বাংলাদেশের মহাকাশ গবেষণা, স্যাটেলাইট প্রযুক্তির উন্নয়ন ও দক্ষ জনবল তৈরিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। এ ক্ষেত্রে যৌথ গবেষণা, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে দেশটি।
পাকিস্তান সফররত বাংলাদেশি সাংবাদিক প্রতিনিধিদলের কাছে এ আগ্রহের কথা তুলে ধরেছেন দেশটির মহাকাশ গবেষণার অন্যতম ব্যক্তিত্ব অধ্যাপক ড. নাজম আব্বাস। ইসলামাবাদের ‘কাহকাশান মিশন কন্ট্রোল সেন্টার’ ও পাকিস্তানের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘সুপারকো’ পরিদর্শনকালে তিনি এ প্রস্তাব দেন।
ড. নাজম আব্বাস সুপারকোর চিফ ম্যানেজার এবং ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজির অধীন ন্যাশনাল সেন্টার অব জিআইএস অ্যান্ড স্পেস অ্যাপ্লিকেশনসের চেয়ারম্যান।
তিনি বলেন, বাংলাদেশের সরকার ও মহাকাশ গবেষণা সংস্থা চাইলে পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা সুপারকো এবং এর সহযোগী শিক্ষাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজির সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে পারে। প্রতিষ্ঠানটি সুপারকোর সঙ্গে যৌথভাবে স্যাটেলাইট তৈরির কাজ করছে।
তিনি আরও বলেন, মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতার পাশাপাশি পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ দিতে তারা আগ্রহী। এ ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানানো হবে।
বাংলাদেশ ও পাকিস্তানের বেশ কিছু অভিন্ন সমস্যার কথা উল্লেখ করে ড. নাজম আব্বাস বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা, বন্যা, নগর জলাবদ্ধতা ও নগর পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই দেশ অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিকভাবে উপকৃত হতে পারে। এসব বিষয়ে যৌথভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
এদিকে, পাকিস্তানের মহাকাশ গবেষণায় সাম্প্রতিক অগ্রগতির পেছনে চীনের সঙ্গে দেশটির সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত ২৫ নভেম্বর চীনের শেনঝু-২৪ মহাকাশযানে করে প্রথম পাকিস্তানি নভোচারী হিসেবে তিয়ানগং মহাকাশ স্টেশনে পৌঁছান পাকিস্তান বিমানবাহিনীর পাইলট মোহাম্মদ জিশান আলী।
প্রায় ২০০ প্রার্থীর মধ্য থেকে বাছাই এবং সাত মাসের কঠোর প্রশিক্ষণ শেষে পেলোড স্পেশালিস্ট হিসেবে নির্বাচিত হন তিনি। এক সপ্তাহের এ মহাকাশ অভিযানে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষার্থীদের নকশা করা চারটি বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করছেন তিনি।
সবকিছু ঠিক থাকলে আগামী ২ বা ৩ ডিসেম্বর তাঁর পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে।
পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে মহাকাশ গবেষণায় সহযোগিতার এ আগ্রহ বাস্তবায়িত হলে বিজ্ঞান, প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে।





