গাজার রাজধানী গাজা সিটিতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে শহরটির পূর্বাঞ্চলের তুফাহ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। হাসপাতাল সূত্র জানায়, তুফাহ এলাকায় একদল মানুষের ওপর ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
২০২৫ সালের ১০ অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ এ হামলাকে যুদ্ধবিরতি চুক্তির আরেকটি লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।
এর আগে বুধবার ইসরায়েলি বাহিনীর হামলায় আরও সাত ফিলিস্তিনি নিহত হন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। নিহতদের মধ্যে উত্তর গাজা গভর্নরেটের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান মোহাম্মদ মাজেদ আবু আল-ওউফ, তাঁর স্ত্রী এবং দুই কিশোরী মেয়ে রয়েছেন।
বুধবার ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-শাতি শরণার্থী শিবিরে তাঁদের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে একই পরিবারের চার সদস্য প্রাণ হারান।
এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল মোট ৬ হাজার ৪০৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত ১ হাজার ৬৯০ ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজার ১২০ জন আহত হয়েছেন। এ ছাড়া ইসরায়েলি বাহিনী ২২৩ জনকে আটক করেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। দুই বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে উপত্যকাটিতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন।
যুদ্ধের কারণে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু বলে উল্লেখ করা হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও হামলা ও প্রাণহানি অব্যাহত থাকায় উপত্যকাটির পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
সূত্র: আনাদোলু





