রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে কি না, সে বিষয়ে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণা করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা এ মামলার রায়কে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে কোনো গণহত্যা মামলার মূল বিষয়ের ওপর এটিই হতে যাচ্ছে আইসিজের প্রথম রায়।
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতের এই রায় মিয়ানমারের জন্য বড় ধরনের আইনি ও কূটনৈতিক পরিণতি ডেকে আনতে পারে। একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনের স্বীকৃতি, ক্ষতিপূরণ এবং নিরাপদে নিজ ভূমিতে ফেরার পথ তৈরির ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ হতে পারে।
আইন বিশেষজ্ঞদের মতে, এই রায় গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলাসহ ভবিষ্যতের গণহত্যা মামলাগুলোর ওপরও প্রভাব ফেলতে পারে। তবে ইসরায়েল গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে।
মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে কী ঘটেছিল?
রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধাদের পুলিশ ফাঁড়িতে হামলার পর ২০১৬ সালের অক্টোবরে রাখাইন রাজ্যে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। ২০১৭ সালের আগস্টে এই অভিযান ব্যাপক আকার ধারণ করে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন এবং ৭ লাখ ৪০ হাজার মানুষ বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন।
জাতিসংঘের তদন্তকারীরা জানিয়েছেন, মিয়ানমারের সেনারা শত শত গ্রাম পুড়িয়ে দেয়, ব্যাপক হত্যাকাণ্ড চালায় এবং রোহিঙ্গা নারী ও কিশোরীদের নিয়মিত ধর্ষণ ও গণধর্ষণ করে। তদন্তকারীদের মতে, এসব যৌন সহিংসতা গণহত্যার উদ্দেশ্যের ইঙ্গিত বহন করে।
সহিংসতার পর সামরিক বাহিনী মাত্র দুটি মামলায় কয়েকজন সৈন্যকে দোষী সাব্যস্ত করার কথা জানায়। এর মধ্যে ইন দিন গ্রামে ১০ জন রোহিঙ্গা পুরুষ ও কিশোরকে হত্যার দায়ে দণ্ডিত সাত সেনাসদস্যকে সাজা ভোগের এক বছর পূর্ণ হওয়ার আগেই মুক্তি দেওয়া হয়।
এই দমন-পীড়নের অনেক আগে, ১৯৮২ সালে মিয়ানমার স্বীকৃত ১৩৫টি জাতিগোষ্ঠীর তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশটিতে বসবাস করলেও অনেক রোহিঙ্গা পরিবারকে ‘অভিবাসী বাঙালি’ হিসেবে চিহ্নিত করা হয়। এরপর থেকে প্রায় সব রোহিঙ্গাকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে। ফলে তাঁরা বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জনগোষ্ঠীগুলোর একটিতে পরিণত হয়েছেন।
২০২৩ সালে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে লড়াই পুনরায় শুরু হওয়ার পর আরাকান আর্মি রাখাইন রাজ্যের বেশির ভাগ অংশের নিয়ন্ত্রণ নেয়। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় গত আগস্টে জানায়, মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মি—উভয় পক্ষের বিরুদ্ধেই রোহিঙ্গাদের ওপর ব্যাপক ও পদ্ধতিগত নির্যাতনের অভিযোগ রয়েছে। আরাকান আর্মির বিরুদ্ধে নির্যাতন, যৌন সহিংসতা ও জোরপূর্বক নিয়োগের অভিযোগও উঠেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, এসব নির্যাতনের কারণে ২০২৪ সালের শুরু থেকে ১ লাখ ৫৫ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন। সব মিলিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ১২ লাখ।
তাঁদের অধিকাংশই কক্সবাজারের ঘনবসতিপূর্ণ শরণার্থীশিবিরে বসবাস করছেন। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় শিবিরগুলোতে খাদ্য, শিক্ষা, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবার সংকট আরও প্রকট হয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা সতর্ক করে বলেছে, সাম্প্রতিক সময়ে আসা রোহিঙ্গাদের অনেকেই পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা পাচ্ছেন না।
গাম্বিয়া কেন মিয়ানমারকে আইসিজেতে নিয়েছে?
রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিনের নিপীড়নের পর ২০১৭ সালের সামরিক অভিযানকে গণহত্যার চূড়ান্ত রূপ হিসেবে দেখছে গাম্বিয়া। দেশটির অভিযোগ, ওই অভিযানের মাধ্যমে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে মিয়ানমার।
২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি সদস্যরাষ্ট্রের পক্ষে গাম্বিয়া মামলাটি দায়ের করে। মামলাটি পরিচালনায় নেতৃত্ব দেন দেশটির তৎকালীন অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবুবকর তাম্বাদু।
২০২০ সালের জানুয়ারিতে আইসিজে মিয়ানমারকে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রথম দিকে মিয়ানমার যুক্তি দেয়, গাম্বিয়া সরাসরি সংঘাতের সঙ্গে জড়িত নয়, তাই দেশটির মামলা করার অধিকার নেই। তবে ২০২২ সালে আইসিজের বিচারকরা জানান, গণহত্যা সনদের পক্ষভুক্ত দেশ হিসেবে গাম্বিয়ার মামলা করার অধিকার রয়েছে। কারণ, এই সনদের আওতায় সব স্বাক্ষরকারী রাষ্ট্র গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে বাধ্য।
চলতি বছরের জানুয়ারিতে মামলার মূল বিষয়ের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ সাতটি রাষ্ট্র গাম্বিয়ার পক্ষে অবস্থান নেয়।
আইসিজেকে কী সিদ্ধান্ত দিতে হবে?
