চোখ দুটো ক্রমশ ভিজে আসছে। চোখের পাতা ঘন ঘন নাড়িয়ে কান্না ঠেকিয়ে রাখার চেষ্টা। কিন্তু সেই চেষ্টাও বৃথা। অবুঝ মন তো মানে না। একসময় শেলি হাউমাউ করে কেঁদে ফেলে। দিনের আলোতেও চোখ যেন ঝাপসা হয়ে যাচ্ছে। কাছে বসে থাকা নাতনি সুমাইয়া যেন একেবারে পাথর। কান্না আসতে চায় না। নানির মুখের পানে তাকাল একবার। আবার কী যেন কী ভেবে নিজেই কেঁদে ফেলে। দুই চোখের কোল বেয়ে পুঁতির দানার মতো দুই ফোঁটা পানি ঝরে পড়ল। সুমাইয়ার মুখের দিকে একবার তাকাল। একদৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে শেলি নিজেকে কিছুটা সংযত করে। নিজের চোখের পানি ওড়নায় মুছতে মুছতে সুমাইয়াকে কাছে টেনে নেয়। এখন তো একমাত্র সুখ-দুঃখের সঙ্গী সুমাইয়া। তাকে বুকে আগলে রেখে নিজের বাকি জীবনটা কাটিয়ে দিতে চায়। কিন্তু চাইলে কি হবে।
শেলির জীবনটা যেন একেবারে পোড়খাওয়া। আমেরিকায় স্বামীর সঙ্গে এসেছে আজ প্রায় দুই যুগ হতে চলল। আসার আগে ভেবেছিল স্বপ্নের আমেরিকা অনেক সুখ-শান্তি দেবে। ছোটকালে আমেরিকার কত গল্প শুনেছে। গল্প শুনে একসময় স্বপ্ন দেখল। স্বপ্ন কখনো সত্যি হয়। আবার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। শেলির জীবনে স্বপ্ন একদিন বাস্তবে রূপ নিল। যখন স্বামী রেজাউল করিম নিয়ে গেল, তখন মনে হলো ভাগ্য বুঝি সুপ্রসন্ন হলো। কিন্তু দীর্ঘদিন পর মনে হলো, ভাগ্য যেন বিপর্যয় এনে দিয়েছে। তবে তাই বলে কখনো ভাগ্যকে আবার দোষ দেয়নি।
সৃষ্টিকর্তা কোলে এনে দিয়েছে ফুটফুটে সন্তান। যে বড় ছেলের শখ করে নাম রাখল মিশুক। আর মেয়ের নাম দিল মণিকা। কোলে করে আসা ছেলে মিশুক এখন অনেক বড় হয়েছে। বুঝের বয়স হয়েছে। ভাগ্যগুণে চাকরিও পেয়েছে বেশ ভালো। তবে শেলির কষ্ট চাকরি তার বাসা থেকে অনেক দূরে। ডালাস এখন দূর মনে হলেও, মিশুকের কাছে যোজন যোজন দূর মনে হয় না। কিন্তু মায়ের মন শেলির কাছে মনে হয়, অনেক দূর। ভালোই কাটছিল প্রথম দিনগুলো।
মিশুকের চাওয়া-পাওয়ার সঙ্গে কোথায় যেন একটা ছন্দপতন হলো। শেলি চায়নি মিশুক তার কাছ থেকে দূরে থাকুক। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস শেলির চাওয়া-পাওয়ার সঙ্গে যেন ছন্দপতন হচ্ছিল। এখন ডালাসে চাকরি করে মিশুক। নিজের পছন্দসই বিয়ে করেছে কানাডার এক মেয়েকে। সেও চাকরি করে। কিন্তু শেলির জীবন থেকে মিশুক যেন আস্তে আস্তে চোখের আড়াল হয়ে গেল। একবার ভেবেছিল দেখেশুনে বাঙালি এক মেয়ের সঙ্গে বিয়ে দেবে। তখন বুঝতে পারত বাঙালি আর বাংলাদেশ। বাংলাদেশের আচার-আচরণ। মোটকথা শাড়ি পরা বউয়ের খুব শখ ছিল শেলির। কিন্তু কপাল মন্দ।
মিশুক চোখের আড়াল হলেও মনের আড়াল হয়নি শেলির। প্রায় সময় টেলিফোন করে। কিছু সময় তার মুখের কথা শুনে সান্ত¡না পেতে চায়। আবার মিশুকের চাকরির ধরন এমনই যে, সময় যেন হাতে ধরতে পারে না। কাজের মধ্যে সময় চলে যায়। মিশুককে কাছে থেকে হারিয়ে শেলি আঁকড়ে থাকতে চায় মেয়ে মণিকাকে নিয়ে।
