যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক দূত জ্যারেড কুশনারের সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্ক, গোপন আর্থিক লেনদেন এবং মধ্যপ্রাচ্যের ক্ষমতার রাজনীতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে নতুন একটি বইয়ে। প্রবীণ মার্কিন সাংবাদিক ম্যাথিউ কোলের লেখা ‘প্রিন্সেস অ্যান্ড থিভস: জ্যারেড কুশনার অ্যান্ড মোহাম্মদ বিন জায়েদ’স সিক্রেট প্লট টু রিমেক দ্য মিডল ইস্ট’ বইয়ে ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসন থেকে শুরু করে আমিরাতের রাজপরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং ইসরায়েলের সঙ্গে গোপন সামরিক সম্পর্কের নানা তথ্য তুলে ধরা হয়েছে।
বইটির অন্যতম গুরুত্বপূর্ণ দাবি, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে জ্যারেড কুশনার প্রায় ২০০ কোটি (২ বিলিয়ন) ডলার পেয়েছিলেন। এর মধ্যে আমিরাতের ‘ওয়াতানি আল এমারাতে ফাউন্ডেশন’ নামের একটি দাতব্য সংস্থার মাধ্যমে ফার্স্ট আবুধাবি ব্যাংকে রাখা ৭৫ কোটি (৭৫০ মিলিয়ন) ডলারও রয়েছে। বইটির দাবি অনুযায়ী, নাগরিক কর্মসূচিতে সহায়তার কথা বলা হলেও ওই অর্থ আমিরাতের অস্ত্র কেনা ও গোপন সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছিল।
বর্তমানে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যবিষয়ক দূত হিসেবে দায়িত্ব পালন করা কুশনার এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন। তবে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের মন্তব্য, নতুন বছরে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর কুশনারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্ত হওয়া উচিত। লেখক ম্যাথিউ কোল বইটির তথ্য সংগ্রহে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের ওপর নির্ভর করেছেন। আমিরাত ও সৌদি রাজপরিবারের পক্ষ থেকে বইয়ের দাবিগুলোর বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বইটির আলোচিত একটি অধ্যায়ে সংযুক্ত আরব আমিরাতের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বিরুদ্ধে নিজের বড় ভাই ও সাবেক প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদকে ব্ল্যাকমেইল করার অভিযোগ আনা হয়েছে। কোলের দাবি, ১৯৯০-এর দশকে দক্ষিণ ইউরোপের একটি হোটেলে খলিফার ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণ করতে দুই সিরীয় নাগরিককে নিয়োগ করেছিলেন মোহাম্মদ বিন জায়েদ। পরে রুশ এজেন্টদের মাধ্যমে সেই ভিডিও টেপ তাদের বাবা ও আমিরাতের প্রতিষ্ঠাতা জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের কাছে পৌঁছে দেওয়া হয়।
লেখকের দাবি, বাবার কাছে বিষয়টি প্রকাশের উদ্দেশ্য ছিল খলিফাকে বিব্রত করা এবং ক্ষমতার লড়াইয়ে নিজের অবস্থান শক্তিশালী করা। তবে জায়েদ বিন সুলতান ছেলের উদ্দেশ্য বুঝতে পেরেও তার কৌশলের প্রশংসা করেছিলেন বলে বইয়ে উল্লেখ করা হয়েছে। লেখকের মতে, আল নাহিয়ান পরিবারের অভ্যন্তরে এই ঘটনাকে মোহাম্মদ বিন জায়েদের শাসনক্ষমতা দখলের উচ্চাকাঙ্ক্ষার প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা হতো।
কোল আরও দাবি করেছেন, সাবেক সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফের বিরুদ্ধেও একই ধরনের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে যুক্তরাষ্ট্রের কাছে লবিং করেছিলেন মোহাম্মদ বিন জায়েদ। পরবর্তী সময়ে বর্তমান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতার অবস্থান শক্তিশালী করতে মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে দেন। এ ছাড়া নিউইয়র্ক টাইমসের সাংবাদিক বেন হাবার্ডের ‘এমবিএস: দ্য রাইজ টু পাওয়ার অব মোহাম্মদ বিন সালমান’ এবং ব্র্যাডলি হোপ ও জাস্টিন শেকের লেখা ‘ব্লাড অ্যান্ড অয়েল’ বইয়েও মোহাম্মদ বিন নায়েফের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরূপ দাবি উল্লেখ করা হয়েছে।
বইটিতে আমিরাতের সাবেক প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদের শারীরিক ও মানসিক অবস্থা নিয়েও গুরুতর অভিযোগ তোলা হয়েছে। লেখকের প্রশ্ন, মোহাম্মদ বিন জায়েদ কি নিজের বড় ভাইকে ওষুধ প্রয়োগের মাধ্যমে কার্যত অকার্যকর করে রেখেছিলেন?
