বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১। চলতি বছরের মে মাসে কানাডায় প্রথম শনাক্ত হওয়া ওমিক্রনের এই উপধরনটি যুক্তরাষ্ট্র, চীন, স্পেনসহ ১৮টি দেশে শনাক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত এটি আগের ধরনগুলোর তুলনায় বেশি গুরুতর অসুস্থতা সৃষ্টি করে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পিজে.২.১-কে ‘পর্যবেক্ষণাধীন ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে। ভাইরাসটির জিনগত বৈশিষ্ট্য ও বিস্তার নিয়ে উদ্বেগ থাকলেও বিশেষজ্ঞরা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
চিকিৎসাবিষয়ক সাময়িকী জার্নাল অব ইনফেকশনের তথ্য অনুযায়ী, গত ২ মে কানাডার অন্টারিওতে প্রথম ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়। এটি ওমিক্রনের জেএন.১ ধরনের বংশধর। এর স্পাইক প্রোটিনে ২৪টি পর্যন্ত অ্যামিনো অ্যাসিডের পরিবর্তন পাওয়া গেছে। স্পাইক প্রোটিনের মাধ্যমেই করোনাভাইরাস মানবকোষের সঙ্গে যুক্ত হয়ে শরীরে প্রবেশ করে।
যেসব দেশে শনাক্ত
কানাডার পর যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে পিজে.২.১ শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে গত ৩০ জুন নিউইয়র্কের এক রোগীর শরীরে প্রথম এটি শনাক্ত হয়। পরে ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, নিউ জার্সি, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা, মিসৌরি, ওকলাহোমা, কলোরাডো ও ফ্লোরিডায়ও এর উপস্থিতি পাওয়া যায়।
এ ছাড়া সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইসরায়েল, ফ্রান্স ও স্পেনেও ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছে। স্পেনের কাতালুনিয়া, বাস্ক অঞ্চল ও মাদ্রিদে স্থানীয়ভাবে সংক্রমণ ছড়ানোর প্রমাণ পেয়েছেন গবেষকেরা।
ডব্লিউএইচওর প্রতিবেদনে হংকংকে একমাত্র স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে বর্জ্য পানির নমুনা পরীক্ষায় পিজে.২.১ শনাক্ত হয়েছে। তবে চীনের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি, গত আগস্ট থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া যাচ্ছে।
এনটিডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াং নামের এক কর্মকর্তা জানান, চীনের বিভিন্ন অঞ্চলের বর্জ্য পানির নমুনা বিশ্লেষণে আগস্টে পিজে.২.১-এর উপস্থিতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এরপরও হেবেই, শানসি, জিলিন ও লিয়াওনিং প্রদেশে এর উপস্থিতি বেশি রয়েছে। হেবেই ও শানসিতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেও দাবি করেন তিনি।
এদিকে বেইজিংয়ের চ্যাংপিং ল্যাবরেটরির গবেষকদের একটি দল গত ৩ সেপ্টেম্বর পিজে.২.১ নিয়ে গবেষণার ফল প্রকাশ করে। প্রতিবেদনটি অনলাইন গবেষণাপত্র প্রকাশের প্ল্যাটফর্ম বায়োআর্কাইভে প্রকাশিত হয়।
কী বলছেন গবেষকেরা
গবেষকদের তথ্য অনুযায়ী, পিজে.২.১-এর স্পাইক প্রোটিনে তুলনামূলক বেশি মিউটেশন বা জিনগত পরিবর্তন দেখা গেছে। ভ্যারিয়েন্টটি মানবদেহের কোষের এসিই২ রিসেপ্টরের সঙ্গে শক্তিশালীভাবে যুক্ত হতে পারে। এমনকি যেসব কোষে এই রিসেপ্টরের মাত্রা কম, সেগুলোতেও সংক্রমণ ঘটাতে পারে।
তবে ডব্লিউএইচও বলছে, কোষের সঙ্গে শক্তিশালীভাবে যুক্ত হওয়ার অর্থ এই নয় যে ভাইরাসটি মানুষ থেকে মানুষে দ্রুত ছড়াবে। এ বিষয়ে এখনো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।
টিকা কতটা কার্যকর
নতুন ভ্যারিয়েন্টটি টিকা বা আগের সংক্রমণের ফলে তৈরি হওয়া রোগ প্রতিরোধক্ষমতাকে এড়াতে পারে কি না, তা নিয়ে বিজ্ঞানীদের উদ্বেগ ছিল। তবে প্রাথমিক গবেষণায় দেখা গেছে, প্রচলিত অন্যান্য ধরনের তুলনায় পিজে.২.১ বিদ্যমান টিকার অ্যান্টিবডি উল্লেখযোগ্যভাবে এড়াতে পারে না।
এ ছাড়া ভ্যারিয়েন্টটি আগের ধরনগুলোর তুলনায় বেশি গুরুতর অসুস্থতা সৃষ্টি করে, এমন প্রমাণও এখন পর্যন্ত মেলেনি। তবে ক্লিনিক্যাল তথ্য সীমিত হওয়ায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় বলে জানিয়েছে ডব্লিউএইচও।
ভারতের কেরালার অ্যাপোলো অ্যাডলাক্স হাসপাতালের জ্যেষ্ঠ কনসালট্যান্ট চিকিৎসক গোপাকুমার বলেন, ভাইরাসের বিপজ্জনক মাত্রা নির্ধারণে শুধু মিউটেশনের সংখ্যা বিবেচ্য নয়। পরিবর্তনগুলো ভাইরাসকে কতটা সংক্রামক করছে কিংবা রোগ প্রতিরোধব্যবস্থাকে ফাঁকি দিতে পারছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ।
নয়াদিল্লির ধর্মশীলা নারায়ণ হাসপাতালের জ্যেষ্ঠ কনসালট্যান্ট চিকিৎসক নবনীত সুদও জানান, এখন পর্যন্ত রোগের তীব্রতা বাড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ভাইরাসের গতিবিধি বুঝতে নিয়মিত জিনোমিক পর্যবেক্ষণ জরুরি।
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, টাইমস নাউ ও দ্য সান নাইজেরিয়া।





