সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস বা ভিডিও দেখেই মোটা অঙ্কের আয় করার দারুণ এক সুযোগ নিয়ে এসেছে ভারতের একটি প্রতিষ্ঠান। রাজস্থান রাজ্যের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ‘ইনফ্লুইশ’ এ ব্যতিক্রমী নিয়োগের উদ্যোগ নিয়েছে। দীপাবলি উপলক্ষে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে তারা এই অদ্ভুত অথচ আকর্ষণীয় চাকরির ঘোষণা দেয়।
প্রতিষ্ঠানটির ভাষ্য, যারা ইনস্টাগ্রাম স্ক্রোল করতে ভালোবাসেন, মূলত তাদের এই অভ্যস্ততাকে আয়ের সুযোগে রূপান্তর করাই এই অভিনব উদ্যোগের মূল লক্ষ্য।
ভাইরাল ভিডিওতে প্রতিষ্ঠানের কর্মীরা জানিয়েছেন, তারা এমন একজন ‘ডুমস্ক্রোলার’ খুঁজছেন যিনি ইনস্টাগ্রামে দীর্ঘ সময় কাটাতে ভালোবাসেন। নির্বাচিত প্রার্থীর মূল কাজ হবে সারাদিন প্ল্যাটফর্মটিতে রিলস দেখা, কোন ধরনের কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি জনপ্রিয়তা পাচ্ছে বা ভাইরাল হচ্ছে তা নিখুঁতভাবে শনাক্ত করা এবং সেই তথ্য সময়মতো প্রতিষ্ঠানকে জানানো।
আবেদনের নিয়মাবলী
এই পদে আগ্রহীদের আবেদন করতে হবে ইনস্টাগ্রামের ‘গ্যাংসঅবস্টার্টআপ’ অ্যাকাউন্টের মাধ্যমে।
অ্যাকাউন্টটির বায়োতে দেওয়া গুগল ফরমের লিংকে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন ফরমে প্রার্থীর নাম, ফোন নম্বর ও ঠিকানা দেওয়ার পাশাপাশি পূর্ণকালীন চাকরি নাকি ইন্টার্নশিপ—তা উল্লেখ করতে হবে।
এছাড়া বর্তমান ও প্রত্যাশিত বেতনের তথ্য এবং জীবনবৃত্তান্ত (সিভি) আপলোড করতে হবে।
বিজ্ঞপ্তির কমেন্ট বক্সে ‘হাই’ লিখতে বলা হয়েছে আগ্রহীদের। এছাড়া উদয়পুরে বসবাসকারীরা সরাসরি ডিরেক্ট মেসেজ বা ডিএম-এর মাধ্যমেও ফরমের লিংক সংগ্রহ করতে পারবেন।
গত ৪ নভেম্বর ইনস্টাগ্রামে প্রকাশিত এই নিয়োগসংক্রান্ত ভিডিওটি ইতোমধ্যে তিন লাখের বেশিবার দেখা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, চাকরির খবর প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া মিলেছে এবং ১১ হাজারের বেশি মানুষ আবেদন ফরম চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।
ডিআর

