ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত সম্পদের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৪৪ লাখ টাকা। তবে তাঁর নামে কোনো কৃষিজমি, আবাসিক বাড়ি, বাণিজ্যিক ভবন কিংবা ব্যক্তিগত গাড়ি নেই। প্রধানমন্ত্রীর দপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের সম্পদ বিবরণীতে এসব তথ্য উঠে এসেছে।
ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের (পিএমও) ওয়েবসাইটে প্রকাশিত বিবরণী অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত মোদির ঘোষিত মোট অস্থাবর সম্পদের মূল্য ৪ কোটি ১ লাখ ৬০ হাজার ৯৯৯ রুপি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫ কোটি ৪৪ লাখ ৪৬ হাজার টাকা।
বিবরণীতে দেখা যায়, মোদির সম্পদের বড় অংশ ব্যাংকের স্থায়ী আমানত ও সঞ্চয়পত্রে বিনিয়োগ করা। পাশাপাশি তাঁর কাছে রয়েছে চারটি স্বর্ণের আংটি।
মোদির সম্পদের খুঁটিনাটি
প্রধানমন্ত্রীর দপ্তরের সম্পদ বিবরণী অনুযায়ী, মোদির ঘোষিত সম্পদের হিসাব এক নজরে তুলে ধরা হলো—
১. স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় আমানত
গুজরাটের গান্ধীনগরের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি) শাখায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার এফডিআর ও এমওডি হিসাবে তাঁর জমা রয়েছে ৩ কোটি ৭৯ লাখ ৭৬ হাজার ১০১ রুপি।
২. ব্যাংক হিসাবে স্থিতি
ব্যাংক হিসাবে জমা রয়েছে ৩ হাজার ৫৬২ রুপি।
৩. নগদ অর্থ
নিজের কাছে নগদ রয়েছে ৩৪ হাজার ৪২৯ রুপি।
৪. জাতীয় সঞ্চয়পত্র
জাতীয় সঞ্চয়পত্রে তাঁর বিনিয়োগের পরিমাণ ১০ লাখ ২৪ হাজার ৭২৪ রুপি।
৫. স্বর্ণালংকার
মোদির কাছে রয়েছে চারটি স্বর্ণের আংটি। এগুলোর মোট ওজন প্রায় ৪৫ গ্রাম। বিবরণীতে আংটিগুলোর মূল্য দেখানো হয়েছে ৪ লাখ ৫৮ হাজার ৮৬৪ রুপি।
৬. অন্যান্য বিনিয়োগ
বন্ড, শেয়ার, মিউচুয়াল ফান্ড ও অন্যান্য সিকিউরিটিজে তাঁর কোনো বিনিয়োগ নেই বলে বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
৭. উৎসে কর কর্তন
বেতন থেকে ৪ লাখ ১৪ হাজার ২১০ রুপি এবং ব্যাংকের স্থায়ী আমানতের সুদ থেকে ২ লাখ ৪৯ হাজার ৯৯ রুপি উৎসে কর কর্তনের তথ্য উল্লেখ করা হয়েছে। দুই খাত মিলিয়ে এর পরিমাণ ৬ লাখ ৬৩ হাজার ৩০৯ রুপি।
সব মিলিয়ে বিবরণীতে মোদির মোট অস্থাবর সম্পদের মূল্য দেখানো হয়েছে ৪ কোটি ১ লাখ ৬০ হাজার ৯৯৯ রুপি।
নেই জমি, বাড়ি কিংবা ব্যক্তিগত গাড়ি
সম্পদ বিবরণীর উল্লেখযোগ্য দিক হলো, মোদির নিজের নামে কোনো কৃষিজমি, অকৃষিজমি, বাণিজ্যিক ভবন কিংবা আবাসিক বাড়ি নেই। এমনকি ব্যক্তিগত গাড়ি বা অন্য কোনো মোটরযানের মালিকানাও উল্লেখ করা হয়নি।
অর্থাৎ, তাঁর নামে ঘোষিত স্থাবর সম্পদের মূল্য শূন্য। ব্যক্তিগত সম্পদের বড় অংশ ব্যাংকের আমানত, সঞ্চয়পত্র ও স্বর্ণালংকারে রয়েছে।
বেতন ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা
প্রধানমন্ত্রী হিসেবে মোদির বেতন, সরকারি বাসভবন, নিরাপত্তা ও অন্যান্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিয়েও মানুষের আগ্রহ রয়েছে। তবে আলোচ্য সম্পদ বিবরণীতে তাঁর বেতনের নির্দিষ্ট অঙ্ক কিংবা এসব সুযোগ-সুবিধার আর্থিক মূল্য উল্লেখ করা হয়নি। তাই ব্যক্তিগত সম্পদের হিসাবের সঙ্গে সরকারি সুযোগ-সুবিধাকে এক করে দেখার সুযোগ নেই।





