আগামী বৃহস্পতিবার সারা দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা মুসলিম জাতির অন্যতম ধর্মীয় উৎসব। ঈদের দিন মুমিন-মুসলিমরা আনন্দ উদযাপন করে থাকেন।
পরিবার-পরিজনের সঙ্গে খুশি ভাগাভাগি করেন। উচ্ছ্বাস প্রকাশের মধ্য দিয়ে মেতে ওঠেন অনাবিল আনন্দে। প্রায় সাড়ে ১৪শ বছর পূর্ব থেকে এ উৎসব পালন করে আসছে বিশ্ব মুসলিম সমাজ।
হাদিসে বর্ণিত, রাসুল (সা.) হিজরত করে মদিনায় এসে দেখেন সেখানকার অধিবাসীরা বছরে দুদিন উৎসব পালন করে। সেই উৎসব সম্পর্কে নবীজি (সা.) জানতে চাইলে তারা জানায়, ‘জাহেলি যুগ থেকে আমরা এ দুদিন উৎসব পালন করে আসছি।’ পরে রাসুল (সা.) বলেন, ‘আল্লাহ তায়ালা তোমাদের এই দুদিনের বদলে আরও উত্তম দুদিন দিয়েছেন উৎসবের জন্য। সে দুদিন হলো-ঈদুল ফিতর ও ঈদুল আজহা’ (আবু দাউদ : ১/১৬১)। সেদিনের পর থেকে মুসলিম জাতি বছরে দুটি ঈদ-উৎসব পালন করে আসছে স্বমহিমায়, সগৌরবে।
ঈদ যেমন আনন্দের, তেমনি ইবাদতেরও। আর ঈদুল আজহার সবচেয়ে বড় ইবাদত আল্লাহর নামে পশু কুরবানি করা। মুসলিম সামর্থ্যবান ব্যক্তির পক্ষে ঈদুল আজহার সময় পশু কুরবানি করা ওয়াজিব। মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম (আ.)-এর অসীম ত্যাগকে সমুন্নত করতে এ বিধান পালনের কথা জানিয়েছেন নবী মুহাম্মাদ (সা.)। অবশ্য কুরবানি কেবল নবী মুহাম্মাদের উম্মতের জন্য নয়, যুগে যুগে সব শরিয়তেই বিদ্যমান ছিল এ বিধান। মানবসভ্যতার সুদীর্ঘ ইতিহাসে প্রমাণিত যে, পৃথিবীর সব জাতি ও সম্প্রদায় কোনো না কোনোভাবে আল্লাহর দরবারে তার প্রিয় বস্তু উৎসর্গ করতেন। উদ্দেশ্য একটাই-আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন। কুরআনে আল্লাহ বলেন, ‘আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির এক বিশেষ রীতি-পদ্ধতি নির্ধারণ করে দিয়েছি, যেন তারা ওইসব পশুর ওপর আল্লাহর নাম নিতে পারে, যা আল্লাহ তাদের দান করেছেন।’ (সুরা হজ : আয়াত ৩৪)
কুরবানির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন-বান্দা কতটুকু ত্যাগ স্বীকার করতে পারে তার রবের জন্য। একই সঙ্গে ঈদের সময় সামর্থ্যবান বান্দার সম্পদ থেকে পশু কুরবানি করিয়ে-গরিবের ঘরেও আনন্দ বিলানোর ব্যবস্থা করেন তিনি। তাই তো বিধান হয়েছে-কুরবানির গোশত মালিক একা খাবেন না, পাড়া-প্রতিবেশী অসহায়-গরিবকেও দিতে হবে। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) কুরবানির গোশত তিন ভাগে বণ্টন করতেন। এক ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, এক ভাগ প্রতিবেশীদের হাদিয়া দিতেন এবং এক ভাগ দরিদ্রদের দিতেন। এভাবেই কুরবানি মুসলিম সমাজে উদ্যমতা তৈরি করে। ধনী-গরিবের পার্থক্য মিটিয়ে সবাইকে এক কাতারে নিয়ে আসে। ঈদের খুশিতে আন্দোলিত করে তোলে সমাজের সর্বস্তরের মানুষকে।
কুরবানি মূলত ত্যাগের পরীক্ষা। এর মাধ্যমে আল্লাহ তাঁর বান্দার অন্তর পরিশুদ্ধ করে থাকেন। তাই তো ঘোষণা হয়েছে-যেন খাঁটি অন্তরে কেবল আল্লাহর জন্যই পশু জবাই করা হয়। নবী (সা.) বলেন, ‘নিশ্চয় আল্লাহ তায়ালা দেখেন না তোমাদের মালদৌলত, দেখেন না তোমাদের বেশভূষা, দেখেন শুধুই তোমাদের অন্তর আর আমলের পরিশুদ্ধতা’ (মুসলিম : ২৫৬৪)।অ
