দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় অন্তত ২৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতটি শিশু ও ছয়জন নারী রয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়ারাপ রাজ্যের একটি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, হামলাকারীরা প্রতিবেশী ইউনিটি রাজ্য থেকে এসেছিল।
রোববার (২২ নভেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান ওয়ারাপ রাজ্যের টনজ ইস্ট কাউন্টির ভারপ্রাপ্ত কমিশনার মাচুই বিথ। তাঁর ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে শুরু হওয়া হামলা রোববার সকাল পর্যন্ত চলে। এতে গবাদিপশু পালনকারীসহ ২৪ জন বেসামরিক নাগরিক প্রাণ হারান।
মাচুই বিথ জানান, হামলাকারীরা সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের অনুগত বিদ্রোহী গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি ইন অপোজিশনের (এসপিএলএ-আইও) সদস্য। হামলায় সামরিক পোশাক পরা চারজন সশস্ত্র হামলাকারীও নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি। তবে হামলাকারীদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে এ ঘটনায় নিহতের সংখ্যা ১৫ বলে জানিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ। পরে আরও কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সংখ্যাটি বেড়ে ২৪ হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত দল পাঠানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
২০১১ সালে স্বাধীনতা লাভের পর থেকেই রাজনৈতিক বিরোধ, জাতিগত সংঘাত ও গবাদিপশু লুটকে কেন্দ্র করে সহিংসতার মুখে রয়েছে দক্ষিণ সুদান। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটিতে চলা গৃহযুদ্ধে চার লাখের বেশি মানুষ নিহত হন।
সাম্প্রতিক মাসগুলোতে দেশটির বিভিন্ন এলাকায় সংঘর্ষ বেড়েছে। গত সপ্তাহে ওয়ারাপ রাজ্যের মাকুয়াচ শহরের একটি বাজারে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন নিহত ও ২৩ জন আহত হন। এর আগের মাসে ওয়ারাপ ও ইউনিটি রাজ্যের সীমান্ত এলাকায় সংঘর্ষে অন্তত ৭২ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ।
বিএইচ




