বিদেশে যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলাম।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে ইমিগ্রেশন পুলিশের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।
জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন সুইডেন আসলাম। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে তাঁকে আটক করা হয়।
সূত্র জানায়, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁর পাসপোর্ট নম্বরও সংবাদমাধ্যমকে জানানো হয়েছে।
গ্রেপ্তারের পর তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন।
প্রসঙ্গত, শেখ মোহাম্মদ আসলাম একসময় সুইডেন ছিলেন বলে পরিচিত হয়ে ওঠেন ‘সুইডেন আসলাম’ নামে। তেজগাঁও এলাকার এই শীর্ষ সন্ত্রাসী একসময় ঢাকার অপরাধ জগত কাঁপাতেন।
১৯৮৬ সালে তিনি অপরাধ জগতে যুক্ত হন। ওই বছর পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তারপর থেকে তার বিরুদ্ধে একের পর এক হত্যাকাণ্ডসহ নানা অপরাধের তথ্য বের হয়ে আসে। এরই মধ্যে নিজেকে রক্ষা করতে সুইডেন চলে যান। বছর পাঁচেক ওই দেশে থেকে আবার ফিরে আসেন দেশে। তারপর সুইডেন শব্দটি নামের সঙ্গে যুক্ত হয়ে যায়।
১৯৯৭ সালে যুবলীগ নেতা গালিবকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হন সুইডেন আসলাম। তখন সবার সামনে চলে আসে আসলামের আসল পরিচয়। গ্রেপ্তার সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় পছন্দের বুলেট প্রুফ জ্যাকেটও। আটক হওয়ার পরও তার নিয়ন্ত্রণ ছিল অপরাধ জগত।
বিএইচ