মণিকা শেলির খুব আদরের মেয়ে। বাংলাদেশ থেকে যাওয়ার সময় সে লাউ গাছের বেড়ে ওঠা এক মেয়ে।
বিয়ে করল বাংলাদেশি এক ছেলেকে। শেলির সঙ্গে যাওয়ার পর মণিকার জীবনটা কেমন জানি পাল্টে যায়। বাংলাদেশের চালচলনে তার কোনো কমতি ছিল না। মায়ের স্বভাবে মাঝেমধ্যে শখ করে শাড়ি পরত। এখন অবশ্য শেলি শাড়ি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। কারণ আমেরিকায় চাকরি করতে দেখেছে, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে। আর সেখানে শাড়ি একেবারে বেমানান।
শেলি সকালে বাসা থেকে বের হয়। ফেরে একেবারে ঘড়ির কাঁটা ধরে। ডলারে বেতন পেয়ে সে বাংলাদেশের ভাইবোন থেকে শুরু করে সবাইকে টাকা পাঠায়। এ যেন তার এক ধরনের প্যাশন হয়ে গেল। ফোন করে এখানে-ওখানে। সবার খোঁজখবর নেয়। আর যখন বাংলাদেশে ছুটিতে আসে তখন কয়েক লাগেজ ভর্তি সবকিছু নিয়ে আসে। এগুলো আবার বিতরণ করতেও অনেক সময় চলে যায়। তবে এ ব্যাপারে প্রায় সময় ছোট ভাই ডাডলি, লাডলার সাহায্য নেয়। সবার সামনে যখন এই লাগেজ খোলে তখন অনেকের ছোখ ছানাবড়া হয়ে যায়। কেউ বলে, এটা দাও, আবার কেউ বলে ওটা কী সুন্দর। মানে আমার চাই। এই বিড়ম্বনার মধ্যেও হাসিমুখে শেলি চেষ্টা করে সবার মন রক্ষা করতে। আবার যখন আমেরিকা ফিরে যাওয়ার সময় হয়ে আসে তখন মার্কেট ঘুরে ঘুরে সেখানকার প্রতিবেশীদের জন্য কেনাকাটা শুরু করে। মানুষকে দিতে পারা যেন তার মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি পায়।
বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার জন্য অনেক সময় আকুলি-বিকুলি হয়ে ওঠে। হঠাৎ সেবার খবর পেল, মেহেদি কিছু খাচ্ছে না। মেহেদি শেলির খুব আদরের নাতি। কেন খাচ্ছে না, এর কারণ খুঁজে বের করতে শেলির মোটেই দেরি হয় না। শেলিকে না দেখা পাওয়াই যেন তার ভেতরে এক ধরনের জিদ কাজ করে। নাতি আর নানির সম্পর্ক যেন এক সূত্রে গাঁথা। এ যেন আত্মার সম্পর্ক। শেলির মন খারাপ হলে লাডলা আর ডাডলি সহজে বুঝে ফেলে মেহেদির জন্য মন খারাপ। তবে আরেক নাতি সুমাইয়ার জন্য মন কাঁদে না তা নয়। অনেক সময় শেলি কান্না লুকিয়ে রাখে। কাউকে সহজে বুঝতে দেয় না। মনে হয় এ দুঃখ যেন নিজের একেবারে আপন। কাউকে যে শেয়ার করবে এমন কাছের মানুষ পাওয়া মুশকিল।
আদরের মেয়ে মণিকা। তার জন্য যেন পৃথিবী উজাড় করে ভালোবাসা, মায়া-মমতা শেলির। কিন্তু কেউ বুঝে উঠতে পারে না, আসলে শেলি কাকে বেশি ভালোবাসে। মণিকা যখন হঠাৎ হাসপাতালে, তখন শেলির দিন নেই রাত নেই পাশে সময় কাটিয়েছে। আর শুধু সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়েছে। মণিকার জন্য অনেক মানত করেছে মনে মনে। একটু সুস্থ হলেই শেলি যেন প্রাণ ফিরে পায়। চোখের সামনে মণিকা এভাবে মাথায় রক্তক্ষরণে এত অল্প সময়ে পৃথিবী ছেড়ে চলে যাবে তা কল্পনাতেই আসে না শেলির। মণিকার নিথর দেহের পাশে শেলিও যেন এক পাথর হয়ে গেল। অনেকে বলেছে, শেলি তুমি কাঁদো, মন হাল্কা হবে। কিন্তু শেলি কাঁদতে পারেনি। বুকে যেন জমাট পাথর চেপে বসেছে।
