ছুটির দিন, একটু আড়মোড়া দিয়ে ঘুমোবে তার উপায় নেই। চোরা বাতাসে জানালার পর্দা দোল খাচ্ছে। এই ফাঁকে একচিলতে সকালের রোদ হামাগুড়ি দেয় তার পায়ে। সোনামাখা রোদের ছোঁয়ায় ঘুম ভেঙে যায়। পর্দার ফাঁক দিয়ে যতদূর চোখ যায় এক দৃষ্টিতে কিছুক্ষণ দেখে। টের পায় প্রকৃতিতে সকাল এখন খেলা করছে। আর বিছানায় শুয়ে থাকার উপায় নেই। বালিশের নিচে রাখা মোবাইলে হাত বাড়ায়।
কোনো মেসেজ কিংবা কল এসেছে কি না না দেখে সময়ের দিকে চোখ রাখে। সময় দেখেই তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়ে। প্রতিদিনের অভ্যাসের মতো আজও ছোট গোছানো বারান্দায় দাঁড়ায়। রোদ তখন ঝিলিক মারছে অনবরত চোখেমুখে। বারাদা ঘেঁষে নিম গাছের পাতাগুলো অবিরত দুলছে তো দুলছেই। দেখে চোখ জুড়িয়ে যায়। এক ধরনের প্রশান্তি এনে দেয়। এর মধ্যে মোবাইল বেজে ওঠে। বারান্দা থেকে তাড়াতাড়ি মোবাইল হাতে নেয়। নম্বর দেখেই বুকটা কেন জানি দুলে ওঠে। না জানি কী সংবাদ। মোবাইলের অপর প্রান্তে ডাডলির কণ্ঠ।
ছুটির দিন বেশিরভাগ সময় সে ছুটে যায় লাডলার বাসায়। বাসাটা একেবারে পুরোনো হলেও দেখতে বেশ চমৎকার। কী সুন্দর দোতলায় নিচে নামার জন্য প্লেনের মতো সিঁড়ি। এই সিঁড়ি ভেঙে বিকালে লাডলা নিজেই চা বানাতে নামে সিঁড়ি লাগোয়া রান্নাঘরে। ফ্লাস্কে করে চা বানিয়ে এনে টেবিলে রাখে। তারপর চায়ের আগে বিস্কুট, চানাচুর একটা ছোট প্লেটে সাজিয়ে দেবে। অনেক সময় তারই পিঠাপিঠা ভাই ডাডলি কখনো ডালপুরি আবার কখনো জিলাপি আনবে। এই জিলাপি নিয়ে অনেকে আবার হাসাহাসি করে। কারণ ডাডলির কাছে প্রিয় হয়ে ওঠে জিলাপি।
লাডলা আবার মেহমানদারি করতে পছন্দ করে। হোক তার ভাই কিংবা তার কোনো বন্ধু। যে কারণে সবাই বলে, লাডলার বন্ধুর সার্কেলটা অনেক বড়। প্রতি সপ্তাহে তার বন্ধুদের সঙ্গে কোনো না কোনো অনুষ্ঠান থাকে। তবে ভাইদের আসার খবর জানতে পারলে ছুটির দিনের পুরো বিকাল ব্যয় করে।
যত দিন ঘনিয়ে আসছে ততই মন খারাপ করছে সে। কারণ লাডলা ও তার পুরো পরিবার দেশের বাইরে চলে যাচ্ছে। যখন থেকে জেনেছে লাডলা বিদেশ যাচ্ছে তখন থেকেই যেন এক ধরনের মন খারাপ সময় সামনে চলে আসে। ছোট ভাই দেশের বাইরে চলে যাচ্ছে এ কথা শুনে অনেকেই বলে-ভালো খবর তো। কিন্তু তার মনে এক ধরনের ঝড় বয়ে যায়। সে ঝড়ের কোনো শব্দ নেই। শুধু সাগরের গর্জনের মতো নিজের মধ্যে