জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে অবনীন্দ্রনাথ ও গগনেন্দ্রনাথ এই দুজন চিত্রকর থাকা সত্ত্বেও আরেকজন ঠাকুর একটু বেশি বয়সেই ছবি আঁকতে শুরু করেন। তিনি রবীন্দ্রনাথ-১৯২৪ সালে ছবি আঁকা শুরু করেন ৬৫ বছর বয়সে। তখন তার কবিখ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বসভায়, সাহিত্যে তার নোবেল পুরস্কারপ্রাপ্তিরও পনেরো বছর পেরিয়ে গেছে। গুরুমুখী আদর্শিক শিক্ষার জন্য তার হাতে গড়ে তোলা শান্তিনিকেতনের কলাভবন শিল্পী নন্দলাল বসুর পরিচালনায় চারুবিদ্যালাভের এক অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়ে উঠছে।
এমন এক পরিস্থিতিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকার প্রেমে কেন মজলেন? এর পেছনে নানা কারণের মধ্যে সবচেয়ে যৌক্তিক বলে মনে হয় যেটি, তা হলো-প্রাচ্য-পাশ্চাত্যের নানা দেশ ঘুরে তাদের শিল্প-সংস্কৃতির খবরাখবর করে আমাদের কবি উপলব্ধি করেছিলেন, চারুশিল্পের চর্চায় ভারতবর্ষ বেশ পিছিয়ে। প্যারিসে রবীন্দ্রনাথ দাদাবাদ, ফভবাদ, স্যুরিয়ালিজম প্রভৃতি শিল্প আন্দোলন অবলোকন করছেন, জার্মানিতে দেখছেন অভিব্যক্তিবাদের অভিঘাতে বদলে যাচ্ছে এতকালের ঐতিহ্যবাহী চারুশিল্প।
পিকাসো ও মাতিসকে সমকালীন বিশিষ্ট শিল্পী হিসেবে জানতেন রবীন্দ্রনাথ। ভ্রাতুষ্পুত্র শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসুসহ সেকালের খ্যাতিমান শিল্পীদের কাছে রবীন্দ্রনাথ বারবার তুলে ধরেছেন বিশ্বশিল্পের সমসাময়িক অবস্থার কথা। কিন্তু ভারতীয় শিল্পের পুনর্জাগরণের নামে যে বেঙ্গল স্কুল প্রবর্তন করেছিলেন অবনীন্দ্রনাথ, সেটিকেই আঁকড়ে ধরে কাকাবাবুর দেখানো পথে পা বাড়াননি তিনি ও তার সতীর্থশিল্পীরা। রবীন্দ্রনাথ স্পষ্টতই বুঝতে পেরেছিলেন-ভারতশিল্পে সেকালের দ-মু-ের কর্তারা পাশ্চাত্যের আধুনিক চারুশিল্পের প্রবণতাকে অবজ্ঞা করে প্রকারান্তরে নিজেদের পেছনের দিকেই চালিত করেছেন।
ভারতশিল্পের আধুনিক নির্মিতির সূচনার ঐতিহাসিক দায়িত্ব পালনে স্বয়ং রবীন্দ্রনাথকেই এগিয়ে আসতে হয়েছে। যদিও তিনি নিজের চিত্রকর্মগুলোর সার্থকতা সম্পর্কে প্রায়ই ছিলেন কুণ্ঠিত। তার ছবি ছিল এতই নতুন ও নিজস্ব, প্রচলিত চিত্রকলার সঙ্গে এতোই সংগতিবিহীন, রবীন্দ্রনাথ কুণ্ঠিত ছিলেন বিজ্ঞজন সেগুলো অনুমোদন করবেন কি না। এ ছাড়াও আরও একটা কুণ্ঠা তার ছিল চিত্রকলায় একাডেমিক প্রশিক্ষণের অভাব। এ জন্য আপন চিত্রচর্চার সপক্ষে রবীন্দ্রনাথ সলজ্জভাবে বলেছেন-‘আমি কি আর ছবি আঁকি। শুধু আঁচড় মাচড় কাটি।’ আবার এও বলেছেন-‘এ ভালো লাগে কি লাগে না, আমি বলতে পারিনে। আমার কাব্য কিংবা গল্প-এ আমি জানি। কিন্তু আমার ছবি-ভালো কি মন্দ বুঝতে পারিনে।’ অন্যত্র বলেছেন-‘আমার ছবি হচ্ছে রেখায় রচিত শ্লোক। যদি দৈবক্রমে আমার ছবি সাধারণের দৃষ্টি আকর্ষণের যোগ্য বলে বিবেচিত হয়, তবে তা শুধু এইজন্যে যে এর ভিতরে একটা কোনো রূপের ছন্দ প্রকাশ পেয়েছে।’
একটা সময়ে এসে আধুনিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন কলারসিকরা উপলব্ধি করেন-চিত্রকলা নিয়ে কবির বিনয় থাকলেও তার নিজের ছবি সম্পর্কে রবীন্দ্রনাথের সংশয়ের চেয়ে আস্থাই ছিল বেশি। বরং তার আস্থা ছিল না-জাতীয়তাবাদের ভাবাবেগে ভাসমান শিল্পীকুলের ওপর, এ দেশীয় সমালোচক ও কলারসিকদের, যাদের পক্ষে এ রকম আনকোরা কিছু হজম করা কষ্টকর ব্যাপার ছিল। বুদ্ধিমান তিনি, নিজের শিল্পকৃতি প্রথম উন্মোচিত করলেন পাশ্চাত্য দেশে, যেখানে চিত্রকলার নবতরঙ্গ আন্দোলন সবে স্রোতে পাল উড়িয়েছে, শিল্পে অবচেতন মনের বহিঃপ্রকাশের প্রক্রিয়া শুরু করেছে। রবীন্দ্রনাথের ভয়ংকর অবাস্তব চিত্রাবলির আঘাত সইবার মানসিকতা প্রস্তুত ছিল ওদের।
কবির হাতে উঠে এলো রং, তুলি ও নানা আকৃতির চিত্রপট। এক একে চিত্রিত হতে থাকল আলোছায়াময় মুখাবয়ব, রহস্যময় নিসর্গ, রূপকথার গল্পে বর্ণিত অদেখা পাখি, প্রাণী ও পত্রপল্লব। ভারতীয় দর্শনের রহস্যময় চারিত্র্য নিয়েই সম্পূর্ণ নতুন আঙ্গিকে আধুনিক ও সমকালীন এক ভারতীয় চিত্রকলা আবির্ভূত হলো শিল্পী রবীন্দ্রনাথের হাত ধরে। তাই রবীন্দ্রনাথকে বলা হয় ভারতবর্ষের আধুনিক চিত্রকলার পথিকৃৎ। এ ক্ষেত্রে আরেকজন পথিকৃৎ শিল্পী হলেন ভারতীয় বাবা ও হাঙ্গেরীয় মায়ের কন্যা অমৃতা শেরগিল।
রবীন্দ্র চিত্রকলার বিশেষজ্ঞ বিশিষ্ট গবেষক ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে সুস্পষ্ট মন্তব্য করেছেন রবীন্দ্রসদনের ‘রবীন্দ্রনাথ ও চিত্রকলা’ শীর্ষক আলোচনাচক্রে (২৯ নভেম্বর ১৯৯০) তিনি বেশ জোরের সঙ্গেই আক্ষেপ করে বলেছেন-‘এই ছবির অতর্কিত আত্মপ্রকাশ এবং অভাবিত নতুনত্বে দর্শকসমাজ দ্বিধাগ্রস্ত, কখননোবা দ্বিধাবিভক্ত। কারও কারও কুণ্ঠা কাঠে না আজও তাকে শিল্পী হিসেবে স্বীকৃতি জানাতে। আবার অন্যেরা দ্বিধাহীন চিত্তে স্বীকার করেন তার স্বকীয় সৃষ্টির আত্মতাকে। শুধু তাই নয়, তারা জানান অসংকোচে রবীন্দ্রনাথই এ দেশের চিত্রকলায় প্রথম প্রকাশ করেন।’
রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় চিত্রকর, যার একক চিত্র প্রদর্শনী আয়োজিত হয়েছে ইউরোপ ও আমেরিকায়। ১৯৩০ সালে তার প্রথম একক প্রদর্শনী আয়োজিত হয়েছিল প্যারিসে। পরে সে বছরেই একে একে বার্মিংহাম, লন্ডন, বার্লিন, মিউনিখ, ড্রেসডেন, কোপেনহেগেন, জেনেভা, মস্কো, বোস্টন ও নিউইয়র্কে তার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বার্লিন জাতীয় জাদুঘর তার পাঁচটি চিত্রকর্ম সংগ্রহ করে। ১৯৩১ সালে ফিলাডেলফিয়ায় তার চিত্রকর্ম প্রদর্শনী হয়।
প্রদর্শনীর সাফল্যে অনুপ্রাণিত রবীন্দ্রনাথ তার পুত্র রথীন্দ্রনাথ ও বৌমাকে লেখা চিঠিতে শিল্পী হিসেবে পাশ্চাত্যে তার স্বীকৃতিতে সন্তোষ প্রকাশ করেছেন। উল্লেখ্য, কবিপুত্র রথীন্দ্রনাথও ছবি আঁকতেন। নিজের আঁকা নিয়ে স্বদেশে মিশ্র প্রতিক্রিয়ায় রবীন্দ্রনাথ অসন্তুষ্ট ছিলেন। এ জন্য তার আঁকা ছবির প্রথম প্রদর্শনীগুলো বিদেশেই অনুষ্ঠিত হয়েছে। তবে সে সময় ভারতবর্ষে তার শিল্পানুরাগীর সংখ্যা নেহাত কম ছিল না।
স্বদেশে তার প্রথম একক চিত্র প্রদর্শনী আয়োজিত হয় কলকাতায় ১৯৩২ সালে। পরবর্তী সময়ে ভারতের অনেক শিল্পী রবীন্দ্র চিত্রকলার অনুসরণে ছবি এঁকেছেন। আধুনিক ভারতীয় শিল্পের আরেকজন প্রবক্তা অমৃতা শেরগিল ইউরোপে রবীন্দ্রনাথের প্রদর্শনী দেখেছেন এবং এ নিয়ে তার মুগ্ধতা প্রকাশ করেছেন।
একজন কবি, ছোটগল্পকার ও ঔপন্যাসিক হিসেবে সাহিত্যের পরিধিতে রবীন্দ্রনাথ যে অনুভূতি তুলে ধরতে পারেননি, যে চরিত্র সৃজন করতে তিনি অপারগ হয়েছেন-স্বাচ্ছন্দ্যের সঙ্গে সেইসব অনুভূতি এবং চরিত্র তিনি তার চিত্রকলায় রূপায়ণ ঘটাতে পেরেছেন। ভয় আর রহস্যের অনুভূতি মেশানো অদ্ভুত এক অবিমিশ্র কল্পনার জগৎ তৈরি করেছিলেন কবি। এ কথাটি স্বয়ং রবীন্দ্রনাথ স্বীকার করেছেন, তার সমগ্র-সৃজনের বিশেষজ্ঞরাও সেটি মনে করেন।
