কানাডায় বসবাসরত বিদেশি কর্মীদের জন্য স্থায়ীভাবে বসবাসের বড় সুযোগ তৈরি করছে দেশটির সরকার। ২০২৭ সালে সর্বোচ্চ ১ লাখ বিদেশি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্থায়ী বাসিন্দা (পিআর) করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রদেশ ও অঞ্চলগুলোকে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১২ নভেম্বর কানাডার অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ ডায়াব নতুন এ উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। ২০২৬ সালের বাজেটে ঘোষিত সাময়িক অভিবাসন পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন উদ্যোগের আওতায় প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি (পিএনপি) ব্যবহার করে কানাডার বিভিন্ন প্রদেশে আগে থেকেই বসবাস ও কর্মরত বিদেশিদের স্থায়ী হওয়ার সুযোগ দেওয়া হবে। স্থানীয় শ্রমবাজারের চাহিদা এবং অর্থনীতিতে অবদান রাখছেন, এমন কর্মীদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
তবে কানাডায় চাকরি করলেই স্বয়ংক্রিয়ভাবে পিআর পাওয়া যাবে না। সংশ্লিষ্ট প্রদেশের মনোনয়ন এবং স্থায়ী বসবাসের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। যোগ্য কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও এ সুযোগের আওতায় আসতে পারবেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে প্রদেশ ও অঞ্চলগুলোকে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তবে এটি বিদেশি কর্মীদের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নয়। প্রদেশভেদে আবেদনপ্রক্রিয়া ও যোগ্যতার শর্ত আলাদা হওয়ায় আগ্রহীদের সংশ্লিষ্ট প্রাদেশিক অভিবাসন বিভাগের নির্দেশনা অনুসরণ করতে হবে।
নতুন উদ্যোগে শুধু নতুন আবেদনকারীরাই নন, স্থায়ী বসবাসের জন্য আগে আবেদন করে অপেক্ষায় থাকা কিছু বিদেশিও সুবিধা পেতে পারেন। এ ক্ষেত্রে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, স্টার্ট-আপ ভিসা, স্বনিয়োজিত ব্যক্তিদের অভিবাসন কর্মসূচি, কৃষি-খাদ্য পাইলট এবং হোম কেয়ার কর্মী অভিবাসন কর্মসূচির আবেদনকারীদের বিবেচনায় নেওয়া হতে পারে।
কানাডা সরকারের এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দেশটিতে আগে থেকেই বসবাসরত দক্ষ ও অভিজ্ঞ বিদেশি কর্মীদের ধরে রাখা। একই সঙ্গে স্থানীয় শ্রমবাজারের চাহিদা পূরণ এবং অর্থনৈতিক কার্যক্রম সচল রাখাও এর অন্যতম লক্ষ্য।
এদিকে ২০২৭-২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় নিয়মিত প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির আওতায় বার্ষিক অভিবাসন লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৯৫ হাজার করা হয়েছে। আগের পরিকল্পনায় ২০২৭ সালের জন্য এ লক্ষ্যমাত্রা ছিল ৯২ হাজার ৫০০। নতুন সাময়িক উদ্যোগের অতিরিক্ত বরাদ্দ নিয়মিত লক্ষ্যমাত্রার বাইরে যুক্ত হবে।
কানাডার বৃহত্তর পরিকল্পনায় সর্বোচ্চ ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে। এর মধ্যে বিদেশি কর্মী ও তাদের পরিবারের জন্য সর্বোচ্চ ১ লাখ জনের সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া হংকংয়ের স্থায়ী বসবাস কর্মসূচিতে ৩২ হাজার, ইউক্রেন পরিবার পুনর্মিলন কর্মসূচিতে ১৮ হাজার ৮০০, মানবিক বিবেচনায় ১২ হাজার ৬০০ এবং কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের পরিবারের সদস্যদের মধ্যে ৪৫ হাজার জনকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সব মিলিয়ে নতুন এ উদ্যোগের মাধ্যমে কানাডায় আগে থেকেই বসবাস ও কর্মরত বিদেশিদের স্থায়ী হওয়ার সুযোগ বাড়তে যাচ্ছে। তবে চূড়ান্ত সুযোগ পাওয়া নির্ভর করবে আবেদনকারীর যোগ্যতা, প্রাদেশিক মনোনয়ন এবং সংশ্লিষ্ট অভিবাসন কর্মসূচির শর্ত পূরণের ওপর।
এসএ