ন্য হাদিসে এসেছে, হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘কুরবানির দিনের আমলের মধ্যে কুরবানি করার চেয়ে অন্য কোনো আমল আল্লাহ তায়ালার কাছে অধিক প্রিয় নয়। কেয়ামতের দিন কুরবানির এই পশুকে তার শিং, পশম ও খুরসহ সবকিছু উপস্থিত করা হবে। আর কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তায়ালার কাছে (কুরবানি) কবুল হয়ে যায়। সুতরাং তোমরা সন্তুষ্টচিত্তে কুরবানি করো’ (তিরমিজি : ১৪৯৩)। আল্লাহ তায়ালা বলেন, ‘আল্লাহর কাছে না পৌঁছে তাদের গোশত, আর না তাদের রক্ত, বরং তাঁর কাছে তোমাদের তাকওয়াই পৌঁছে’ (সুরা হজ : ৩৭)। তাই কোনো বান্দা যদি লোক-দেখানো কিংবা গর্ববোধ করার জন্য বড় অঙ্কের টাকায় কেনা কুরবানি দেয়, এতে তার সওয়াবের পরিবর্তে গুনাহের পাল্লা আরও ভারী হবে।
পরিশুদ্ধ নিয়তে কুরবানির অনেক ফজিলত রয়েছে। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত রাসুলে আকরাম (সা.) ইরশাদ করেছেন, ‘কুরবানির দিন রক্ত প্রবাহিত করা তথা কুরবানি করা থেকে কোনো আমলই আল্লাহর কাছে অধিক প্রিয় নয়। নিশ্চয়ই কুরবানির পশু কেয়ামতের দিন তার শিং, চুল ও খুরসহ উপস্থিত হবে। আর কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে পৌঁছে যায়। সুতরাং তা দ্বারা নিজেকে সুবাসিত ও সুরভিত করো’ (তিরমিজি :১/২৭৫)। অন্য বর্ণনায় আছে, কুরবানিকারীদের জন্য কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে সওয়াব হবে। (তিরমিজি : ১/২৭৫; মুসনাদে আহমাদ : ১৮৮৫৭; ইবনে মাজাহ : ৩১২৬)।
ঈদুল আজহায় কুরবানি করা ছাড়াও বেশ কিছু করণীয় রয়েছে। যেমন-
ঈদের দিন গোসল : ঈদের দিন সকাল সকাল গোসল করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অর্জন করা। কারণ এ দিনে নামাজ আদায়ের জন্য মুসলমানরা ঈদগাহে একত্র হয়ে থাকে। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ঈদের নামাজে যাওয়ার আগে গোসল করতেন। (মুয়াত্তা ইমাম মালিক)
উত্তম পোশাক ও সাজসজ্জা : ঈদে উত্তম জামাকাপড় পরিধান করে ঈদ উদযাপন করা। ইবনুল কায়্যিম (রহ.) বলেন, ‘নবী করিম (সা.) দুই ঈদেই ঈদগাহে যাওয়ার আগে সর্বোত্তম পোশাক পরিধান করতেন’ (জাদুল মায়াদ)। সামর্থ্য থাকলে নতুন পোশাক পরবে, অন্যথায় নিজের পরিষ্কার উত্তম পোশাক পরবে। হজরত নাফে (রহ.) বর্ণনা করেন, হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) ঈদের দিন উত্তমভাবে গোসল করতেন, সুগন্ধি থাকলে তা ব্যবহার করতেন, নিজের সর্বোত্তম পোশাক পরিধান করতেন। অতঃপর নামাজে যেতেন। (শরহুস সুন্নাহ : ৪/৩০২)
ঈদগাহে যাওয়া : ঈদগাহে এক পথ দিয়ে যাওয়া ও অন্য পথ দিয়ে ফেরা সুন্নত (বুখারি : হাদিস ৯৮৬)। সম্ভব হলে ঈদগাহে হেঁটে যাওয়াও সুন্নত। (ইবনে মাজা : হাদিস ১০৭১)
ঈদের নামাজ আদায় : ঈদের দিন সকালে পুরুষদের জন্য ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। বিশেষ পদ্ধতিতে অতিরিক্ত তাকবিরসহ জামাতে দুই রাকাত নামাজ আদায় করা এবং তারপর ঈদের খুতবা দেওয়া ও শ্রবণ করা। ঈদের নামাজ খোলা ময়দানে আদায় করা উত্তম।