২০০৪ সালে বাবার মৃত্যুর পর খলিফা বিন জায়েদ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হন। তবে রাষ্ট্রীয় পদে থাকলেও আবুধাবির ক্রাউন প্রিন্স ও ছোট ভাই মোহাম্মদ বিন জায়েদের ওপরই তিনি অধিকাংশ সিদ্ধান্তের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। সাধারণভাবে বিষয়টিকে খলিফার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং ২০১৪ সালে তার স্ট্রোকের পরিণতি হিসেবে দেখা হতো।
কিন্তু ম্যাথিউ কোলের দাবি, স্ট্রোকের অনেক আগে থেকেই খলিফা মদ্যপানের আসক্তি ও অশনাক্তকৃত মানসিক সমস্যায় ভুগছিলেন। ২০০৩ সালে মোহাম্মদ বিন জায়েদ আবুধাবির ডেপুটি ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকেই ভাইকে এমন কিছু চিকিৎসা ও ওষুধ দেওয়া শুরু করেন, যা তাকে কার্যত অক্ষম করে তুলেছিল। লেখকের ভাষ্য অনুযায়ী, এসব ওষুধের কারণে খলিফা প্রায়ই তন্দ্রাচ্ছন্ন থাকতেন এবং দীর্ঘ মেয়াদে তার স্নায়ুর ক্ষতি হয়। একজন মার্কিন নার্সের সহায়তায় তাকে এসব ওষুধ দেওয়া হতো বলেও বইয়ে দাবি করা হয়েছে।
ওই নার্সের পরিবারের সঙ্গে মোহাম্মদ বিন জায়েদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে উল্লেখ করেছেন কোল। বইটির আরেকটি দাবি, ওই নার্সের ভাগ্নি লিসার সঙ্গে মোহাম্মদ বিন জায়েদের ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং তাদের একটি সন্তানও রয়েছে, যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বেড়ে উঠেছে।
ইসরায়েলের সঙ্গে আমিরাতের গোপন সামরিক ও প্রযুক্তিগত সম্পর্কের বিষয়টিও বইটিতে গুরুত্ব পেয়েছে। ২০২০ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কয়েক দশক আগে থেকেই দুই দেশের মধ্যে নিরাপত্তা ও সামরিক সহযোগিতা ছিল বলে দাবি করেছেন লেখক।
কোলের ভাষ্য অনুযায়ী, ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতির কারণে আমিরাতের প্রতিষ্ঠাতা জায়েদ বিন সুলতান ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে আগ্রহী ছিলেন না। তবে তার ছেলে মোহাম্মদ বিন জায়েদ ১৯৯০-এর দশক থেকেই ইসরায়েলের সামরিক প্রযুক্তির প্রতি আগ্রহী ছিলেন।
১৯৯৮ সালে ‘এভিয়েশন উইক’ সাময়িকীতে ইসরায়েলি সফটওয়্যারযুক্ত যুক্তরাষ্ট্রের তৈরি নতুন এফ-১৬ যুদ্ধবিমান সম্পর্কে পড়ার পর এসব বিমান কেনার উদ্যোগ নেন মোহাম্মদ বিন জায়েদ। সে সময় আমিরাতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পরিচালনা করেন। তার উদ্যোগে আমিরাত ৮০টি যুদ্ধবিমান কেনার চুক্তি করে, যেগুলোতে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা ছিল। ক্লিনটন প্রশাসনের মধ্যস্থতায় ইসরায়েল ও আমিরাতের মধ্যে গোপন আলোচনার পর এ চুক্তি সম্পন্ন হয় বলে বইয়ে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরোধিতা করায় আমিরাতের অভ্যন্তরে দমন-পীড়ন চালানোর অভিযোগও তুলেছেন লেখক। বইটিতে দাবি করা হয়েছে, ২০১৯ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরোধিতা করে কলাম লেখার পর আমিরাতি কবি ও সাংবাদিক হাবিব আল সায়েগকে নির্যাতন করে হত্যা করা হয়।
সায়েগ ছিলেন আমিরাতের প্রভাবশালী সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনের পরিচিত ব্যক্তি। তিনি ‘আল খালিজ’ সংবাদপত্রের সম্পাদক এবং আরব রাইটার্স ইউনিয়নের মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন। সৌদি ও আমিরাতের কাতারবিরোধী অবরোধেরও সমর্থক ছিলেন তিনি।
