ভারতের বিহারে ছট পূজার দেবীর জন্য সাজানো প্রসাদ আগে খাওয়ায় নিজের চার বছরের মেয়েকে মারতে মারতে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন এক মা। এই মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত রোববার (১৫ নভেম্বর) ছট পূজার জন্য নানা পদের প্রসাদ সাজিয়েছিলেন রিনা কুমারি নামের ওই নারী। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা পূজার আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে পার্শ্ববর্তী ঘাটে গিয়েছিলেন। ঠিক তখনই চার বছর বয়সী শিশু সুহানী কুমারি সাজানো প্রসাদ থেকে একটি খাবার খেয়ে ফেলে।
এতে চরম ক্ষিপ্ত হয়ে নিজের ছোট মেয়ে সুহানীকে বেধড়ক মারধর করেন মা রিনা কুমারি। তাকে এত বেশি মারধর করা হয় যে ধীরে ধীরে শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত অবনতির দিকে যেতে থাকে। অবস্থার অবনতি হলে পরে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান রিনা। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
মর্মান্তিক এই ঘটনা নিয়ে নিহতের বাবা রাজু পাসান গণমাধ্যমকে বলেছেন, “আমাদের মেয়ে আমাদের ছেড়ে চিরতরে চলে গেছে, আমাদের পরিবার থেকে ছট পূজার সমস্ত আনন্দ মুছে গেছে। আমি আমার স্ত্রীর কঠোর বিচার চাই। তাকে আর আমার জীবনে প্রয়োজন নেই। আমার বাকি সন্তানদের আমি নিজেই বুকে আগলে বড় করব।” জানা গেছে, এই দম্পতির মোট তিনজন সন্তান রয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে ছুটে যায় এবং শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এরপর অভিযুক্ত মা রিনা কুমারীকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিআর




