ইরানের প্রখ্যাত শিয়া ধর্মীয় ব্যক্তিত্ব ও ইসলামি পণ্ডিত গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হোসাইন ওয়াহিদ খোরাসানি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তাঁর কার্যালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি জীবনের দীর্ঘ সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আহলুল বাইতের শিক্ষা অধ্যয়ন, গবেষণা ও পাঠদানে ব্যয় করেছেন। আহলুল বাইতের মর্যাদা ও পবিত্রতা রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি তাঁর হাত ধরে গড়ে উঠেছেন অসংখ্য বিশিষ্ট আলেম ও ধর্মীয় পণ্ডিত।
ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। এতিমদের দেখাশোনা, বিশেষ করে হজরত ফাতিমা যাহরা (রা.)-এর স্মরণে শোকানুষ্ঠান আয়োজন এবং বিভিন্ন ধর্মীয় ঐতিহ্য ও আচার-অনুষ্ঠান পুনরুজ্জীবনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে কার্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
১৯২১ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন শেখ হোসাইন ওয়াহিদ খোরাসানি। জীবনের কয়েক দশক তিনি ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা ও শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। তাঁর কাছ থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সময়ে বহু আলেম ও পণ্ডিত খ্যাতি অর্জন করেন।
সম্প্রতি তিনি তেহরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাঁকে দেখতে গিয়েছিলেন ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসাইনি খামেনেইর প্রতিনিধিরা।
তথ্যসূত্র: তসনিম নিউজ।
বিএইচ




