আঙ্গুরের উপকারিতা সম্পর্কে বলা হয়েছে, রসাল এই ফল খেলে শরীরে রক্ত বাড়ে। রক্তচাপ কমাতেও সহায়তা করে এই ফল। এ ছাড়া ফুসফুসে আর্দ্রতার পরিমাণ বাড়িয়ে অ্যাজমার ঝুঁকি থেকে মানবদেহকে রক্ষা করে আঙ্গুর। এমনকি মাথাব্যথার উপশমও রয়েছে আঙ্গুরে।
এতসব গুণসমৃদ্ধ এই ফল সম্পর্কে গবেষকরা এখন বলছেন, আঙ্গুর কোলেস্টেরল কমাতেও রাখতে পারে ভূমিকা। গবেষণার তথ্য অনুযায়ী, আঙ্গুরে রয়েছে টেরোস্টেলবেন নামে এক ধরনের যৌগ, যা কোলেস্টেরলের মাত্রা কমাতে ভূমিকা রাখে। কোলেস্টেরল নিয়ন্ত্রণ ছাড়াও হাড় শক্ত করা এবং বদ হজম দূর করতেও ভূমিকা রাখতে পারে আঙ্গুর।
গবেষকরা আরো বলছেন, নিয়মিত আঙ্গুর খেলে কিডনির সুস্থতাও নিশ্চিত হয় অনেকখানি। কেননা আঙ্গুরের উপাদানগুলো ক্ষতিকারক ইউরিক এসিডের মাত্রা সহনশীল পর্যায়ে রাখে। সে সঙ্গে কিডনির রোগব্যাধির বিরুদ্ধেও লড়াই করে।
এসব ছাড়াও ত্বকের পরিচর্যায়ও আঙ্গুর রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। আঙ্গুরের ভিটামিন ‘সি’ ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকে বলিরেখা সৃষ্টির জন্য দায়ী ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে ক্রমাগত লড়াই চালিয়ে যায়। এর পাশাপাশি আঙ্গুরে থাকা উপাদানগুলো প্রাণঘাতী ক্যান্সারের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখে। তাই নিয়মিত খাদ্য তালিকায় রাখুন আঙ্গুর।
সূত্র: অর্গানিক ফ্যাক্টস।
মানবকণ্ঠ/এফআই

