পৃথিবীর সংক্ষিপ্ত জীবনে মানুষ অনেক সাফল্য নিজের ঝুড়িতে তোলে। কেউ পার্থিব জীবনের সাফল্যকে গুরুত্ব দেয় আবার কেউ গুরুত্ব দেয় পরকালীন সাফল্যকে। কেউ সম্পদের পাহাড় গড়ে নিজেকে সফল ভাবে আবার কেউ নামাজ-রোজা ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরে নিজেকে সফল মনে করে। সাধারণত সফলতা বলতে আমরা বুঝি গরিব থেকে ধনী হওয়া, কুঁড়েঘর থেকে উঁচু দালান তোলা, নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে সম্পদের পাহাড় গড়া, রিকশাচালকের ছেলে হয়েও বড় ব্যবসায়ী হওয়া, কষ্ট করে পড়াশোনা করার পাশাপাশি চাকরি করা ইত্যাদি।
দুনিয়ায় প্রচলিত যেসব কাজ আছে, এসব কাজে টিকে থাকার নামই হচ্ছে বর্তমান সময়ের সফলতা এবং অনেকে এটাকেই আসল সফলতা হিসেবে মেনে নিচ্ছি। ক্ষণস্থায়ী জীবনের এই সফলতার ভাবনায় যারা মোহগ্রস্ত, তাদের উদ্দেশে পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘পার্থিব দুনিয়ার চাকচিক্যের প্রতি অনুরাগ মানুষকে ক্ষীণদৃষ্টিসম্পন্ন করে ফেলে। এ কারণে পরকাল সম্পর্কে জানা তাদের পক্ষে সম্ভব হয় না। তারা শুধু দুনিয়ার জ্ঞানেই জ্ঞানী।’ (সুরা রুম : ৭)
আসলে মুসলিম নর-নারীর সবচেয়ে বড় সফলতার মানদণ্ড হচ্ছে মহান আল্লাহ তায়ালার ভয় অর্জন করা এবং রাসুল (সা.)-এর আদর্শে আদর্শবান হওয়া। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘যে কেউ আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর আনুগত্য করে, আল্লাহকে ভয় করে এবং তাঁর তাকওয়া অবলম্বন করে, তারাই প্রকৃত সফলকাম’ (সুরা নূর : ৫২)। একজন মুমিন ব্যক্তি সফলতা অর্জন করে নামাজের মাধ্যমে। আল্লাহ বলেন, ‘অবশ্যই মুমিনরা সফল হয়েছে, যারা নিজেদের নামাজে বিনয়াবনত, যারা অনর্থক কথাকর্ম থেকে বিমুখ, যারা জাকাতের ক্ষেত্রে সক্রিয়, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী; তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যার মালিক হয়েছে তারা ছাড়া। নিশ্চয় এতে তারা নিন্দিত হবে না। অতঃপর যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমালঙ্ঘনকারী আরও যারা নিজেদের আমানত ও অঙ্গীকারে যত্নবান, যারা নিজেদের নামাজের হেফাজত করে, তারাই হবে ওয়ারিশÑজান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ, তারা সেখানে চিরকাল থাকবে।’ (সুরা মুমিনুন : ১-১১)
পার্থিব জীবনটাই তো আসলে তুচ্ছ, হজরত জাবের (রা.) বলেন, একদা রাসুলুল্লাহ (সা.) একটি কানকাটা মৃত বকরির বাচ্চার কাছ দিয়ে যাওয়ার সময় বললেন, ‘তোমাদের মধ্যে এমন কে আছে, যে এটাকে এক দিরহামের বিনিময়ে নিতে পছন্দ করবে?’ তারা বললেন, ‘আমরা তো এটাকে কোনো কিছুর বিনিময়েই নিতে পছন্দ করব না।’ তখন তিনি বললেন, ‘আল্লাহর কসম! এটা তোমাদের কাছে যতটুকু তুচ্ছ, আল্লাহর কাছে দুনিয়া এবং তাঁর সম্পদ তার চেয়েও অধিক তুচ্ছ’ (মুসলিম, মিশকাত : ৫১৫৭)। অর্থাৎ যেই ব্যক্তি দুনিয়া এবং তার সম্পদ নিয়ে থাকে, তাকে মহান আল্লাহ তায়ালাও ভালোবাসেন না।
দুনিয়ার জীবন খুবই মায়াবী এবং অল্প সময়ের ক্ষণস্থায়ী একটা পথ। এই পথ পাড়ি দিয়েই যেতে হবে চিরস্থায়ী জীবনে। কেউ জাহান্নামে, কেউ জান্নাতে। কেউ যদি এই মায়াবী পৃথিবীর সফলতা অর্জনের চেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে অধিক মনোযোগী হয়, তা হলে সেটাই হবে মুমিনের সবচেয়ে বড় ও আসল সফলতা।

