এক ছিল কুমোর। তার একটি ঘোড়া আর একটি গাধা ছিল। কুমোর কোথাও বেড়াতে গেলে ঘোড়ায় চেপে যেত। ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। পাঁচ পাঁচবার প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। এই ঘোড়া কুমোরকে অনেক সম্মান এনে দিয়েছিল। তাই কুমোর ঘোড়াকে অনেক ভালো ভালো খাবার দিত। অনেক আদর-যত্ন করত। আর কুমোর গাধার পিঠে মালের বোঝা আনা-নেওয়া করত। ঘোড়া ও গাধা কুমোরের খুব উপকার করত।
একসময় কী হলো, ঘোড়ার প্রতি গাধার খুব হিংসা হলো।
একদিন গাধা ঘোড়াকে বলল, আমিও তোমার মতো দৌড়াতে চাই। ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেত চাই। তুমি আমাকে বুদ্ধি দাও।
ঘোড়া গাধার কথা শুনে হো...হো...করে হেসে উঠল।
‘গাধা আবার কখনো ঘোড়া হয় নাকি? তার চেয়ে বরং তুমি মালের বোঝাই টানতে থাকো’, বলল ঘোড়া।
ঘোড়ার কথা শুনে গাধার আরও মন খারাপ হলো। কষ্ট পেল।
গাধার মন খারাপ দেখে ঘোড়া মনে মনে ভাবল, ‘মালিক গাধাকে প্রতিদিনই তো দেখি পিঠে মাল চেপে জোরে জোরে হাঁটতে বলে। আর চাবুক মারতে থাকে। এই সুযোগে যদি গাধা একটু জোরে হাঁটে। চালু হয়।’
ঘোড়া গাধাকে বলল, ‘আচ্ছা, তোমার যেহেতু দৌড়াতে এতই ইচ্ছে করে, তা হলে একবার চেষ্টা করে দেখতে পারো। এর জন্য তোমাকে মাঠে প্রচুর দৌড়াতে হবে। প্রতিদিন অনুশীলন করতে হবে।’
ঘোড়ার কথায় গাধা এবার খুশি হলো। গাধা উৎসাহ পেল।
পরদিন কুমোর গাধাকে মাঠে চড়াতে দিয়ে এলো। সুযোগ পেয়ে গাধা শুরু করল দৌড়...। মাঠের এপ্রান্ত থেকে ওপ্রান্ত দৌড়াতে লাগল। গাধার দৌড়াদৌড়ি দেখে গরুও দৌড় আরম্ভ করল। ছাগল, ভেড়া, মহিষ ছোটাছুটি করতে লাগল। পুরো মাঠে আতঙ্ক ছড়িয়ে পড়ল।
দৌড়াতে দৌড়াতে পায়ের নিচে ছাগলের বাচ্চার একটি ঠ্যাং ভেঙে ফেলল।
কুমোরের কাছে নালিশ এলো। কুমোরের জরিমানা হলো। কুমোর গাধাকে শাস্তি দিল।
এর কয়েক দিন পর গাধা আবার এমন ঘটনা ঘটিয়ে ফেলল। কুমোর গাধাকে পিটুনি দিল। দড়ি দিয়ে মাঠে বেঁধে আসল। তবু গাধা সংশোধন হলো না। বরং গাধার মনে জেদ চেপে বসল। রাগে-ক্ষোভে ফেটে পড়ল গাধা।
একদিন গাধা তার পিঠের বোঝা থেকে সব মাটির হাঁড়ি-পাতিল ফেলে দিল। হাঁড়ি-পাতিলগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কুমোর গাধাকে কষা চাবুক মারল। গাধাকে এমন করার কারণ জানতে চাইল কুমোর। গাধা কুমোরকে মনের ইচ্ছে বলল। কুমোর গাধার কথা শুনে ভীষণ রেগে গেল। গাধার প্রতি অসন্তুষ্ট হলো।
কুমোর বলল, ‘গাধার বাচ্চা গাধা, তোর মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য তোকে আমি খাওয়াই? তোকে আমি বিক্রি করে দেব।’
পরদিন কুমোর গাধাকে একজন পাথর ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল।

