কুরবানি অর্থ নৈকট্য লাভ করা। শরিয়তের পরিভাষায় কুরবানি বলা হয়, আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায় এবং দুনিয়ায় বান্দার ওপর আরোপিত বিধান থেকে কুরবানি করার মাধ্যমে নিষ্কৃতি লাভ করা।
কুরবানির প্রধান উদ্দেশ্য হলো, আল্লাহর প্রতি তাঁর বান্দার আনুগত্য ও তাকওয়া। কুরবানির বিধান দেওয়া হয়েছে, যাতে করে বান্দা কুরবানির সময় বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করে এবং অন্তরে এ কথা বদ্ধমূল করে নেয় যে, তিনিই আমাদের রব এবং রিজিকদাতা।
জুরাইজ (রহ.) বর্ণনা করেন, জাহেলি যুগে লোকেরা তাদের উৎসর্গকৃত পশুর গোশত নিজেরা খাওয়ার জন্য রেখে দিত এবং ওর রক্ত ঘরে ছিটিয়ে দিত। এ কথা শুনে সাহাবি (রা.) বললেন, তাদের চেয়ে আমাদেরই এরূপ করার অধিকার বেশি। তখন আল্লাহ তায়ালা নাজিল করলেন, আল্লাহর কাছে পৌঁছে না ওসব প্রাণীর গোশত এবং রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া’ (সুরা হজ : ৩৭)। অর্থাৎ আমাদের জবাইকৃত পশুর গোশত কিংবা রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না বরং আমাদের অন্তরে কী আছে সেটা আল্লাহর কাছে পৌঁছে। তাই এ ক্ষেত্রে আমাদের উচিত হলো নিয়ত বিশুদ্ধ রাখা।
কুরবানি কি সুন্নত নাকি ওয়াজিব? এ বিষয়ে মুজতাহিদ ফকিহদের মাঝে দুটো মত রয়েছে।
প্রথম মত : সামর্থ্যবান ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব। ইমাম আওযায়ি, ইমাম লাইস, ইমাম আবু হানিফা (রহ.) প্রমুখের মত এটা। আর এর ওপরই হানাফী মাজহাবের ফতোয়া। আর ইমাম মালিক ও ইমাম আহমদের মতেও কুরবানি ওয়াজিব। ইমাম ইবনে তাইমিয়া (রহ.) এর মতেও কুরবানি করা ওয়াজিব।
দ্বিতীয় মত : কুরবানি সুন্নাতে মুয়াক্কাদা বা অত্যন্ত তাকিদপূর্ণ সুন্নাহ। এটা ইমাম শাফেয়ী, ইমাম আহমদ, ইবনে কুদামা, ইবনে হাযম রহিমাহুমুল্লাহ প্রমুখসহ একদল ফকীহদের মত। আর এক বর্ণনা অনুযায়ী ইমাম মালিকের মতেও সুন্নতে মুয়াক্কাদাহ।
কিন্তু এ মতের প্রবক্তারা আবার বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি পরিত্যাগ করা মাকরুহ। যদি কোনো জনপদের লোকেরা সামর্থ্য হওয়া সত্ত্বেও সম্মিলিতভাবে কুরবানি পরিত্যাগ করে তবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে। কেননা কুরবানি হলো ইসলামের একটি শিয়ার বা বৃহৎ নিদর্শন। (আহকামুল উদহিয়্যাহ, পৃ.২১৪)
কিন্তু বাস্তবিক পক্ষে এ ব্যাপারে মুসলিম উম্মাহ একমত যে, কুরবানির দিনগুলোতে যথাসম্ভব কুরবানি করা জরুরি এবং এর সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না দেওয়া অন্যায়। কেননা নবী করিম (সা.) এর ভাষ্যমতে কুরবানির দিনগুলোতে কুরবানির রক্ত প্রবাহের চেয়ে আল্লাহ তায়ালার কাছে অধিক প্রিয় কোনো আমল নেই।
কুরবানির পশু হতে হবে সুস্থ এবং মোটাতাজা। পাশাপাশি গায়ের রং হবে কালো বা ধূসর। অন্যগুলো দিয়েও কুরবানি হবে অবশ্যই। তবে রাসুল (সা.) নিজে কালো বা ধূসর বর্ণের প্রাণী জবাই করেছেন। হজরত আবু সাইদ খুদরি (রা.) বলেন, ‘রাসুল (সা.) এমন শিংবিশিষ্ট মোটাতাজা দুম্বা কুরবানি করেছেন, যার চোখ, মুখ ও পা কালো বর্ণের ছিল’ (আবু দাউদ : ২৭৯৬)। কুরবানি সম্পর্কে কুরআনের নির্দেশনা, ‘তোমার রবের উদ্দেশে সালাত আদায় করো এবং কুরবানি করো’ (সুরা কাউসার : ২)।
এখানে সালাত দ্বারা ঈদুল আজহার সালাত বোঝায় এবং ‘নহর’ অর্থ কুরবানির পশু জবাই করা।

