ফরজ। নামাজ, রোজা, জাকাতের মতো হজও একটি ফরজে আইন বা অবশ্য পালনীয় ইবাদত।
কুরআন-হাদিসের অসংখ্য স্থানে হজ পালনের আবশ্যকতা, হজ আদায়ের প্রতি উদ্বুদ্ধকরণ, হজের প্রতিদান ও ফজিলতের কথা বিশদভাবে বিবৃত হয়েছে এবং সামর্থ্য থাকা সত্ত্বেও হজ আদায় না করার ওপর কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। হজ কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্ত ও সময়, প্রতিটি স্থান ও অবস্থান আল্লাহর পক্ষ থেকে মুুমিন বান্দাদের ওপর অশেষ নেয়ামতে ভরপুর। সৌভাগ্যের জোয়ারে অবগাহন ও গ্রহণযোগ্যতার কোলে জায়গা করে নেওয়ার সেরা মৌসুম। নিত্যপ্রয়োজনীয় খরচাদি ও আসবাবপত্রের অতিরিক্ত হজে গমন-আগমনের ব্যয় নির্বাহে সক্ষম-এমন ব্যক্তির ওপর জীবনে একবারই হজ ফরজ। ফরজ হজ আদায়ের পর জীবনে যত হজ পালন করা হবে সব নফল হজ হিসেবে গণ্য হবে।
হজ পালনের গুরুত্ব
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ‘মানুষের মধ্যে যারা বায়তুল্লাহে পৌঁছার সামর্থ্য রাখে, তাদের ওপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ। কেউ এটা অস্বীকার করলে আল্লাহ তো বিশ্বজগতের সব মানুষ হতে অমুখাপেক্ষী’ (সুরা আলে ইমরান : ৯৭)। অপর আয়াতে বর্ণিত হয়েছে, ‘মানুষের মধ্যে হজের ঘোষণা দাও। তারা তোমার কাছে আসবে পদযোগে এবং দূরদূরান্তের পথ অতিক্রমকারী উটের পিঠে সওয়ার হয়ে যেগুলো (দীর্ঘ সফরের কারণে) রোগা হয়ে গেছে’ (সুরা হজ : ২৭)। হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, ‘রাসুলুল্লাহ (সা.) একদা আমাদের উদ্দেশে ভাষণ দিলেন। তিনি বললেন-হে লোক সব! আল্লাহ তায়ালা তোমাদের ওপর হজ ফরজ করেছেন। সুতরাং তোমরা হজ করো।’ (মুসলিম : ১৩৩৭)
যথাসময়ে হজ আদায়ের তাগিদ
হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গেই আদায় করা। বিনা ওজরে বিলম্ব করা অনুচিত। বিলম্বের কারণে গুনাহ হবে। এ ছাড়া যেকোনো সময় মানুষের জীবনে অসুখ-বিসুখ, বিপদ, এমনকি মৃত্যুর ডাকও এসে যেতে পারে। এই মহাসৌভাগ্য চিরদিনের জন্য হাতছাড়া হয়ে যেতে পারে। হজ ফরজ হওয়ার পর বিলম্বের কারণে সামর্থ্য হারিয়ে ফেললে বা মৃত্যু হয়ে গেলে আল্লাহর দরবারে ভীষণ অপরাধী হিসেবে হাজির হতে হবে। এ জন্যই হাদিসে যথাসময়ে হজ পালনের তাগিদ দেওয়া হয়েছে। বিশিষ্ট সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি হজ করার ইচ্ছা করেছে, সে যেন তাড়াতাড়ি তা আদায় করে নেয়। কারণ যেকোনো সময় সে অসুস্থ হয়ে যেতে পারে বা বাহনের ব্যবস্থা না থাকতে পারে অথবা অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে পারে’ (আবু দাউদ : ১৭৩২)। অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) ইরশাদ করেন, ‘ফরজ হজ আদায়ে তোমরা বিলম্ব করো না। কারণ তোমাদের কারও জানা নেই তোমাদের পরবর্তী জীবনে কী ঘটবে।’ (মুসনাদে আহমদ : ২৮৬৭)
হজের ফজিলত ও প্রতিদান
যারা হজে যান তারা আল্লাহ তায়ালার বিশেষ মেহমান। হজ পালনকারী ব্যক্তির উচিত আল্লাহর প্রতি পরিপূর্ণ ইশক ও মহব্বত নিয়ে হজের প্রতিটি বিধান যথাযথ পালন করা। সব ধরনের পাপ-পঙ্কিলতামুক্ত থাকা অবশ্য কর্তব্য। আবু হুরায়রা (রা.) বলেন, আমি রসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি আল্লাহর উদ্দেশে হজ করল এবং অশ্লীল কথাবার্তা ও গুনাহ থেকে বিরত থাকল সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসবে যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল’ (বুখারি : ১৫২১)। আবু হুরায়রা (রা.) থেকে আরও বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘এক ওমরাহ আরেক ওমরাহ পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহের ক্ষতিপূরণ। আর মাবরুর হজের (কবুল হজের) প্রতিদান তো জান্নাত ছাড়া আর কিছুই নয়’ (বুখারি : ১৭৭৩)। আবু হুরায়রা (রা.) আরও বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘হজ ও ওমরাহকারীরা যখন দোয়া করে, তাদের দোয়া কবুল করা হয়। তারা যখন কারও জন্য ক্ষমা প্রার্থনা করে তাদের ক্ষমা করা হয়’ ( ইবনে মাজাহ : ২৮৯২)। বুরাইদা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হজের জন্য খরচ করা আল্লাহর রাস্তায় খরচ করার মতোই। যার সওয়াব ৭০০ গুণ বৃদ্ধি পায়।’ (মুসনাদে আহমাদ : ২৩০০০)
