প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মানুষের লড়াই অনেক পুরোনো। গুহাবাসের সময় থেকে প্রকৃতির শক্তির কাছে টিকে থাকার চেষ্টা করেছে মানুষ। সেই গল্পও জানাতে চেয়েছে প্রজন্মের কাছে। যেকোনো দেশের কালজয়ী সাহিত্যগুলোতে মানুষের দুঃখ ও দুর্দশার গল্প খুঁজে পাওয়া যাবে। মহাকাব্য কিংবা রূপকথার জগৎ সাহিত্য যেমনই হোক, মানুষই গল্পের কেন্দ্রবিন্দু।
ফলে জীবন বদলে দেওয়া প্রাকৃতিক দুর্যোগ-ঘূর্ণিঝড় সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। শুধু মানবেতর গল্পই নয় বরং ম্যাজিক রিয়েলিজমের মতো নিরীক্ষাধর্মী বিষয়বস্তুতেও ঘূর্ণিঝড় প্রাসঙ্গিক। ফিকশনের বাইরেও এই বিষয়ে বিভিন্ন গবেষণা, ইতিহাস নন-ফিকশন ঘরানার বইও রয়েছে অনেক। এই লেখায় কিছু নির্বাচিত ঝড়-দুর্যোগের সাহিত্যের সঙ্গে পাঠককে পরিচয় করিয়ে দেওয়া যাবে।
নদীমাতৃক দেশের ঝড় বিশ্বের অন্যান্য দেশের ঝড়ের চেয়ে স্বতন্ত্র। তাই বিশ্বের অন্য কোনো সাহিত্যে কালবৈশাখীর নজির মিলবে না। বাংলার সাহিত্যিকরাও এ ঝড়ের মধ্যে খুঁজেছেন রোমান্টিসিজম।
ইংরেজি সাহিত্য ঘাঁটলে দেখা যাবে, শেক্সপিয়ার এত বিচিত্র রকমভাবে ঝড়ের অবতারণা করে রেখেছেন যে, এরপরেও সাহিত্যে আর কোনো ঝড়ের কল্পনা করতে বিপদে পড়বেন পাঠক।
রবীন্দ্রনাথ বাল্যবয়সে ম্যাকবেথের তিন ডাইনির নাচকে সুন্দর বাংলায় অনুবাদ করেছেন। রবীন্দ্রনাথে অনুবাদে ম্যাকবেথ যারা পড়েছেন তারা ওই তিন ডাইনির নাচ ভুলতে পারেন না। তবে সবার আগে স্বীকার করতে হয় যে ‘দেবতার গ্রাস’-এর ঝড় সব বাঙালিরই মনকে নাড়া দিয়েছিল। নজরুলের কবিতায় বা মোহিতলাল মজুমদারের কবিতায় কালবৈশাখী বড়ই তা-ব করে। সে ঝড় সংহারক, রুদ্র।
‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসে অদ্বৈত মল্ল বর্মণ লিখেছিলেন, ‘কোনো রাতে ঝড় আরম্ভ হইলে সহজে কমিতে চায় না। সারা রাত্রি চলে পাপসংহার। কোনো কোনো সময় প্রতি রাতে ঝড় আসে। সারাদিন খায় দায়, সন্ধ্যার দিকে আসন্ন ঝড়ের জন্য প্রস্তুত হয়। ঈশান কোণের কালো মেঘ সারা আকাশে ধোঁয়ার মতো ছড়াইয়া গিয়া হু হু করিয়া বাতাসে আসে। তারপর আসে ঝড়।’
বাংলার ঝড় দেখার সৌভাগ্য অল্পবিস্তর সবারই আছে। বাংলার একান্ত আপন কালবৈশাখীর কথা বলছি। যে ঝড়ে আম পড়ে, অপু দুর্গার মতো সব গ্রাম্য বাঙালি সে আম কুড়ায় বা শ্রীকান্ত ইন্দ্রনাথকে নিয়ে বেরিয়ে পড়ে। বাংলার দুর্যোগ মানেই ঝড়বৃষ্টি। শেক্সপিয়ারের ‘কমেডি অব এররস্’-এর অনুবাদ ‘ভ্রান্তিবিলাস’-এর প-িত ঈশ্বরচন্দ্র ঝড়ের বর্ণনা বিন্দুমাত্র কম করেননি। শেক্সপিয়ার প্রভাব বিস্তার না করলে ‘কপালক্-ুলা’ উপন্যাসে গঙ্গাসাগরে নবকুমার পথ হারাতে পারতেন কি না এমন প্রশ্ন আছে সাহিত্য সমালোচকদের।
শরৎচন্দ্র, তারাশঙ্কর, বিভূতিভূষণ বা মানিক বন্দ্যোপাধ্যায় একেকজনের লেখনীতে ঝড়ের রূপ একেক রকম। ‘পদ্মা নদীর মাঝি’-তে নদীর বুকে ঝড়ের অন্য বর্ণনা- ‘একদিন প্রবল ঝড় হইয়া গেল। কালবৈশাখী কোথায় লাগে। সারাদিন টিপটিপ বৃষ্টি হইল। সন্ধ্যায় আকাশ ভরিয়া আসিল নিবিড় কালো মেঘে, মাঝরাতে শুরু হইল ঝড়।’
