সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের লক্ষ্যে দেশজুড়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ বা শুমারি কার্যক্রম চলছে। এ কার্যক্রমের অংশ হিসেবে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বিস্তারিত তথ্য নিচ্ছেন। শুমারির সময় ভোগান্তি এড়াতে নাগরিকদের প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য আগে থেকেই প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত অক্টোবর থেকে সারা দেশে এ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি পরিবারকে ডাটাবেজের আওতায় আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
যেসব কাগজপত্র ও তথ্য প্রস্তুত রাখতে হবে
সমাজসেবা অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, তথ্য সংগ্রহকারীরা যেকোনো সময় বাড়িতে আসতে পারেন। তাই তথ্য প্রদান সহজ ও নির্ভুল করতে নাগরিকদের কয়েকটি বিষয় আগে থেকেই প্রস্তুত রাখতে হবে।
১. পরিচয়পত্র
পরিবারের যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি রাখতে হবে। পাশাপাশি পরিবারের অন্য প্রাপ্তবয়স্ক সদস্যদের এনআইডি এবং ১৮ বছরের কম বয়সী বা এনআইডি নেই—এমন সদস্যদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখতে হবে।
২. আর্থিক ও ব্যক্তিগত তথ্য
কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। এ ছাড়া পরিবারের মোট সদস্যসংখ্যা, আয়-ব্যয় এবং সম্পদের সঠিক বিবরণ জানাতে হবে।
৩. ছবি ও স্বাক্ষর
আবেদনকারী নারীর ছবি এবং বসতবাড়ির ছবি প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি নির্ধারিত ফরমে স্বাক্ষর অথবা টিপসই দেওয়ার প্রস্তুতিও রাখতে হবে।
ফ্যামিলি কার্ড পেতে টাকা লেনদেন নয়
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে। কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কেউ অর্থ দাবি করলে তাঁর সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য নাগরিকদের সতর্ক করা হয়েছে।
একই সঙ্গে কোনো পরিবার যেন শুমারি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য সঠিক তথ্য দিয়ে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়াতে মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ইমাম-খতিব এবং সুশীল সমাজের নেতাদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
বিএইচ