ঈদের শুভেচ্ছা বিনিময় : ঈদে পরস্পরকে শুভেচ্ছা জানানো শরিয়ত অনুমোদিত একটি বিষয়। বিভিন্ন বাক্য দ্বারা এ শুভেচ্ছা বিনিময় করা যায়। যেমন-১. হাফেজ ইবনে হাজার (রহ.) বলেছেন, সাহাবায়ে কেরামরা ঈদের দিন সাক্ষাৎকালে একে অপরকে বলতেন-‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা’ অর্থ-আল্লাহ তায়ালা আমাদের ও আপনার ভালো কাজগুলো কবুল করুন। ২. ঈদ মোবারক ইনশাআল্লাহ। ৩. ‘ঈদুকুম সাঈদ’ বলেও ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়।
ঈদের তাকবির পাঠ : তাকবির পাঠের মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করা হয়। তাকবির হলো-‘আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।’ বাক্যটি উঁচুস্বরে পড়া। পুরুষরা এ তাকবির উঁচু আওয়াজে পাঠ করবে, মেয়েরা নীরবে। এ তাকবির জিলহজ মাসের ৯ তারিখ ফজরের নামাজের পর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করা ওয়াজিব। (ফাতহুল বারি : ২/৫৮৯)
ঈদে খাবার গ্রহণ : ঈদুল আজহার দিন ঈদের নামাজের আগে কিছু না খেয়ে নামাজ আদায়ের পর কুরবানির গোশত খাওয়া সুন্নত। বুরাইদা (রা.) থেকে বর্ণিত, ‘নবী করিম (সা.) ঈদুল ফিতরের দিন না খেয়ে বের হতেন না, আর ঈদুল আজহার দিন ঈদের নামাজের আগে খেতেন না।’ (তিরমিজি : ৫৪৫)
এতিম ও অভাবীকে খাওয়ানো : ঈদের দিন এতিমের খোঁজখবর নেওয়া, তাদের খাবার খাওয়ানো এবং সম্ভব হলে তাদের নতুন কাপড়ের ব্যবস্থা করে দেওয়া। এটা ঈমানদারদের অন্যতম বৈশিষ্ট্য। আল কুরআনে বলা হয়েছে, ‘তারা খাদ্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মিসকিন, এতিম ও বন্দিকে খাদ্য দান করে।’ (সুরা দাহার : ৮)
আত্মীয়স্বজন ও প্রতিবেশীর খোঁজ নেওয়া : ঈদের সময় আত্মীয়স্বজনের খোঁজখবর নেওয়া ও তাদের বাড়িতে বেড়াতে যাওয়া। পাশাপাশি প্রতিবেশীরও খোঁজখবর নেওয়া। কুরআনে বলা হয়েছে, ‘তোমরা ইবাদত করো আল্লাহর, তাঁর সঙ্গে কোনো কিছুকে শরিক করো না।
আর সদ্ব্যবহার করো মাতাপিতার সঙ্গে, নিকটাত্মীয়ের সঙ্গে, এতিম-মিসকিন, প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাসদাসীদের সঙ্গে। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না তাদের-যারা দাম্ভিক, অহংকারী।’ (সুরা নিসা : ৩৬)
পরিবেশ পরিচ্ছন্ন রাখা : ঈদুল আজহায় পশুর রক্ত, আবর্জনা ও হাড় থেকে যেন পরিবেশ দূষিত না হয়, সেদিকে প্রত্যেকের সতর্ক হওয়া উচিত। কুরবানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রক্ত, আবর্জনা ও হাড় নিরাপদ দূরত্বে নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হবে। বেশিরভাগ লোকই নিজস্ব জায়গায় পশু জবাই করে। এতে অলিগলিতে বর্জ্য যেমন পড়ে, তেমনি রক্ত পড়ে দূষিত হয় পরিবেশ, চলাচলের অনুপযোগী হয় রাস্তাঘাট। তাই ঈদুল আজহায় পশুর রক্ত, আবর্জনা পরিষ্কারে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগতভাবেও উদ্যোগ গ্রহণ করতে হবে। আল্লাহ তায়ালা আমাদের ঈদ ও কুরবানিকে কবুল করুন,আমিন।

