ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকারি চাকরিজীবী পুরুষদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করেছে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সরকার। সন্তান জন্মের আগে অথবা জন্মের ছয় মাসের মধ্যে এ ছুটি নিতে পারবেন বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সরকারি পুরুষ কর্মীদের পক্ষ থেকে পিতৃত্বকালীন ছুটি চালুর দাবি জানিয়ে আবেদন পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্য সরকার জানিয়েছে, সন্তান জন্মের সময় মা ও শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে স্ত্রীর পাশে থাকা এবং পারিবারিক দায়িত্ব ভাগাভাগি নিশ্চিত করতে পুরুষ কর্মীদের ১৫ দিনের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্তানের সম্ভাব্য জন্মতারিখের ১৫ দিন আগে থেকে অথবা সন্তান জন্মের পর ছয় মাসের মধ্যে এ ছুটি নেওয়া যাবে।
সরকারের মতে, এ উদ্যোগের মাধ্যমে সন্তান লালন-পালনে বাবার সক্রিয় অংশগ্রহণ বাড়বে এবং পারিবারিক দায়িত্ব ভাগাভাগি সহজ হবে।
এর আগে গত আগস্টে তামিলনাড়ু সরকার তৃতীয় সন্তান জন্মের ক্ষেত্রে নারী সরকারি কর্মীদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ৩৬৫ দিন করার ঘোষণা দেয়।
২০১১ সালে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ৯০ দিন থেকে বাড়িয়ে ছয় মাস করা হয়। পরে ২০১৬ সালে তা বাড়িয়ে নয় মাস এবং ২০২১ সালের জুলাইয়ে এক বছর বা ৩৬৫ দিন করা হয়।
বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।





