সৌদি আরবের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। দেশটির জিজান বন্দরে হামলার পাশাপাশি রাজধানী রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে গোষ্ঠীটি। এ ছাড়া জেদ্দা বন্দরের আকাশে একটি ড্রোন শনাক্ত করে তা ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এসব ঘটনার পর সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, জিজান বন্দরে হুথিদের হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি। হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, জেদ্দা বন্দরের আকাশে একটি হুথি ড্রোন শনাক্ত করে সেটি ধ্বংস করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কোনো বেসামরিক ব্যক্তি আহত হননি বলেও জানান তিনি।
এদিকে সৌদি জোটের বিবৃতির পর ইয়েমেনের রাজধানী সানায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক নাবিল আল-ইউসুফি। পরবর্তী সময়ে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করে, রিয়াদকে লক্ষ্য করে হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে।
এর আগের দিন মঙ্গলবার রিয়াদের একটি এলাকায় বহুতল ভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে অন্তত ১১ জন আহত হন। এ ছাড়া রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ এলাকায় আগুন ও কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ার ঘটনাও আলোচনায় এসেছে।
সৌদি আরবের বন্দরগুলোতে হুথিদের হামলার আগে ইয়েমেনের হুথি-সমর্থিত আল-মাসিরা টেলিভিশন চ্যানেল হোদেইদা বন্দরে নতুন করে সৌদি হামলার খবর প্রচার করে। বুধবার দিনের শুরুতে হুথিরা হুঁশিয়ারি দিয়েছিল, হোদেইদা বন্দরে হামলা হলে সৌদি আরবের বন্দরগুলোতে পাল্টা আঘাত হানা হবে।
আল জাজিরার সাংবাদিক ইউসুফ মাওরি জানান, ইয়েমেনে আমদানি করা পণ্যের প্রায় ৯০ শতাংশ হোদেইদা বন্দর দিয়ে প্রবেশ করে। ফলে বন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে দেশটির খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে হোদেইদা বন্দরে সৌদি হামলায় পণ্য ওঠানামার কাজে ব্যবহৃত গুদাম ও ক্রেন লক্ষ্যবস্তু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বিশ্লেষকদের আশঙ্কা, হোদেইদা বন্দরের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হলে ইয়েমেনে খাদ্য, ওষুধ ও জরুরি পণ্যের সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। এতে দীর্ঘদিন ধরে মানবিক বিপর্যয়ের মধ্যে থাকা দেশটির সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় বিমানবন্দর, বন্দর ও জ্বালানি স্থাপনাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ঝুঁকির মুখে পড়েছে। সংঘাতের পরিধি আরও বিস্তৃত হলে পুরো অঞ্চলের নিরাপত্তা ও বাণিজ্যিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এসএ