শোঁ শোঁ শব্দ। শব্দের কথামালা হয়ে বড় হয়। কিন্তু এক সূত্রে গাঁথা হয় না। সেদিন তার অফিসের কলিগ জিজ্ঞেস করল, আচ্ছা আপনার মন হঠাৎ উদাস হয়ে যায় কেন? সে নিজেকে সামলে নিয়ে ছোট করে উত্তর দেয়, কই, না তো। প্রশ্ন যেন মনে আরেক ঝড় তোলে। এই ঝড় কীভাবে মনের অলিন্দে ঢুকে পড়ে তা কিছুতেই টের পায় না। শুধু ভাবে ছুটির দিনের বিকালের কথা।
একটা সময় গেছে যখন কেউ কারও সঙ্গে দেখা করে না। কথা বলে শুধু টেলিফোনে। সেই সময় হঠাৎ কানে এলো, নীলু করোনা আক্রান্ত। লাডলা স্বামী হিসেবে যেন দিশেহারা হয়ে পড়েছিল। দুটো মেয়ে লাবণ্য আর বুশরা। যদি কিছু হয়ে যায় নীলুর, কী হবে। এরপরও লাডলা হাল ছাড়েনি। নীলুর অবস্থা কানে যায় অনেকের। কিন্তু সাহস নিয়ে কেউ দেখতে আসেনি। না জানি আবার করোনায় আক্রান্ত হয়। তবু বুকে সাহস নিয়ে দেখতে যায় সে।
দেখতে গিয়ে সেই চিরচেনা সিঁড়ির কাছে দাঁড়িয়ে দেখা করে নীলু। সিঁড়ি ভেঙে নামতে চেয়েছিল। বাধা দেয় সে। না আসার দরকার নেই। কয়েক মিনিটের দেখায় মন ভালো হয়ে যায় তার। লাডলাও খুশি হয়। বৃষ্টি হলে বাড়ির সিঁড়ি একেবারে পিচ্ছিল হয়ে যায়। এই পিচ্ছিল সিঁড়ি বেয়ে নীলু একনাগাড়ে ওঠানামা করেছে। কিন্তু চোখেমুখে কোনো বিরক্তি প্রকাশ করেনি। বরং মাঝেমধ্যে লাবণ্য আর টুম্পা সাহায্য করতে দুহাত বাড়িয়ে দিয়েছে। নীলু আবার একজন এলাকায় নারী সমাজ উন্নয়ন কর্মী। নারী নামে একটি সংগঠন করে ইতিমধ্যে এলাকায় বেশ নামডাক করেছে।
বিদেশ যাওয়া নিয়ে এই সংগঠন তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে নীলুর মন খারাপ হয়েছে। এতদিনের এই সংগঠন ছেড়ে যেতে হচ্ছে তাকে বিদেশে। ওখানে গিয়ে কি এই ধরনের সংগঠন করার সুযোগ পাবে? কতদিনের কত চেনা মুখ ছেড়ে চলে যাচ্ছে, ভাবতেই নীলুর মন খারাপ হয়ে যায়। কিন্তু কাউকে বলতে পারে না।
লাডলার মন খারাপ হয় কিন্তু কাউকে বুঝতে দেয় না। ছোটবেলা থেকে বেড়ে ওঠা ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ছেড়ে যাচ্ছে কত বন্ধুবান্ধব। ফেলে রেখে যাচ্ছে কত না স্মৃতি। স্মৃতি কখনো সুখের, আবার কখনো দুঃখের। বড় বোন হঠাৎ অসুস্থ। খবর কানে আসতেই দেরি করেনি যেতে। ভর্তি হলো হাসপাতালে। সেখানেও লাডলার সারাক্ষণ পাশে সময় দিয়েছে। বড় বোন যখন শুনেছে লাডলা চলে যাচ্ছে বিদেশে,তখন একবার হাউমাউ করে কেঁদেছে। লাডলার ভাগ্নে ফারুক, মাকে সান্ত¡না দেয়। বলে, কাঁদো কেন? মামা তো তার ভালোর জন্য যাচ্ছে। যাওয়ার আগে লাডলা যখন যায় তখন বড় বোন হিসেবে শুধু কাঁদেনি। বুকে জড়িয়ে বাচ্চা ছেলের মতো আগলে রেখেছে কিছুক্ষণ। চোখের পানি যেন থামে না। লাডলার চোখজুড়ে শুধু পানি। ফারুক সেই মামাকে আবার সান্ত্বনা দেয়।
