আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা। দেশে ফেরার জন্য তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কাছে সামরিক বিমান চাওয়া হলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিকল্প হিসেবে স্থলসীমান্ত দিয়ে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন।
দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন এলাকা পরিদর্শন করে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করেছেন। এসব পথের কোনো একটি দিয়ে আগামী ১৬ ডিসেম্বর তিনি বাংলাদেশে প্রবেশ করবেন বলে দাবি করেছেন বাহাউদ্দিন নাছিম।
দ্য ওয়ালে তিনি বলেন, “তারেক রহমানের সরকার বঙ্গবন্ধুকন্যাকে দেশে ফেরাতে সরকারি বিমান না পাঠালে সীমান্তে এমন অসংখ্য ‘গোপালগঞ্জ’ রয়েছে, যার কোনো একটি দিয়ে দলীয় নেত্রী আগামী ১৬ ডিসেম্বর মাথা উঁচু করে দেশে ফিরবেন।”
সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্য বা কর্মকর্তারা শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার সাহস দেখাবেন না বলেও দাবি করেন তিনি।
২০২৪ সালের আগস্টের গণ-অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের পরিস্থিতি এমন যে জনগণের শক্তির কাছে প্রশাসন মাথানত করবে এবং মানুষকে সম্মান জানিয়ে সরে দাঁড়াবে। গোপালগঞ্জে প্রশাসনের ভূমিকার মধ্যেও এমন মনোভাবের প্রতিফলন দেখা গেছে বলে দাবি করেন তিনি।
দ্য ওয়ালকের প্রতিবেদনে গোপালগঞ্জের পরিস্থিতি তুলে ধরে বলা হয়েছে, গত ১৫ নভেম্বর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কর্মসূচিকে কেন্দ্র করে জেলায় উত্তেজনা সৃষ্টি হয়। ওই দিন শহরে পুলিশ ও বিজিবি আওয়ামী লীগের মিছিলে বাধা না দিয়ে রাস্তার ব্যারিকেড সরিয়ে নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই দিন আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে শহরের জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুরের অভিযোগও তুলে ধরা হয়েছে।
এদিকে শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা অরিনের বরাতে শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার জন্য প্রথমে বাংলাদেশ সরকারের কাছে দিল্লি থেকে বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করার দাবি জানানো হবে। তা সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইটে ফেরার চেষ্টা করবেন শেখ হাসিনা। বিকল্প হিসেবে স্থলসীমান্ত ব্যবহার করার পরিকল্পনাও রয়েছে।
অরিন বলেন, প্রয়োজনে হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত শেখ হাসিনা। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে বাংলাদেশের মোট ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তের নয়টি সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করেছেন শেখ হাসিনার সমর্থকেরা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৫ বছরের শাসনের অবসানের পর ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। বাংলাদেশ সরকার জানিয়েছে, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি বাস্তবতা ও আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য রেখে বিবেচনা করতে হবে। তিনি কোনো সাধারণ বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন; তাকে কেবল হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে। তবে তিনি স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের অনুরোধ থেকে পৃথক বিষয়।





