মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। সাত বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হবে। মিয়ানমারকে রাষ্ট্র হিসেবে গণহত্যার দায়ে অভিযুক্ত করা হলে তা আন্তর্জাতিক আইনের ইতিহাসে গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।
২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর ব্যাপক সামরিক অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। ওই অভিযানে হত্যা, নির্যাতন, ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। প্রাণ বাঁচাতে কয়েক মাসের মধ্যে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘের অনুসন্ধানী দল ও বিভিন্ন মানবাধিকার সংস্থা এসব নির্যাতনের ঘটনা নথিভুক্ত করে।
২০১৮ সালে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, রাখাইনে নিরাপত্তা হুমকির তুলনায় মিয়ানমার সেনাবাহিনীর অভিযান ছিল চরম মাত্রায় অসামঞ্জস্যপূর্ণ। এতে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তদন্তের সুপারিশ করা হয়। তবে মিয়ানমার সরকার ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে।
রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও বাস্তুচ্যুতির ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকার করতে বরাবরই অস্বীকৃতি জানিয়ে আসছে মিয়ানমার। দেশটির দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ডের জবাব দিতে সেনাবাহিনী ‘ক্লিয়ারেন্স অপারেশন’ পরিচালনা করেছিল।
এ পরিস্থিতিতে ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। মামলায় রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের জন্য রাষ্ট্র হিসেবে মিয়ানমারকে দায়ী করা হয়। গাম্বিয়ার যুক্তি, গণহত্যা সনদে স্বাক্ষরকারী প্রতিটি রাষ্ট্রেরই সনদটি বাস্তবায়ন নিশ্চিত করার আইনি স্বার্থ রয়েছে। তাই সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের মামলা করতে পারে।
প্রথম দিকে গাম্বিয়ার মামলা করার অধিকার নিয়ে আপত্তি তোলে মিয়ানমার। তবে আইসিজে গাম্বিয়ার মামলাটি গ্রহণযোগ্য বলে সিদ্ধান্ত দেয়।
মামলাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়, যখন মিয়ানমারের তৎকালীন বেসামরিক সরকারের প্রধান ও নোবেলজয়ী অং সান সু চি নেদারল্যান্ডসের দ্য হেগে গিয়ে নিজ দেশের পক্ষে আইনি লড়াইয়ে নেতৃত্ব দেন। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় সেনাবাহিনীর ভূমিকার নিন্দা না করায় আন্তর্জাতিক মহলে সমালোচিত হন তিনি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর জান্তা সরকারের মনোনীত নতুন আইনজীবী দল মামলাটি পরিচালনা করছে।
আন্তর্জাতিক আইনে গণহত্যার অভিযোগ প্রমাণ করা বেশ কঠিন। শুধু হত্যা, নির্যাতন কিংবা বাস্তুচ্যুতির প্রমাণ দিলেই হয় না; কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য ছিল, সেটিও প্রমাণ করতে হয়।
এর আগে ১৯৯৩ সালে সার্বিয়ার বিরুদ্ধে গণহত্যার মামলা করে বসনিয়া-হার্জেগোভিনা। ২০০৭ সালে রায়ে আইসিজে জানায়, স্রেব্রেনিৎসায় গণহত্যা সংঘটিত হলেও সার্বিয়ার সরাসরি গণহত্যার অভিপ্রায় প্রমাণিত হয়নি। তবে গণহত্যা প্রতিরোধে ব্যর্থতার দায়ে দেশটিকে দায়ী করা হয়।
গাম্বিয়ার পক্ষে মামলার নেতৃত্ব দেওয়া আইনজীবী আরসালান সুলেমানের মতে, রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্য, নাগরিকত্ব আইন এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও চলাচলের ওপর বিধিনিষেধ গণহত্যার অভিপ্রায় বোঝার গুরুত্বপূর্ণ প্রমাণ। এসব নীতির ধারাবাহিকতা ২০১৭ সালের সামরিক অভিযানের উদ্দেশ্য বুঝতে সহায়তা করে বলেও তিনি মনে করেন।
আইসিজে গাম্বিয়ার পক্ষে রায় দিলে মিয়ানমারের আন্তর্জাতিক ভাবমূর্তি বড় ধরনের চাপের মুখে পড়বে। তবে আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই এবং রায় ঘোষণার পর সরাসরি শাস্তি কার্যকরের ব্যবস্থাও নেই। ফলে রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।
রোহিঙ্গা জনগোষ্ঠীর কাছেও এ রায় বিশেষ তাৎপর্য বহন করছে। কানাডায় বসবাসরত রোহিঙ্গা অধিকারকর্মী মোহাম্মদ নওকিমের মতে, দীর্ঘদিনের অস্বীকৃতি ও বঞ্চনার পর এই বিচার তাদের দুর্ভোগের আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ।
বর্তমানে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে বসবাস করছে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় তাদের মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে। অন্যদিকে, রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। রাজ্যের বড় অংশ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সেখানে বহু রোহিঙ্গা গ্রাম ধ্বংস হয়ে গেছে এবং প্রত্যাবাসন নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
এ অবস্থায় আইসিজের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে নিরাপদ প্রত্যাবাসন, নাগরিকত্বের স্বীকৃতি এবং নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে আদালতের রায়ের পাশাপাশি মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
তথ্যসূত্র: বিবিসি।
বিএইচ




