ইসলাম শালীনতা, নির্মলতা, পরিচ্ছন্নতা ও পূত-পবিত্রতার ধর্ম। এই ধর্মে অবাধ যৌনতা, নগ্নতা, অশ্লীলতা, জঘন্যতা, বেহায়াপনা ও বেলেল্লাপনার কোনো স্থান নেই। ইসলাম কুৎসিত, কুরুচিপূর্ণ, অশালীন ও জঘন্য সব অপকর্ম ও কুকর্মকে হারাম ঘোষণা করেছে।
দৃশ্যমান ও অদৃশ্যমান সর্বপ্রকার নির্লজ্জতা, অশ্লীলতা ও বেহায়াপনাকে নিষেধ করে দিয়েছে। মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘আপনি বলে দিন, আমার পালনকর্তা কেবল অশ্লীল বিষয়গুলো হারাম করেছেন যা প্রকাশ্য ও অপ্রকাশ্য’ (সুরা আরাফ : ৩৩)। যদি কোনো ব্যক্তি আগুনের কাছে যায়, তা হলে তার আগুনের তাপে দগ্ধ হওয়ার ভয় থাকে। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি অশ্লীলতার উপায় উপকরণের কাছে যায়, তা হলে তার অশ্লীলতায় লিপ্ত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। তাই মানুষ যেন অশ্লীলতা থেকে সহজে বাঁচতে পারে, তাই মহান আল্লাহ অশ্লীলতার উপায় উপকরণকেও বর্জন করার নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ বলেন, ‘তোমরা অশ্লীলতার কাছেও যেয়ো না, প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য।’ (সুরা আনআম : ১৫১)
ব্যভিচার করা : আগুনের সংস্পর্শে মোম যেমন গলে যায়, ঠিক তেমনি প্রাপ্তবয়স্ক নর যদি পরনারীর কাছে এবং প্রাপ্তবয়স্ক নারী যদি পরপুরুষের কাছে যায়, তা হলে তারও গলে যাওয়ার তথা আকৃষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। আর একে অন্যের প্রতি দুর্বল হওয়া স্বাভাবিক। এ জন্য তারা যদি একে অন্যের কাছে অবাধে ও পর্দাহীনভাবে গমনাগমন করে, তা হলে ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য মহান আল্লাহ ব্যভিচারের পথ রুদ্ধ করার নিমিত্তে পরনারীর কাছে পরপুরুষ এবং পরপুরুষের কাছে পরনারী গমন করতে নিষেধ করে দিয়েছেন।
আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয় এটা অশ্লীল কাজ ও মন্দ পথ’ (সুরা বনি ইসরাইল : ৩২)। ব্যভিচারের দিকে নিয়ে যায় এমন ছোট ছোট পদক্ষেপগুলোও ব্যভিচার বলে গণ্য। ব্যভিচার করার পূর্বে ব্যভিচারকারী পুরুষ ও ব্যভিচারকারী নারী একজন আরেকজনের দিকে তাকায়।
একজন অন্যজনের কথা শুনে। একজন আরেকজনের সঙ্গে প্রেমালাপ করে। একজন আরেকজনকে স্পর্শ করে। একজন অন্যজনের দিকে এগিয়ে যায়। এভাবে ব্যভিচারের পূর্বে ব্যভিচারের সহায়ক পদক্ষেপগুলোও ব্যভিচার বলে গণ্য। রাসুল (সা.) বলেন, ‘আদম সন্তানের ওপর ব্যভিচারের যে অংশ লিখিত রয়েছে তা অবশ্যই সে প্রাপ্ত হবে। নিঃসন্দেহে দুই চোখের ব্যভিচার হলো তাকানো, দুই কানের ব্যভিচার হলো শোনা, জিহ্বার ব্যভিচার হলো কথোপকথন করা, হাতের ব্যভিচার হলো শক্ত করে ধরা, পায়ের ব্যভিচার হলো হেঁটে যাওয়া, হৃদয়ের ব্যভিচার হচ্ছে কামনা-বাসনা করা। আর লজ্জাস্থান তা বাস্তবায়ন করে বা পরিহার করে।’ (মুসলিম : ৬৬৪৭)