হজ পালনে প্রাপ্তি
হজ ফরজ হলে মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিতে চাইলে অবশ্যই হজ করতে হবে। এখানে অন্য কোনো কারণ, লাভ-ক্ষতি খোঁজার সুযোগ নেই। যদি একবার হজ করে থাকেন তা হলে আবার কেন হজ করবেন? হজের কী তাৎপর্য রয়েছে, কী লাভ রয়েছে তা-ই বিবেচ্য বিষয়। পূর্বেই আলোচনা করা হয়েছে-১. মকবুল হজের মাধ্যমে জান্নাত পাওয়া যায় ২. বিগত জীবনের গুনাহ মাফ হয় ৩. নিজের জীবনে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার অভ্যাস গড়ে ওঠে এ হজের মাধ্যমেও ৪. হজের সফরে কাফনের কাপড়ের মতো ইহরামের কাপড় পরিধান করে পরোক্ষভাবে কবরের জন্য প্রস্তুত এ বিষয়টিই জানান দেওয়া হয়। হাজি যেন আখেরাতের পথিক ৫. ইহরাম অবস্থায় ঝগড়া ও পাপাচার থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হয়। অনেক জায়েজ কাজও আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকার কারণে করতে পারে না। এতে আত্মনিয়ন্ত্রণের সবক অর্জন করা যায়।আত্মনিয়ন্ত্রিত ব্যক্তি আখেরাতে তো সফল হবেই, সে পার্থিব জীবনেও সফল হয় ৬. নবী-রাসুল (সা.) যেসব স্থানে হেঁটে বেড়িয়েছেন সেসব স্থানে পথচলা সত্যিই সৌভাগ্যের ব্যাপার ৭. বায়তুল্লাহে এক রাকাত নামাজ পড়লে এক লাখ রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। হজের সফরে মসজিদে হারামে শত শত রাকাত নামাজ আদায়ের মাধ্যমে লাখ কোটি সওয়াব অর্জন করে আখেরাতে নাজাতের পথকে সুগম করা যায়।
হজ পালনে অবহেলা নয়
যদি কেউ এর গুরুত্ব উপলব্ধি করতে না পারে, হজ ফরজ হওয়া সত্ত্বেও অবহেলা করে হজ আদায় না করে, তা হলে আল্লাহর নবী হজরত মুহাম্মাদ (সা.) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হজ পরিত্যাগ করে মারা গেলে আর দেখার বিষয় থাকে না সে কি মুসলিম, নাকি ইহুদি, নাকি খ্রিস্টান? আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘জরুরি প্রয়োজন, জালিম বাদশাহ বা কঠিন রোগ কোনো ব্যক্তিকে বাধাগ্রস্ত না করা সত্ত্বেও হজ ফরজ হওয়ার পর যদি সে ব্যক্তি হজ না করে, তা হলে সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এটা তাঁর ইচ্ছা’ (তিরমিজি : ৮১২)। যার ওপর হজ ফরজ হয়েছে সে যদি হজ অস্বীকার করে তা এড়িয়ে যায়, তা হলে সে অমুসলিম হিসেবে গণ্য হয়। হজ আদায় করার ব্যাপারে আপত্তি নেই, তবে অলসতা কিংবা পার্থিব প্রয়োজনগুলোকে প্রাধান্য দিয়ে যদি হজ করতে দেরি করে তা-ও অমুসলিমদের মতো কাজ করার শামিল বলে গণ্য হবে।
হজ কোনো অঞ্চলভিত্তিক, দেশভিত্তিক উৎসব বা আনুষ্ঠানিকতার নাম নয়। বিশ্ব মুসলিম উম্মাহর একটি গণজমায়েতের নাম হজ। সব সংকীর্ণতা ও সীমাবদ্ধতার ঊর্ধ্বে ওঠে দেশ, জাতি, বর্ণ নির্বিশেষে সর্বজনীন একটি ইবাদত। এখানে নেই কোনো বর্ণবৈষম্য বা বর্ণবাদী কার্যকলাপ। সাদা-কালো, ধনী-গরিব, আমির-ফকির সবার জন্য একই পোশাক। থাকার জায়গাও এক। কার কত ক্ষমতা কার কত সম্পদ এর কোনো প্রতিযোগিতার স্থান এটা নয় বরং কে কত বেশি আল্লাহর আনুগত্য ও গোলামি করতে পারে তারই যেন প্রতিযোগিতা চলে। সবাই তার অপারগতা ও অক্ষমতা তুলে ধরতে ব্যস্ত। কারও দিকে কারও ভ্রূক্ষেপ নেই। সব মুসলমান এক জাতি একই মায়ের সহোদর-এর বাস্তব প্রমাণ উপস্থাপিত হয়। সবাই মানুষ, সবাই আল্লাহর গোলাম-এটাই তাদের পরিচয়। সবার কণ্ঠে আল্লাহর বড়ত্ব উচ্চারিত হতে থাকে। দৃষ্টি থাকে কাবার দিকে, জয়গান শুধু আল্লাহর, অন্য কারও নয়। এবার যারা পবিত্র হজ পালনে সমবেত হয়েছেন, সবার হজ মহান আল্লাহ তায়ালা কবুল করুন এবং আগামীতে অন্যদেরও হজ পালনের সৌভাগ্য দান করুন।

