যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। প্রতিষ্ঠানটির কনসাল্টিং বিভাগে অধিকাংশ পদের ক্ষেত্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক ভিসা ও গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে চাকরি ও যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে সংকটে পড়তে পারেন হাজারো অভিবাসী।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধান্তের আওতায় থাকা কর্মীদের যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশে স্থানান্তরিত হয়ে কাজ চালিয়ে যেতে হবে অথবা চাকরি ছাড়তে হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কর্মীদের তিন সপ্তাহ সময় দিয়েছে প্রতিষ্ঠানটি।
বিদেশে যেতে অনিচ্ছুক কর্মীদের তিন মাসের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করা হবে। তাদের শেষ কর্মদিবস নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর।
আইবিএমের কনসাল্টিং বিভাগ প্রতিষ্ঠানটির বৃহত্তম ব্যবসায়িক শাখা। বিশ্বজুড়ে এ বিভাগে দেড় লাখের বেশি কর্মী রয়েছেন। তবে নতুন সিদ্ধান্তে ঠিক কতজন কর্মী ক্ষতিগ্রস্ত হবেন, তা এখনো প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন এইচ-১বি ভিসাধারী এবং গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বিদেশি কর্মীরা। কারণ, যুক্তরাষ্ট্রে তাদের বৈধভাবে কাজ করা ও স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার প্রক্রিয়া অনেক ক্ষেত্রে নিয়োগকর্তার স্পনসরশিপের ওপর নির্ভরশীল।
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে বিপুলসংখ্যক অভিবাসী পেশাজীবী কর্মরত রয়েছেন। ফলে আইবিএমের এ সিদ্ধান্ত তাদের কর্মসংস্থান ও দেশটিতে ভবিষ্যৎ অবস্থান নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।





