কবর জিয়ারত করা একটি সুন্নত আমল। আল্লাহর রাসুল (সা.) ও সাহাবায়ে কেরাম নিয়মিত কবর জিয়ারত করতেন। রাসুল (সা.) বলেন, ‘তোমরা কবর জিয়ারত করো। কেননা তা দুনিয়াবিমুখতা এনে দেয় এবং আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়’ (ইবনে মাজা : ১৫৭১)। কবরস্থানে গেলে প্রথমে কবর জিয়ারতের দোয়া পড়া।
এরপর কবরবাসীর ইসালে সওয়াবের নিয়তে কিছু দরুদ শরিফ, সুরা ইত্যাদি পড়া। মাইয়েতের মাগফিরাতের জন্য দোয়া করা। পবিত্র হাদিসে যেমন কবর জিয়ারতের ক্ষেত্রে কিছু সুরার বিশেষ ফজিলত উল্লেখ করা হয়েছে, তেমনি দরুদ শরিফেরও ফজিলত এসেছে।
তাই দরুদ শরিফ, সুরা ফাতেহা, আয়াতুল কুরসি, সুরা ইখলাস ও যেসব সুরা সহজ মনে হয়, সেগুলো পড়ে ইসালে সওয়াব করা। অনেককে দেখা যায় যে, দোয়া করার সময় কবরের দিকে ফিরেই দোয়া করেন। আবার অনেক লোককে দেখা যায় কেবলামুখী হয়ে দোয়া করেন। কবরের দিকে ফিরে দুই হাত তুলে দোয়া করা ঠিক নয়। সালাম-দরুদ পেশ করা হলে কবর থেকে একটু ঘুরে কেবলামুখী হয়ে দোয়া করা উত্তম। (ফাতহুল বারী : ১১/১৪৮; ফাতাওয়া হিন্দিয়া : ৫/৩৫০)

