হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে একটি তেলের ট্যাংকারে আগুন লাগার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। একই সময়ে প্রণালির আকাশে একটি শত্রুপক্ষের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে তেহরান।
রোববার (২৯ নভেম্বর) ভোরে দেওয়া এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, শনাক্তকরণ ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে নিষিদ্ধ এলাকায় প্রবেশের পর একটি ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে আগুন ধরে যাওয়ায় জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
ইরানের নৌবাহিনীর দাবি, তিনটি তেলের ট্যাংকার নিজেদের শনাক্তকরণ ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে হরমুজ প্রণালির পূর্ব পাশে একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল। এ সময় একটি ট্যাংকারে আগুন লাগলে বাকি দুটি জাহাজও পারস্য উপসাগরের দিকে ফিরে যেতে বাধ্য হয়।
বিবৃতিতে ট্যাংকারগুলোর নাম কিংবা এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা জানানো হয়নি। ইরানের নৌবাহিনী আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
এদিকে, শনিবার (২৮ নভেম্বর) দেওয়া আরেক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, পারস্য উপসাগরের জলসীমার আকাশে একটি শত্রু গোয়েন্দা ড্রোনের উপস্থিতি শনাক্ত করা হয়। পরে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেটি ভূপাতিত করা হয়।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত ওই বিবৃতিতে ড্রোনটি কোন দেশের বা সংস্থার ছিল, তা উল্লেখ করা হয়নি। এটি কখন ভূপাতিত করা হয়েছে, সে বিষয়েও বিস্তারিত জানায়নি ইরানের সেনাবাহিনী।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর জবাবে তেহরান ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেয়।
চূড়ান্ত শান্তিচুক্তির পথ তৈরি করতে গত জুনে একটি সমঝোতা স্মারক সই হলেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি।
তথ্যসূত্র: আনাদোলু।
বিএইচ





