যুক্তরাষ্ট্রের ওহাইওর এক দম্পতি সম্প্রতি এক অনন্য ঘটনার জন্ম দিয়েছেন। ৩১ বছর ধরে হিমায়িত অবস্থায় থাকা একটি ভ্রূণ থেকে তাঁদের সন্তান হয়েছে, যা মানব ইতিহাসে একটি নতুন বিশ্ব রেকর্ড।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র খবর অনুযায়ী, ৩৫ বছর বয়সী লিন্ডসে এবং ৩৪ বছর বয়সী টিম পিয়ার্স দম্পতির সন্তান থ্যাডেউস ড্যানিয়েল পিয়ার্সের জন্ম হয়েছে জুলাই মাসের শেষের দিকে। শিশুর মা লিন্ডসে এমআইটি টেকনোলজি রিভিউ জার্নালকে জানিয়েছেন, তাঁদের পরিবার এই বিষয়টিকে এখনো ‘সম্পূর্ণ সাই-ফাই সিনেমার মতো মনে করছে।’
গবেষকরা বলছেন, এত দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা ভ্রূণ থেকে সফলভাবে শিশুর জন্ম হওয়ার ঘটনা এটিই প্রথম। এর আগে ১৯৯২ সালে সংরক্ষিত ভ্রূণ থেকে ২০২২ সালে যমজ শিশুর জন্ম হয়েছিল।
লিন্ডসে ও টিম পিয়ার্স দম্পতি গত সাত বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছিলেন। পরে তাঁরা লিন্ডা আর্চার্ড নামের ৬২ বছর বয়সী এক নারীর কাছ থেকে ভ্রূণ ধার করার সিদ্ধান্ত নেন। লিন্ডা ও তাঁর তৎকালীন স্বামী ১৯৯৪ সালে আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতির মাধ্যমে মোট চারটি ভ্রূণ তৈরি করেছিলেন। এর মধ্যে একটি থেকে তাঁর ৩০ বছর বয়সী মেয়ের জন্ম হয় এবং বাকি তিনটি তিনি সংরক্ষণ করেন।
পরে লিন্ডা এই ভ্রূণগুলো গবেষণা ও অন্য একটি পরিবারকে দান করার সিদ্ধান্ত নেন। তিনি নাইটলাইট ক্রিশ্চিয়ান অ্যাডপশন নামে একটি ভ্রূণ দত্তক সংস্থার ‘স্নোফ্লেক্স’ প্রোগ্রামে অংশ নেন। এই কর্মসূচির মাধ্যমে দাতারা নিজেদের পছন্দসই দম্পতিকে বেছে নিতে পারেন। লিন্ডা বলেন, তিনি এমন একটি শ্বেতাঙ্গ খ্রিষ্টান দম্পতি খুঁজছিলেন, যারা যুক্তরাষ্ট্রে বসবাস করে। অবশেষে তিনি পিয়ার্স দম্পতিকে খুঁজে পান।
টেনেসির রিজয়েস ফার্টিলিটি আইভিএফ ক্লিনিকে এই দম্পতির পুরো গর্ভধারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ক্লিনিকের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের মূল লক্ষ্য ছিল যেকোনো ভ্রূণ সফলভাবে স্থানান্তর করা, ভ্রূণের বয়স বা অবস্থা যাই হোক না কেন।
লিন্ডসে বলেন, তাঁরা কোনো রেকর্ড ভাঙার জন্য এই পথে আসেননি, শুধু একটি সন্তান চেয়েছিলেন। লিন্ডা আর্চার্ড এখনো শিশুটিকে সরাসরি দেখেননি, তবে তার ছবির সঙ্গে নিজের মেয়ের চেহারার মিল খুঁজে পেয়েছেন।