মিয়ানমার রাষ্ট্র হিসেবে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে কি না এবং এর মাধ্যমে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে কি না, সেটিই নির্ধারণ করবেন আইসিজের বিচারকরা।
আন্তর্জাতিক বিচার আদালত রাষ্ট্রের কর্মকাণ্ডের ওপর সিদ্ধান্ত দেন। কোনো নির্দিষ্ট সেনাসদস্য বা সামরিক কমান্ডারের ব্যক্তিগত ফৌজদারি অপরাধের বিচার করেন না।
গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে হত্যা, গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতিসাধনসহ নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড চালানো হলে তা গণহত্যা হিসেবে বিবেচিত হয়।
শুধু ব্যাপক নৃশংসতা সংঘটিত হওয়ার প্রমাণই গণহত্যা প্রমাণের জন্য যথেষ্ট নয়। আদালতকে নিশ্চিত হতে হবে, এসব কর্মকাণ্ডের পেছনে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি না। সরাসরি নির্দেশ বা বক্তব্যের পাশাপাশি কর্মকাণ্ডের ধরন ও পরিস্থিতি থেকেও এমন উদ্দেশ্য অনুমান করা যেতে পারে।
গাম্বিয়ার দাবি, মিয়ানমারের আচরণের একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হলো গণহত্যার উদ্দেশ্য। অন্যদিকে মিয়ানমারের বক্তব্য, তাদের অভিযান পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ছিল না; বরং আরসার যোদ্ধাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল।
গণহত্যার রায়ে রোহিঙ্গারা কী পাবেন?
ট্রিনিটি কলেজ ডাবলিনের আন্তর্জাতিক আইনের অধ্যাপক ও আইসিজের সাবেক আইন কর্মকর্তা মাইকেল বেকারের মতে, গণহত্যার রায় রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে। তবে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার ১০ লাখের বেশি মানুষের জীবনে স্বল্পমেয়াদে এর প্রভাব সীমিত থাকতে পারে।
গাম্বিয়া আদালতের কাছে এমন নির্দেশনা চেয়েছে, যাতে বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিরাপদে নিজেদের ভূমিতে ফিরতে পারেন, ক্ষতিপূরণ পান এবং ধ্বংস হওয়া বাড়িঘর ও সম্পত্তি পুনর্নির্মাণ করা যায়।
বেকার বলেন, আদালত এসব দাবির কিছু অংশ বা সাধারণ নির্দেশনা দিতে পারেন। তবে কীভাবে সেগুলো বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মিয়ানমারের ওপর ছেড়ে দেওয়া হতে পারে।
তাঁর মতে, মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এসব প্রতিকার দ্রুত বাস্তবায়নের অনুকূলে নয়। তাই আদালতের রায়কে দেশটির ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে।
যুক্তরাজ্যের মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক উইলিয়াম শাবাস বলেন, রোহিঙ্গাদের পক্ষে গাম্বিয়ার চাওয়া প্রতিকারগুলো জোরালো হলেও নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার দাবি পর্যন্ত পৌঁছায়নি। ফলে এই রায় এলেও রোহিঙ্গাদের রাষ্ট্রহীনতার সমস্যা সরাসরি সমাধান নাও হতে পারে।
তবে মিয়ানমার আদালতের নির্দেশনা বাস্তবায়ন করলে দেশটিতে রোহিঙ্গাদের নিরাপত্তা, মর্যাদা ও জীবিকার ক্ষেত্রে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে মনে করেন তিনি।
ভবিষ্যতের গণহত্যা মামলায় কী প্রভাব পড়বে?
আইসিজেতে বিচারাধীন পাঁচটি গণহত্যা মামলার মধ্যে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটিই প্রথম, যার মূল বিষয়ের ওপর চূড়ান্ত রায় দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই রায় গণহত্যার উদ্দেশ্য প্রমাণের ক্ষেত্রে আদালতের আইনি মানদণ্ড আরও স্পষ্ট করতে পারে। বিশেষ করে, কোনো জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্য সরাসরি প্রমাণিত না হলে কর্মকাণ্ডের ধরন ও পরিস্থিতি থেকে তা কীভাবে নির্ধারণ করা হবে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে।
মাইকেল বেকারের মতে, অতীতের কয়েকটি মামলায় সশস্ত্র সংঘাতের পাশাপাশি গণহত্যা সংঘটিত হয়েছে কি না, তা নির্ধারণের মানদণ্ড নিয়ে অস্পষ্টতা ছিল। নতুন রায় সেই আইনি প্রশ্নের ব্যাখ্যা দিতে পারে।
অধ্যাপক উইলিয়াম শাবাসের মতে, এই রায় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলাসহ অন্য বিচারাধীন মামলাগুলোর ওপরও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
তবে মিয়ানমারের বিরুদ্ধে মামলার রায় অন্য কোনো মামলার ফলাফল স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করবে না। প্রতিটি মামলার নিজস্ব তথ্য-প্রমাণ ও আইনি যুক্তির ভিত্তিতেই আদালতকে সিদ্ধান্ত নিতে হবে।
সূত্র: আল জাজিরা
এনএ