ঝড়-বাদলপূর্ণ দুর্যোগের সঙ্গে অশরীরী সত্তার যে নিবিড় যোগ, তা বহু শতক আগেই কোলরিজ স্থির করে দিয়েছিলেন সেই নাবিক আর অ্যালবাট্রসের মায়াবী কল্পলোকে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পে অন্য গ্রহের প্রাণীরা এসে আমাদের পৃথিবীতে আক্ষরিক অর্থে ঝড় তুলতে পারে।
আবার বুদ্ধদেব বসু লিখছেন, ‘কলকাতার লোকের কাছে কালবৈশাখী কিছু নয় কিন্তু একজন অস্ট্রিয়ানের কাছে এ নিশ্চয়ই এক অভিজ্ঞতার মতো অভিজ্ঞতা। ধুলোর ঝড়, নারকোল গাছগুলোর মাথা নাড়ানো, মেঘের গুরু গুরু, আকাশের কালো কুটিল রূপ, বিদ্যুতের ঝিলিক; বাজের শব্দ।’
শরৎচন্দ্র লেখেন, ‘তবে রাক্ষসী সাতশ’ নয়, শতকোটি; উন্মত্ত কোলাহলে এদিকেই ছুটিয়া আসিতেছে। আসিয়াও পড়িল। রাক্ষসী নয়, ঝড়। তবে এর চেয়ে বোধ করি তাদের আসাই ঢের ভালো ছিল।’
বিশ্ব সাহিত্যে ঝড়বাদল কিশোর সাহিত্যের একটি জরুরি অনুষঙ্গ। এবার আসি জনপ্রিয় কিশোর সাহিত্যে। ১১ বছর বয়সি ফিলিপ নামের এক কিশোরকে নিয়ে লেখা উপন্যাস ‘দ্য কে’। এতে দেখা যায়, ফিলিপের মা ভার্জিনিয়ার উদ্দেশে জাহাজে রওনা দেন। কারণ তিনি জার্মানদের আক্রমণের ভয় করছিলেন। কিন্তু মাঝ সমুদ্রে টর্পেডোর আঘাতে তারা বিচ্ছিন্ন হয়ে যান। কিশোর ফিলিপ বিচ্ছিন্ন হয়ে টিমোথি নামের একজন বৃদ্ধ লোক ও একটি বিড়ালের সঙ্গে আলাদা হয়ে সমুদ্রে আটকা পড়েন। সূর্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে, একসময় ফিলিপ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে শুরু করে।
বহু কষ্টে একটি দ্বীপ খুঁজে পায় তারা। সেখানে একটি ছোট পাত্রের মধ্যে নুড়ি রেখে তারা দিনের হিসাব করতে থাকে। সেই দ্বীপে ভয়ংকর সব দুর্যোগ পেরিয়ে একসময় ফিলিপ ঠিকই উদ্ধার হয়। তবে ততদিনে বৃদ্ধ টিমোথির করুণ পরিণতি ঘটেছে। বছরখানেক পর অস্ত্রোপচারের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পেয়ে সমুদ্র অভিযাত্রী হওয়ার পরিকল্পনা করে ফিলিপ। এ যেন এক ভয়ংকর ঘূর্ণিঝড়ে দুই প্রজন্মের টিকে থাকার গল্প। থিয়েডোর টেইলরের লেখা এই বিখ্যাত উপন্যাসটি প্রকাশ হয় ১৯৬৯ সালে। কিশোর বয়সিদের জন্য বইটি বেশ জনপ্রিয়।
তবে বৃদ্ধ টিমোথি নামের লোকটিকে ‘নিগ্রো’ হিসেবে দেখানোর কারণে পরবর্তী সময়ে প্রচুর সমালোচিত হয় বইটি। বইটি প্রকাশ হওয়ার পরের বছর ১৯৭০ সালে বইটিকে ‘জেন অ্যাডামস চিলড্রেন বুক অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। কিন্তু ১৯৭৪ সালে কর্তৃপক্ষ জানায়, ভুল করে বইটিকে সম্মাননা দিয়েছি। বইটি মূলত ‘বর্ণবাদ’ প্রকাশ করে। এ ছাড়াও ২০২০ সালে ক্যালিফোর্নিয়া শহরের ‘বারবাঙ্ক হাই স্কুল’সহ বেশ কিছু স্কুলে বইটি পাঠ্যসূচি থেকে বাদ দেয়।
বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক মুহম্মদ জাগর ইকবালের বিজলী বইটি অসম্ভব সাহসী একজন মেয়েকে নিয়ে। কিশোর উপযোগী মুহম্মদ জাফর ইকবালের বইটি বেশ জনপ্রিয়। বই পাঠকদের সামাজিক প্ল্যাটফর্ম গুডরিডসে এখন পর্যন্ত বইটির রেটিং দিয়েছেন চারশর বেশি মানুষ। এর উৎসর্গে মৃত্যুপথযাত্রী নভেরা নামের একটি মেয়ের কথা বলা হয়েছে। যেটি কিশোর বয়সি পাঠকের মন জীবনে টিকে থাকার ব্যাপারে উসকে দেয়।
বিজলী কীভাবে ঘূর্ণিঝড়ে সব হারিয়ে জীবনে আশা নিয়ে টিকে থাকে, এমনই এক গল্প। এ ছাড়াও লেখকের বর্ণনা ঘূর্ণিঝড়কে বইয়ের পাতাতেই বেশ জীবন্ত করে তোলে। ‘সন্ধেবেলা থেকে ঝড়ের বেগ বাড়তে লাগল। প্রথম দিকে এটা দমকা হাওয়ার মতো ছিল, আস্তে আস্তে সেটা সত্যিকার ঝড় হয়ে গেল। বাতাসটা পুব দিক থেকে পশ্চিমে বইছে। বিজলী বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকায়। নিশ্চয়ই আজ পূর্ণিমার রাত, আকাশের মেঘ ফুটে চাঁদের আলো ছড়িয়ে পড়ছে। চারদিকে কেমন যেন একটা অপার্থিব আলো।
সেই আলোতে সবকিছু কেমন যেন অবাস্তব স্বপ্নের মতো দেখায়। বাতাসে এক ধরনের শব্দ শোনা যায়, শিস দেওয়ার মতো শব্দ। শব্দটা কোথা থেকে আসে কে জানে। সেই শব্দ ছাপিয়ে মাঝেমধ্যে সমুদ্রের গর্জন শোনা যেতে থাকে। বিজলী বারান্দায় দাঁড়িয়ে দেখতে পেল বাতাসের প্রচ- আঘাতে গাছগুলো কেমন যেন মাথা কুটছে। বাড়ির সামনে নারকেল গাছের পাতাগুলো ঝাপটে পড়ছে, পুরো গাছটাই মাঝেমধ্যে নুইয়ে পড়ছে। বিজলীদের বাড়িটা বাতাসে থরথর করে কেঁপে উঠছে, মনে হয় যেকোনো সময় বুঝি উড়ে যাবে।’ ২০১৮ সালে প্রকাশিত বইতে কিশোর উপযোগী বর্ণনায় উঠে এসেছে ঘূর্ণিঝড়ের চিত্র।
বাঙালির জীবনে অবশ্য ঝড় কম নয়। বাঙালির রাজনীতি থেকে চায়ের কাপে ঝড় তোলার অভ্যাসটা সর্বত্র। নজরুল থেকে সুকান্ত সে তালিকাও বেশ লম্বা বলা যাবে।
এখন রবীন্দ্রনাথে ঝড়ের গল্পটি দিয়ে লেখাটি শেষ করতে হবে। ১৮৯৫ সালের সেপ্টেম্বর মাসে রবীন্দ্রনাথকে বিশেষ কাজে শিলাইদহ যেতে হয়েছিল। সেই ভ্রমণে তিনি সাত বছরের রথীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। আর ছিলেন রবীন্দ্রনাথের ভাই বীরেন্দ্রনাথ ঠাকুরের পুত্র বলেন্দ্রনাথ (১৮৭০-১৮৯৯), যার ডাকনাম বলু। শিলাইদহে তারা থাকতেন পদ্মা নদীর কোলে কবির প্রিয় পদ্মাবোটে। কিন্তু নদী একদিন (১ অক্টোবর) উত্তাল হয়ে উঠল। অবিরাম বৃষ্টি, বাতাসের হাহাকার, বিদ্যুতের চমকানি আর বজ্রপাতের হুঙ্কারে নদী ভয়ংকর রূপ নিল।
বিশাল পদ্মাবোটে কবি একা। সঙ্গে শিশু রথী আর কিশোর বলু। দুজনের দায়িত্ব একাকী রবীন্দ্রনাথের ওপরে। তিনি দুজনকে বুকে করে সারারাত জেগে কাটালেন। এমন রাতে কবিত্ব আসে না, যুদ্ধ করে যেতে হয় কেবলমাত্র টিকে থাকার জন্য। পরে ইন্দিরা দেবীকে চিঠিতে লিখেছেন, ‘দিন দুয়েক রীতিমতো ঝড়ের দাপটে পড়িয়াছি। কতকটা সাইক্লোনের মতো। রথী এবং বলু স্কন্ধে থাকাতেই সমস্যা।’ বলা যেতেই পারে সেদিন রবীন্দ্রনাথ রীতিমতো ভয় পেয়েছিলেন। অবশেষে একসময় এই দুঃস্বপ্নের রাত শেষ হলো।
পরদিন সকালে ঝড় থামলে আকাশ পরিষ্কার হলো, প্রভাত সূর্যের অরুণ আলো ছড়িয়ে পড়ল শান্ত পদ্মার জলে। রবীন্দ্রনাথ গিয়ে বসলেন তার লেখার টেবিলে। লিখে ফেললেন আহা জাগি পোহাল বিভাবরী।

