বিশ্ব রাজনীতির আলোচিত দুই নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ ঘিরে আলোচনা শুরু হয়েছে। চীনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। বৈঠকের শুরুতে পুতিনকে ‘আমার বন্ধু’ বলে পরিচয় করিয়ে দেন ট্রাম্প। তাঁদের করমর্দন ও কানে কানে কথা বলার দৃশ্য প্রকাশ করেছে হোয়াইট হাউস।
বৈঠকের শুরুতে পুতিনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমাদের মধ্যে বহু বছর ধরে চমৎকার সম্পর্ক রয়েছে। আমরা একে অপরকে দীর্ঘ সময় ধরে চিনি।’
ট্রাম্প আরও বলেন, এই সম্পর্কের মধ্য দিয়ে অনেক ভালো কিছু অর্জন করা সম্ভব বলে তাঁর বিশ্বাস। অন্তত সেই সম্ভাবনা তৈরির একটি নতুন প্রক্রিয়া শুরু হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
পুতিনের কানে কানে কী বললেন ট্রাম্প?
হোয়াইট হাউসের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, বৈঠকের শুরুতে দুই নেতা পরস্পরের সঙ্গে করমর্দন করছেন। এ সময় ট্রাম্পকে পুতিনের কানে কানে কিছু বলতে দেখা যায়। তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে, সে বিষয়ে ভিডিওতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
হোয়াইট হাউসের ‘র্যাপিড রেসপন্স’ নামের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত আরেকটি ভিডিওতে ট্রাম্পকে পুতিনের দিকে আঙুল নির্দেশ করে বলতে শোনা যায়, ‘তিনি আমার বন্ধু।’
এদিকে দ্বিপক্ষীয় বৈঠকের পর আন্তর্জাতিক কূটনীতিতে আরও গুরুত্বপূর্ণ একটি আয়োজনের অপেক্ষা তৈরি হয়েছে। শীর্ষ সম্মেলনের পরবর্তী পর্যায়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিশ্বের তিন প্রভাবশালী রাষ্ট্রের শীর্ষ নেতাদের একই টেবিলে বসার এ আয়োজন আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে। বৈঠকে কোন কোন বিষয় আলোচনায় আসে এবং কোনো গুরুত্বপূর্ণ সমঝোতা হয় কি না, সেদিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।
এনএ