সমকামিতায় লিপ্ত হওয়া : পুরুষের সঙ্গে পুরুষ এবং নারীর সঙ্গে নারী নিজের যৌন চাহিদা চরিতার্থ করার নাম সমকাম। সমকাম এমন অশিষ্ট, জঘন্য, কুৎসিত, কুরুচিপূর্ণ ও কুকর্ম যে, জন্তু-জানোয়ারদের মধ্যেও সমশ্রেণির সঙ্গে যৌন চাহিদা চরিতার্থ করার অভ্যাস নেই। ইসলাম অত্যন্ত কঠোর ভাষায় স্বভাববহির্ভূত বিকৃত যৌনাচার সমকামকে হারাম ঘোষণা করেছে। মানবজাতির মধ্যে সর্বপ্রথম হজরত লুত (আ.)-এর সম্প্রদায় এই কুকর্মে লিপ্ত হয়েছিল। ব্যাপকভাবে সমকামিতায় লিপ্ত হওয়ার দরুন তাদের জনপদকে উল্টে দিয়ে অপরাধীদের ধ্বংস করা হয়েছিল। আজও যদি কোনো পুরুষ অন্য কোনো পুরুষের সঙ্গে কিংবা কোনো নারী অন্য কোনো নারীর সঙ্গে সমকামিতায় লিপ্ত হয়, তা হলে তাদের খোদায়ি গজবের সম্মুখীন হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা কাউকে যদি লুত সম্প্রদায়ের মতোই কুকর্মে লিপ্ত দেখতে পাও, তা হলে কর্তা ও যার সঙ্গে করা হয়েছে তাদের উভয়কে মৃত্যুদণ্ড দেবে’ (আবু দাউদ : ৪৪৬২)। সমকামের দিকে এগিয়ে নিতে পারে এমন পদক্ষেপকেও নিষেধ করা হয়েছে হাদিসে। রাসুল (সা.) বলেন, ‘কোনো পুরুষ অন্য পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না এবং কোনো মহিলা অন্য মহিলার লজ্জাস্থানের দিকে তাকাবে না; কোনো পুরুষ অন্য পুরুষের সঙ্গে এক কাপড়ের নিচে (উলঙ্গ অবস্থায়) ঘুমাবে না এবং কোনো মহিলা অন্য মহিলার সঙ্গে একই কাপড়ের নিচে ঘুমাবে না।’ (মুসলিম : ৬৫৫)
পুংমৈথুন করা : পুংমৈথুন অত্যন্ত নোংরা, গর্হিত, কদর্য ও কুরুচিপূর্ণ কাজ। সুস্থ রুচিবোধসম্পন্ন কোনো ব্যক্তি পুংমৈথুনে লিপ্ত হতে পারে না। ইসলাম পুংমৈথুনকে হারাম করেছে। রাসুল (সা.) পুংমৈথুনকারী ব্যক্তিকে অভিশপ্ত বলে আখ্যায়িত করে বলেন, ‘যে ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে মলদ্বারে সঙ্গম করে সে অভিশপ্ত’ (আবু দাউদ : ২১৬২)। যদি কোনো ব্যক্তি রাজাধিরাজ আল্লাহর রহমতের দৃষ্টি কামনা করে, তা হলে তাকে স্ত্রীর পেছনের রাস্তা দিয়ে রতিক্রিয়া সম্পাদন করা হতে বিরত থাকতে হবে। কারণ রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি তার স্ত্রীর মলদ্বারে সঙ্গম করে, আল্লাহ তার দিকে দয়ার দৃষ্টিতে তাকান না।’ (ইবনে মাজা : ১৯২৩)
হস্তমৈথুন করা : হস্তমৈথুন করা জায়েজ কি না এ ব্যাপারে ফিকহশাস্ত্রবিদগণের মধ্যে বিতর্ক রয়েছে। ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকা অবস্থায় কোনো কোনো আলেম হস্তমৈথুন করাকে জায়েজ বলে আখ্যা দিয়েছেন। অবশ্য হানাফি মাজহাবের অধিকাংশ আলেম এবং শাফেয়ি ও মালেকি মাজহাবের সব আলেম এ বিষয়ে একমত যে, ইসলামের দৃষ্টিতে হস্তমৈথুন করা নাজায়েজ ও হারাম। একটি দুর্বল হাদিসে হস্তমৈথুনকারীকে অভিশপ্ত বলে আখ্যায়িত করা হয়েছে। তা ছাড়া কুরআনে সহধর্মিণী ও মালিকানাধীন দাসী ছাড়া অন্য কোনো পন্থায় রতিক্রিয়া সম্পন্ন করলে তিরস্কৃত হওয়ার হুঁশিয়ার বাণী উচ্চারণ করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘
আর যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না।’ (সুরা মুমিনুন : ৫-৬)
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইসলামবাগ
চকবাজার, ঢাকা

