চলছে অমর একুশে গ্রন্থমেলা। এরই মধ্যে ২৩ দিন পেরিয়ে গেছে মেলার। দিন দিন ভিড় বাড়ছে বাঙালির প্রাণের এ মেলায়। পাঠকরা কিনছেন তাদের পছন্দের লেখকদের বিভিন্ন বই। এখন অনেকটাই স্পষ্ট, কী ধরনের বই এবারের মেলায় বেস্ট সেলার হতে যাচ্ছে অর্থাৎ বিক্রির ক্ষেত্রে শীর্ষে রয়েছে। এখন পর্যন্ত পাঠকদের চাহিদার শীর্ষে রয়েছে বিভিন্ন ধরনের উপন্যাস। পাশাপাশি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও গবেষণাবিষয়ক বইয়ের চাহিদাও রয়েছে।
বুধবার বিকাল থেকে মেলার শেষ সময় পর্যন্ত বিভিন্ন প্রকাশনীর স্টলে বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত তাদের সব থেকে বেশি বিক্রি হয়েছে উপন্যাস ও অনুবাদের নানা বই।
মেলায় পাঠকদের চাহিদার শীর্ষে কোন বই জানতে চাইলে অবসর প্রকাশনা সংস্থার প্রকাশক আলমগীর রহমান বলেন, আমাদের প্রকাশনীতে উপন্যাস ভালো বিক্রি হয়। বিশেষ করে হুমায়ূন আহমেদ ও জাফর ইকবালের উপন্যাস বেশি চলে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত হুমায়ূন আহমেদের বইয়ের বিক্রি সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ বিক্রি তার ধারেকাছেও নেই। ১০ ভাগের একভাগ হবে।
এ প্রসঙ্গে কথা হয় অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, অবশ্যই এখন পর্যন্ত হুমায়ূন আহমেদের বইয়ের বিক্রির কাছাকছিও আর কেউ নেই।
মাজহারুল ইসলাম বলেন, একজন লেখক মৃত্যুর ১০ বছর পরও যখন একই ধরনের পাঠকপ্রিয়তা ধরে রাখেন, তখন বুঝতে হবে তিনি আসলে কালকে অতিক্রম করেছেন।
এ প্রসঙ্গে কথা হয় হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের সঙ্গে। সময়ের আলোকে তিনি বলেন, একবার হুমায়ূন আহমেদের প্রকাশকরা তার বইগুলো থেকে রয়্যালিটির হিসাব বের করলেন, দেখা গেল তার প্রতিটা শব্দের মূল্য ৫ হাজার ৫শ টাকা।
‘হুমায়ূন যখন ছিলেন, তখন এমনও সময় ছিল এক দিনে ৫০ হাজার কপি বিক্রি হয়ে গেছে। হুমায়ূন আহমেদ যে দীর্ঘদিন পাঠকের আগ্রহ ধরে রাখবেন এতে কোনো সন্দেহ নেই’, বলেন শাওন।
হুমায়ূন আহমেদের ১৭ জন প্রকাশক প্রতি বছর তার জন্মদিনের উৎসব পালন করেন এবং পরিবারের কাছে রয়্যালিটির টাকা পৌঁছে দেন।
হুমায়ূন আহমেদের ছোট ভাই লেখক মুহম্মদ জাফর ইকবাল বলেন, আমি মোটেও বিস্মিত নই। হুমায়ূন আহমেদকে নিয়ে এমনটা হওয়াই প্রত্যাশিত। বাংলা সাহিত্যের পাঠকদের কাছে হুমায়ূন আহমেদ আরও অনেক দিন আলোচিত থাকবেন।
বইমেলায় কথা হয় হুমায়ূন আহমেদের পাঠকদের কয়েকজনের সঙ্গে। তাদেরই একজন মোহাম্মদপুর থেকে পরিবার নিয়ে মেলায় ঘুরতে আসা সালমা ইসলাম।
পাঠক কেন এখনও হুমায়ূন পড়েন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, হুমায়ূন আহমেদ প্রতি প্যারায় পাঠককে চমকে দেন। দুই-চার-দশ লাইন পরপরই চমক থাকে। পাঠক একটা বিস্ময়কর ঘোরের মধ্যে চলে যায়। এখানেই সম্ভবত হুমায়ূনের অনন্যতা যে, তিনি একঝাঁক মৃদু মানুষের হাহাকার পাঠককুলের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছিলেন বলে মনে করেন পাঠকরা।

