ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের নির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে এস এম মশিউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মো. শফিউল আলম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে আইনজীবী সমিতি ভবনে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ তারিকুল আলম নির্বাচিতদের নাম ঘোষণা করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সব পদে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচিত অন্যরা হলেন—সহসভাপতি পদে কাজী একরামুল হক আলম, সহসাধারণ সম্পাদক পদে মো. ইসরাত হোসেন খোকন, হিসাব নিরীক্ষক পদে মো. মোর্শেদ ইমাম বাবু, সাহিত্য, সংস্কৃতি, গ্রন্থাগার ও প্রযুক্তি সম্পাদক পদে শেখ মো. শফিউল আলম লুলু, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে মো. পান্না বিশ্বাস এবং ধর্মীয় বিজ্ঞান সম্পাদক পদে মো. মোজাম্মেল হক।
এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. দবির হোসেন, মো. রাশিদুল হাসান জাহাঙ্গীর, মো. শামসুজ্জামান লাকি, মো. আকিদুল ইসলাম, মো. মাসুদুর রহমান-২, বিনা খাতুন, মো. জাহিদুর রহমান, মো. মহিদুল ইসলাম এবং মো. রফিকুজ্জামান মল্লিক মাখন।