রবীন্দ্র চিত্রকলার সূচনা খুঁজতে গেলে আমাদের তাকাতে হয় তার কবিতার ভেতরকার চিত্রকল্পের দিকে। আর যদি তার বিপুল সৃষ্টির ভেতরকার গভীরতা থেকে তার লেখনী-শৈলীর প্রতি দৃকপাত করি-তাতেও দেখতে পাই, লিখতে লিখতে কাটাকুটি করতে করতে অদ্ভুত-রকম নানা নকশা তৈরি হয়েছে কবির লেখার খাতায়। অর্থাৎ ছবি আঁকার মন তার তৈরি হয়েই ছিল, তাতে কালের ও পালের হাওয়া লাগতেই তার চিত্রসৃজনের নৌকা তর তর করে এগিয়ে গেছে।
রবীন্দ্রনাথের চিত্রকলা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা একে প্রধান চারটি ভাগে বিভক্ত করেছেন। প্রথমভাগে বিচিত্র সব প্রাণী, দ্বিতীয়ভাগে ভূ-চিত্র, তৃতীয়ভাগে অঙ্গভঙ্গি ও নাটকীয় চিত্র এবং চতুর্থ ও শেষভাগে অবয়বচিত্র। তার ছবি হচ্ছে গভীর কল্পনাপ্রসূত সৃজন, যাতে রহস্যময়তা ও হিউমারের মিশ্ররূপ বিদ্যমান। সেকালের বিখ্যাত ভারতীয় শিল্পসমালোচক আনন্দ কুমারস্বামীর মতে-রবীন্দ্রনাথের অংকন আধুনিক আদিমশিল্পের একেবারে প্রকৃত উদাহরণ। সেকালের আরেক শিল্পসমালোচক স্টেলা ক্রামরিশ রবীন্দ্র চিত্রকলা বিষয়ে বলেছেন-আত্মার নির্দেশনায় পথ বের করে রবীন্দ্রনাথ প্রথাগত চিত্রবিদ্যা থেকে মুক্ত। তার বিষয়বস্তু এবং তা ফুটিয়ে তোলার শৃঙ্খলা সম্পূর্ণ স্বকীয়।
রবীন্দ্রনাথের আঁকা অবয়ব-চিত্রগুলো বেশ পরিশীলিত। প্রতিকৃতিগুলো অনেকটা বাস্তবানুগ করার চেষ্টা করেছেন শিল্পী। সেসব অবয়বের অভিব্যক্তিতে দুঃখ ও বিরক্তির ভাব বিরাজমান। কতক নারী অবয়বে তিনি তার সমবয়সি বৌদি কাদম্বরী দেবীর প্রতিকৃতি আঁকতে চেষ্টা করেছেন বলে শিল্পী নন্দলাল বসুকে জানিয়েছিলেন রবীন্দ্রনাথ।
শিল্পী জীবনের সূচনা থেকে তার মহাপ্রয়াণের আগ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় আড়াই হাজার ছবি এঁকেছেন। বিশ্বের নানা জায়গায় তার চিত্রকলা ছড়িয়ে আছে। তবে এর সবচেয়ে বড় সংগ্রহশালা হচ্ছে বিশ্বভারতীর রবীন্দ্রভবন। এখানে ১৫৮০টি চিত্রকর্মের সংগ্রহ আছে। বাংলাদেশে রবীন্দ্র স্মৃতিবিজড়িত স্থান-কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহর কুঠিবাড়ি, সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়ি, নওগাঁ জেলার পতিসরের ঠাকুরবাড়ির কক্ষগুলোর দেয়ালগুলো সুশোভিত হয়েছে রবীন্দ্রনাথের আঁকা শত শত চিত্রকর্ম দ্বারা!
১৯৪১ সালে এই কবি ও চিত্রকরের শারীরিক প্রয়াণ ঘটলেও রবীন্দ্রনাথ প্রকৃতই রবির মতো এখনও দেদীপ্যমান বাংলা ভাষা-সাহিত্যের প্রতিটি স্তরে এবং আমাদের আধুনিক চিত্রকলায়ও তার প্রাসঙ্গিকতা সমানে বিদ্যমান।