তবে ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগ নিয়ে তিনি আপত্তি জানিয়ে আসছিলেন। ২০১৯ সালের আগস্টে ‘ইসরায়েল আমাদের প্রকৃত শত্রু এবং একটি বিপজ্জনক প্রকল্প’ শিরোনামে একটি কলাম লেখেন তিনি। বইটির দাবি, লেখাটি প্রকাশের পর মোহাম্মদ বিন জায়েদের নির্দেশে নিরাপত্তা কর্মকর্তারা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। এরপর তিন দিন ধরে তার ওপর নির্যাতন চালানো হয় এবং একপর্যায়ে তার মৃত্যু হয়। কোলের বর্ণনায়, নির্যাতনের পর তার মরদেহ এমন অবস্থায় ছিল যে তাকে প্রায় চেনাই যাচ্ছিল না।
লেখকের মতে, জ্যারেড কুশনার ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মোহাম্মদ বিন জায়েদের বৃহত্তর কূটনৈতিক পরিকল্পনার পথে সায়েগের বিরোধিতা বাধা হয়ে দাঁড়িয়েছিল। ওই পরিকল্পনার অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোর মাধ্যমে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের ভূখণ্ড থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাবও আলোচনায় ছিল বলে বইটিতে দাবি করা হয়েছে।
বইটির তথ্যমতে, পরিকল্পনার একটি অংশ ছিল অধিকৃত পশ্চিম তীরে বসবাসরত প্রায় ৩০ লাখ ফিলিস্তিনির অধিকাংশকে জর্ডানে পাঠিয়ে দেওয়া। এতে ওই ভূখণ্ডের জনসংখ্যা প্রায় ৯০ শতাংশ কমে যেত। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি সীমিত ও নামমাত্র ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিতেন। এর বিনিময়ে নেগেভ মরুভূমি ও জর্ডানের কিছু অংশ ওই রাষ্ট্রকে দেওয়ার পরিকল্পনা ছিল বলে উল্লেখ করেছেন লেখক।
বইটির শেষাংশে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব, বিশেষ করে জ্যারেড কুশনার ও টম ব্যারাকের বিরোধের বিষয়টি তুলে ধরা হয়েছে। লেবানিজ-আমেরিকান ব্যবসায়ী টম ব্যারাক বর্তমানে তুরস্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং ইরাক ও সিরিয়াবিষয়ক দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে প্রশাসনে যোগ দেওয়ার আগে আমিরাত ও সৌদি শাসকদের সঙ্গে ট্রাম্পের যোগাযোগ করিয়ে দেওয়ায় তিনি সমালোচনার মুখে পড়েছিলেন।
কোলের দাবি, প্রশাসনে কুশনারের দ্রুত প্রভাব বিস্তারে হতাশ হয়েছিলেন ব্যারাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের ‘মার্শাল প্ল্যান’-এর আদলে আবুধাবি ও রিয়াদের অর্থায়নে মধ্যপ্রাচ্যের উন্নয়নে বড় পরিকল্পনা নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু কুশনার তাকে মধ্যপ্রাচ্যের কেবল মিসর-সংক্রান্ত বিষয়গুলো দেখভালের সুযোগ দেন।
পরবর্তী সময়ে ব্যারাক আমিরাতের কাছে লবিং করেন, যাতে তারা কুশনারকে মধ্যপ্রাচ্যবিষয়ক দূত হিসেবে তার নাম বিবেচনার অনুরোধ জানায়। তবে কোলের ভাষ্য অনুযায়ী, মোহাম্মদ বিন সালমান ও মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে হোয়াইট হাউসের সম্পর্ক অন্য কারও সঙ্গে ভাগ করতে চাননি কুশনার।
২০১৭ সালের জুনে সৌদি আরব ও আমিরাত কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করলে কুশনার ও ব্যারাকের বিরোধ আরও স্পষ্ট হয়। সৌদি ও আমিরাত অবরোধের পক্ষে কুশনারের সমর্থন আদায়ে তৎপর ছিল। অন্যদিকে ব্যারাক তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে মিলে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবরোধে যুক্ত না হওয়ার পরামর্শ দিয়েছিলেন বলে বইটিতে উল্লেখ করা হয়েছে।
ম্যাথিউ কোলের বইয়ে উঠে আসা এসব দাবি মধ্যপ্রাচ্যের ক্ষমতার রাজনীতি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং উপসাগরীয় রাজপরিবারগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। তবে বইটির বেশির ভাগ গুরুতর অভিযোগ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য বা স্বাধীনভাবে যাচাইয়ের তথ্য সব ক্ষেত্রে পাওয়া যায়নি।
সূত্র: মিডল ইস্ট আই





