
ইসরায়েলি কর্মকর্তাদের বর্তমান ধারণা, ১৯৮৮ সালে নাবি চিতের কাছে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহমদ শাকুরের ভাই নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে রন আরাদকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ ধারণার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। আহমদ শাকুরের ভাতিজি রানা শাকুরও দাবি করেছেন, তাঁর চাচার সঙ্গে আরাদের নিখোঁজ হওয়ার কোনো সম্পর্ক ছিল না।
চলতি বছরের মার্চে নাবি চিত গ্রামে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ৬ ও ৭ মার্চ দুই দিনে সেখানে ৪০টির বেশি হামলা চালানো হয়। এ সময় ইসরায়েলি সেনারা গ্রামের একটি কবরস্থানে রন আরাদের মরদেহ খুঁজতে একটি কবরও খনন করেন। তবে সেখানে তাঁর দেহাবশেষ পাওয়া যায়নি।
নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানে উঠে এসেছে, কয়েক দশক ধরে রন আরাদের নিখোঁজ হওয়ার ঘটনায় ইরানকে দায়ী করে নানা অভিযান চালিয়েছে ইসরায়েল। এ জন্য অপহরণ ও হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটেছে। তবে এখন ইসরায়েলি কর্মকর্তাদের অনেকেই মনে করছেন, আরাদের নিখোঁজ হওয়ার ঘটনায় তেহরানের কোনো ভূমিকা ছিল না। গোয়েন্দা সংস্থাগুলোর ভুল ধারণা ও পূর্বনির্ধারিত বিশ্বাসই দীর্ঘদিন ধরে এই অনুসন্ধানকে ভুল পথে পরিচালিত করেছে।
বিএইচ