হঠাৎ ডাডলির ফোন পেয়ে তার স্মৃতির দরজা বন্ধ হয়ে যায়। ও প্রান্ত থেকে জিজ্ঞেস করে, আজ বিকালে কোথায় যাবেন? প্রশ্ন শুনে কী বলবে ভেবে পায় না সে । ডাডলির কষ্ট বেশ ভারী মনে হচ্ছে। ডাডলির মন খারাপ। লাডলার সঙ্গে ডাডলির সম্পর্ক ভাই হলেও, যেন মধুর সম্পর্ক। দুজনেই অনেক কিছু শেয়ার করত । ডাডলি অনেক সময় নাশতা নিয়ে লাডলার বাসায় হাজির। আবার শখের অনেক খাবার নিয়ে আসত। ছুটির দিনে ডাডলির যাওয়ার জায়গা ছিল লাডলার বাসায়। খুব বেশি দূরে থাকে না। যখন তখন ছুটে যায় শুধু মনের টানে। লাডলার যাওয়ার আগে তার লাগেজ গোছানো থেকে শুরু করে প্রায় সবকিছুতেই ডাডলির স্পর্শ রয়েছে।
ডাডলি সালাম দিয়ে জিজ্ঞেস করে, কোথায় যাবেন? সে কী বলবে ভেবে পাচ্ছে না। ছুটির দিনে যেখানে যাবে সেখানে তো লাডলা নেই, নীলু নেই। আছে কতশত স্মৃতি। ভাবতে গেলে বুকের মধ্যে ঝড় ওঠে। ডাডলি আর কোনো কথা বলে না। মনে হচ্ছে ডাডলির বুকেও ঝড় বইছে। এ ঝড় যেন মনকে ছিন্নভিন্ন করলেও, কেউ দেখতে পাবে না। চেহারা দেখা যাচ্ছে না ঠিকই কিন্তু অনুভব করতে পারছে সে। শ্বাসপ্রশ্বাসে যেন তা প্রতিধ্বনি হচ্ছে। অনুভবে প্রবাহিত হচ্ছে।
বেশ কিছুক্ষণ পর ডাডলি আবার জিজ্ঞেস করল, আজ কোথায় যাবেন? সে কোনো উত্তর না দিয়ে শুধু বলল,পরে জানাচ্ছি। ডাডলি এতক্ষণে বুঝতে পেরেছে, তার মুখে কোনো ভাষা নেই। কোনো কথা নেই। ডাডলির টেলিফোন শেষ না হতেই এবার আরেক টেলিফোন। মুগদার মদিনবাগের জাকির।
ছুটির দিনে ছোট ভাইয়ের বাসায় যাওয়ার নিয়ে অনেক আগে থেকে জেনেও, নতুন করে জিজ্ঞেস করে, আংকেল আজ কোথায় যাবেন? এই ধরনের প্রশ্নের উত্তর দিতে কেন জানি মনকে আরও বিষণ্ণতায় ভরিয়ে দিল। সে কোথায় যাবে? এটি তার
একান্ত ব্যক্তিগত হলেও ছুটির দিনের বিকালের গন্তব্য সম্পর্কে অনেকেই জেনে গেছে। তাই নতুন করে যদি প্রশ্ন শুনে আবার নিজের কাছে নিজেই প্রশ্ন রাখে, সে আজ কোথায় যাবে। পাশের বাসায় টিভিতে কে যেন গাইছে, ‘পদ্মার টেউ রে, মোর শূন্য হৃদয় নিয়ে যা।’

