অমর একুশে বইমেলা ২১তম দিন পার করল গতকাল। এবারের মেলায় এ পর্যন্ত গল্প, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা, কবিতা, ছড়া, শিশুসাহিত্য, জীবনী, নাটক, বিজ্ঞান, ভ্রমণ, ধর্ম, স্বাস্থ্য, সায়েন্স ফিকশনসহ অন্যান্য ক্যাটাগরিতে দুই হাজারের বেশি নতুন বই এসেছে। বাংলা একাডেমি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবারের বইমেলায় সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে কবিতার বই। তবে বিক্রিতে শীর্ষে উপন্যাস, আত্মজীবনী ও অনুবাদধর্মী বইগুলো। এ পর্যন্ত বইমেলায় কবিতার বই প্রকাশ হয়েছে ৬৫৯টি। উপন্যাস প্রকাশিত হয়েছে ৩২৭টি, গল্পের বই ২৫২টি, প্রবন্ধ সংকলন ১২৬টি।
কবিতার বই বেশি প্রকাশিত হওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন কবি নির্মলেন্দু গুণ। সময়ের আলোকে তিনি বলেন, বাংলাদেশ হচ্ছে কবিতার দেশ। এখানে কবি জন্মাবে এটাই স্বাভাবিক। এত কবিতার বই পৃথিবীর আর কোথাও বের হয় না। তবে পৃথিবীতে যত কবিতা জন্মাবে ততই কবিতার জন্য মঙ্গল।
এ প্রসঙ্গে অবসর প্রকাশনীর কর্ণধার আলমগীর রহমান বলেন, মেলায় সর্বাধিক প্রকাশিত বই কবিতার হলেও আমাদের প্রকাশনী উপন্যাস এবং অনুবাদের বইয়ের বিক্রি বেশি।
সরেজমিন দেখা যায়, একুশে ফেব্রুয়ারি মেলায় ভিড় অন্য দিনের চেয়ে বেশি। কাফরুল থেকে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বইমেলায় এসেছেন মাইনুল হাসান। তিনি কিনেছেন উপন্যাস, প্রবন্ধ ও শিশুদের জন্য বই। কবিতার বই প্রসঙ্গে তিনি বলেন, কবিতা আমি বুঝি না, এখনকার কবিদেরও চিনি না। তাই কবিতার বই কেনা হয়ে ওঠে না।
পাঠক সমাবেশের কর্ণধার সাহিদুল ইসলাম বিজু বলেন, কবিতার বই আমাদের প্রকাশনীর কম। মেলায় অনুবাদ ও উপন্যাস বেশি বিক্রি হয়। পাঠক কবিতার বই তেমন খোঁজ করেন না।
মেলায় তরুণ কবিদের আনাগোনা দেখা যাচ্ছে, বের হয়েছে অনেক কবিতার বই। এ প্রসঙ্গে কবি কামাল চৌধুরী বলেন, বইমেলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে মেলাকে কেন্দ্র করে নতুন লেখক আসছেন। তাতে একটি লাভ হচ্ছে, তারা আগামীতে কবিতার কারিগর হিসেবে নিজেকে গড়ে তুলবেন। তবে আশার কথা, এতে কবিতার মতো সৃষ্টিশীল মাধ্যমে কবিতা নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করার সুযোগ থাকে। তবে কবিতার বইও কিনছেন ক্রেতারা। খিলগাঁও থেকে আগত ক্রেতা নীলাঞ্জনা নীলা বইমেলায় এসেছিলেন ঘুরতে। তিনি একটি কবিতা ও একটি সাক্ষাৎকারের বই কিনেছেন। নিজেকে কবিতার পাঠক দাবি করে বলেন, আগে অনেক ভালো ভালো কবিতার বই প্রকাশ হতো। এখন অনেক খুঁজেও ভালো বই পাওয়া যায় না।
কবিতার বইয়ের ব্যাপারে পাঠকের আগ্রহ কম হলেও কবিদের নিয়ে পাঠকের আগ্রহ আছে। বই না কিনলেও কবিদের দেখলে পাঠকরা ভিড় করেন, সেলফি তোলেন। ফলে কবিতার বিক্রি কম হলেও আমরা বেশ কিছু কবিতার বই প্রকাশ করে থাকে আজব প্রকাশ। আজব প্রকাশের কর্ণধার জয় শাহরিয়ার বলেন, আমাদের প্রকাশনা থেকেও সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে কবিতার বই, যদিও বিক্রি তেমন ভালো না। আত্মজীবনী ও উপন্যাসের বই বিক্রি বেশি।
এ প্রসঙ্গে কথাসাহিত্যিক স্বকৃত নোমান বলেন, কবিতার বই বিক্রি হয় না এটা ঠিক না। তিনি বলেন, বই বিক্রি না হলে প্রকাশক বই করবেন কেন? কবিতার বইয়ের একটা বিক্রি আছে, তবে সেটা খুব বেশি নয়। অনেক লাভ করতে পারেন ব্যাপারটা হয়তো এমন নয়, তবে পুঁজি উঠে যায়। তিনি আরও বলেন, ১৭ কোটি মানুষের দেশে ৭০০ কবিতার বই এমন কোনো বড় সংখ্যা না। এ দেশের প্রকৃতি ও পরিবেশ কবিতাবান্ধব। আরও বেশি কবিতার বই প্রকাশ হওয়া উচিত।
একই কথা মনে করেন পরীবাগ থেকে আসা পাঠক সালমা ইসলাম। তিনি বলেন, কবিতা হচ্ছে মনের খোরাক। এবার অন্যান্য বইয়ের সঙ্গে কিছু পরিচিত লেখকদের বইয়ের পাশাপাশি প্রিয় কিছু কবিতার বইও কিনেছি। সালমা বলেন, সংগ্রহ করার মতো বই পেলে সেটা কবিতা হোক আর যা-ই হোক, পাঠকের আগ্রহ থাকে। বইমেলা থেকে হেলাল হাফিজ, মহাদেব সাহা ও মারজুক রাসেলের কবিতার সংগ্রহ করেছেন তিনি।