মণিকার লাশ এলো বাংলাদেশে। লাশ দাফন হলো বরিশালে তার পৈতৃক ভিটেয়। আমেরিকার এয়ারপোর্ট থেকে যখন লাশ নিয়ে বিমান আকাশে উড়ল, শেলির মনে হলো, ওর আত্মা উড়ে গেছে। কে দেবে সান্ত¡না। বাংলাদেশ থেকে শুধু টেলিফোনে সান্ত¡না। কেউ বাকি রইল না। লাডলা, ডাডলি, মোশতাক, বাবুল, বেবি, নিলু, বড় বোন আকতারি সবাই টেলিফোনে শুধু দোয়ার কথা জানাল। এর চেয়ে বেশি কিছু কারও বলার ছিল না। বুকে পাথর বেঁধে নিজের আদরের কন্যাকে বাংলাদেশের পাঠাল। যেন চিরঘুম ভালোভাবে হয়। আর সবাই তার কবর দেখতে পায়। কবরের পাশে বসে দোয়া করতে পারে।
শেলির ইচ্ছে ছিল মণিকার কবরটা একটু বাঁধাই করার। সে ইচ্ছা অনুযায়ী হয়েছেও তাই। বাংলাদেশে এলে শেলি ঢাকা থেকে বরিশাল ছুটে যাওয়ার জন্য আনচান করে। গিয়ে থাকে। কবরে ফুলগাছের পরিচর্যায় মন সান্ত¡না খুঁজে পায়। বুকভরা ব্যথা। কিন্তু মুখ যেন ফোটে না।
বাংলাদেশের সময়ের সঙ্গে তাল মিলিয়ে লাডলা ভিডিও কল দিল শেলিকে। শেলি লাডলার বড় বোন। তার সাহায্য নিয়ে সে তার পুরো পরিবার আমেরিকায় চলে যাচ্ছে, এ খবরটা এখন আর জানতে বাকি নেই। ভিডিও কল দিতেই শেলির কান্না। সবাই জানে শেলির আদরের নাতি মেহেদি কয়েক দিন ধরে হাসপাতালে। এই ভালো আবার এই খারাপ খবর আসছে প্রতিনিয়ত। কিন্তু এবার ভিডিও কলে লাডলা প্রথমে কিছুটা আঁচ করতে পারলেও, পুরোপুরি বুঝে উঠতে পারছে না। আসলে মেহেদি কি লাইফ সাপোর্টে নাকি অন্য কিছু। অনেক কষ্টে শেলি ভিডিও কল রিসিভ করল। কিন্তু কোনো কথা বলল না। শুধু একবার হাউমাউ করে কেঁদে উঠল।
মেহেদি বাংলাদেশে এসেছিল। সঙ্গে এসেছিল তার মা পপি। বাংলাদেশের আবহাওয়া কেন জানি মেহেদিকে সুট করত না। যে কারণে কোনো কিছু খেত না। তবে শেলির কথায় কোনো কোনো খাবার খেত। মেহেদি একবার মোবাইলে গেম খেলবে। কিন্তু মোবাইলে চার্জ ছিল না। সেই চার্জ না পেয়ে কী জিদ। মায়ের কথা শুনবে, তাও শোনে না। শেষমেশ চার্জার আসার পর সে শান্ত হলো। একবার তাকে ঠাট্টা করে বলা হয়েছিল, হাতে মেহেদি লাগাবে? সে কিন্তু বিষয়টি ঠিকমতো বুঝতে পারেনি। ঈদের সময় কিংবা বিয়ের সময় মেহেদি লাগানো হয়, মেহেদি তার নানি শেলির কাছে অনেক শুনেছে। কিন্তু সে তেমন গুরুত্ব দেয়নি। ঢাকায় এসে অনেক সময় খেত না। পরে শেলিকে টেলিফোন করতে হতো শুধু খাওয়ার জন্য। ফোন পেলেই সে যতটুকু পারে খেয়ে নিত। পপি প্রায়ই বলত, আমার কথা না শুনলেও মায়ের কথা ঠিকই শোনে। হাসতে হাসতে বলত, নানি আর নাতি যেন এক আত্মা।
শেলি মেয়ে মারা যাওয়ার পর মেহেদিকে অবলম্বন করেছিল। আর সুমাইয়া তো আছেই। কিন্তু আজ মেহেদির এত দ্রুত চিরদিনের মতো চলে যাওয়া শেলি কিছুতেই মেনে নিতে পারছে না। আরেক নাতি সুমাইয়া যে সান্ত¡না দেবে, তার কোনো উপায় নেই। কারণ সুমাইয়া আর মেহেদি ছিল একে অপরের বন্ধু। মেহেদির এভাবে চলে যাওয়া সুমাইয়া কেন জানি কল্পনাই করতে পারছে না। পাশে বসে নানি শেলি যখন শোকে পাখর তখন সুমাইয়া কী করবে কিছুতেই ভেবে পাচ্ছে না।
লাডলার ভিডিও কলে যে দৃশ্য দেখল, নতুন করে আর কিছু বলার সুযোগ পেল না। কদিন ধরে শেলির মন ভালো নেই। তা অনেকের কাছে এই সংবাদ পৌঁছে গেছে। আর থাকবেই বা কী করে। একে তো সূর্য হাতের মুঠো না খুলতে ছুটতে হয় অফিসে। এটা তো আমেরিকা। সময় ধরে চলতে হয়। আবার সময়ের তালে চলতে না পারলে হোঁচট খেতে হয়। কিছুদিন ধরে শেলির অফিস আর বাসা নয়। এর সঙ্গে যোগ হয়েছে হাসপাতাল। হাসপাতালে ভর্তি মেহেদি। শেলির একেবারে খুব প্রিয় নাতি। জন্মসূত্রে আমেরিকান। কিন্তু তার বৃদ্ধি আর কথাবার্তা বাংলাদেশের অনেক ছেলেকে হার মানিয়ে দিতে পারে। মেহেদি নানি বলতে পাগল। অনেকে দেখে বলে, এত অদ্ভুত মিল যেন মেলানো ভার।
মেহেদি কদিন ধরে হাসপাতালে। মেহেদির মা পপি। সে যতক্ষণ হাসপাতালে থাকে। এর চেয়ে বেশি সময় দেয় শেলি। শেলিকে দেখে মেহেদি এক ধরনের তৃপ্তিবোধ করে। আর না দেখলে কেন জানি মাথার মধ্যে এক ধরনের পাগলামি চেপে বসে। পপি দেখেও অবাক হয়। সারাদিন পরিশ্রম করে শেলি বেশ ক্লান্ত হয়ে পড়ে। মাঝেমধ্যে শরীর চলতে চায় না। কিন্তু যেতে হয়। যাওয়া যেন এক প্রাণের টান। নানির কাছে মেহেদিও তেমন আবদার নেই। শুধু নানিকে কাছে পাওয়া। আর গল্প শোনা। মেহেদির জন্য শেলি মুরগির সুপ তৈরি করে নিয়ে যায় হাসপাতালে। অনেক সময় খেতে চায় না। তবে অনেক গল্প শুনিয়ে আস্তে আস্তে সুপ খায়। এই খাওয়ার ভঙ্গি শেলির মনে এক ধরনের তৃপ্তি বয়ে আনে।
হাসপাতাল আর বাসায় ছোটাছুটি নিয়ে পপি কখনো কখনো রাগ করে। বলে, তুমি একটু বিশ্রাম করো। কিন্তু পপির কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। ঢাকা থেকে ছোট ভাই লাডলা, ডাডলি, বাবুল কতবার বলে, শেলি আপা আপনি বিশ্রাম নেন। শরীর তো বিছানায় পড়ে যাবে। শেলি ভিডিও কলে কথা শোনে। কিছুক্ষণ শোনার পর বিষয় পাল্টে ফেলে। জিজ্ঞেস করে, বাড়িটার কতদূর কী অবস্থা। আর কথা না বাড়িয়ে টেলিফোন রেখে দেয়।
শেলির বড় বোন আকতারির বেশ অনেক দিন ধরে অসুস্থ। প্রায় সময় তার খোঁজখবর নেয়। আবার ওষুধ পাঠায়। তবে ওষুধ তো নয়, সব ভিটামিন। বড় বোনকে বেশি করে খেতে বলে। শেলির এত কষ্ট দেখে আকতারির মন খারাপ হয়ে যায়। চিন্তার স্রোতের রেখা শেলির চোখেমুখে কখনো দেখেনি কেউ। সাতপাঁচ ভাবতে ভাবতে কেন জানি মনে হলো, কিছু একটা অঘটন হয়েছে। একদিকে বাসার কলিংবেল। অন্যদিকে শেলির চেহারা দেখে বোঝে লাডলা এতক্ষণে বুঝে গেছে মেহেদি আর নেই।

