চার্লস ডিকেন্সের পুরো নাম চার্লস জন হাফাম ডিকেন্স। বব ছিল তার ছদ্মনাম। তিনি ছিলেন ঊনবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ ঔপন্যাসিক। তাকে ভিক্টোরিয়ান যুগের শ্রেষ্ঠ ঔপন্যাসিক মনে করা হয়। ডিকেন্স তার জীবদ্দশাতেই পূর্বসূরি লেখকদের তুলনায় অনেক বেশি জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছিলেন।
ভিক্টোরিয়ান যুগে ইউরোপের সাহিত্যে এক নতুন বিপ্লবের নাম চার্লস ডিকেন্স। তিনি একাধারে ঔপন্যাসিক, সাংবাদিক, সম্পাদক, সচিত্র প্রতিবেদক এবং সমালোচক ছিলেন। তবে চার্লস ডিকেন্সকে ইতিহাস মনে রাখবে তার অসাধারণ লেখনীর জন্য। ‘অলিভার টুইস্ট’, ‘অ্যা ক্রিস্টমাস ক্যারল’, ‘নিকোলাস নিকলবি’, ‘ডেভিড কপারফিল্ড’, ‘অ্যা টেল অব টু সিটিস’ এবং ‘গ্রেট এক্সপেকটেশন’ এর মতো কালজয়ী উপন্যাসের রচয়িতা ডিকেন্সকে ঊনবিংশ শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় লেখক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
ডিকেন্সের শুরুর জীবনটা খুব আনন্দময় ছিল না। লন্ডনের দরিদ্র পল্লীতে নতুন বসতি স্থাপন করেন জন ডিকেন্স। অর্থাভাবে নিরুপায় হয়ে তিনি প্রতিবেশীর কাছ থেকে বেশ কিছু টাকা ঋণ করেন। কিন্তু নির্দিষ্ট সময়সীমার পরও তিনি অর্থ পরিশোধে ব্যর্থ হন। পাওনাদাররা রেগে গেল। এভাবে আর কয়দিন? এবার তারা জনের নামে মামলা ঠুকে দিল। মামলায় জন এবং তার পুরো পরিবারকে আসামি করা হলো। কয়দিন বাদে ডিকেন্সের বাড়ির সামনে পুলিশ এসে হাজির হলো। বেচারা ডিকেন্স অসহায় আত্মসমর্পণ করেন। ১৮২৪ সালে জন ডিকেন্স এবং তার পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়।
বিখ্যাত সাহিত্যিক চার্লস ডিকেন্সের জন্ম ১৮১২ সালের ৭ ফেব্রুয়ারি ইংল্যান্ডের পোর্টসমাউথ শহরে। বাবা জন ডিকেন্স এবং মা এলিজাবেথ বারোর আট সন্তানের সংসারে চার্লস দ্বিতীয় সন্তান ছিলেন। ডিকেন্সরা পারিবারিক দিক থেকে অসচ্ছল ছিলেন। জন ডিকেন্স কঠোর পরিশ্রম করতেন পরিবারের ভাগ্য বদলানোর জন্য, কিন্তু কোনোভাবেই তাদের অবস্থার উন্নতি হলো না। জনের কাছে পোর্টসমাউথ শহরকেই অভিশপ্ত লাগতে থাকে। তাই ভাগ্য পরিবর্তনের আশায় সপরিবারে কেন্টের চাথাম শহরে গমন করলেন। নতুন শহরে নতুনভাবে সবকিছু শুরু করলেন তারা। শহরের রাস্তায় মুক্তভাবে চলাফেরা করতেন তিনি। মাঝে মাঝে রোচেস্টারের প্রাচীন প্রাসাদে ঘুরতে যেতেন ভাইবোনদের সঙ্গে। মনে হচ্ছিল এবার বুঝি ভাগ্য ফিরল ডিকেন্সদের। কিন্তু চাথামেও স্থায়ী হতে পারলেন না তারা। ফলে ১৮২২ সালে লন্ডনে স্থানান্তরিত হন তারা। চার্লস ডিকেন্সের শৈশব লন্ডনেই কাটে। কিন্তু নতুন শহরে আরও বড় ঝামেলায় ফেঁসে গেলেন জন ডিকেন্স। ফলে শৈশবের আনন্দে ইস্তফা দিয়ে জীবনযুদ্ধে জড়িয়ে পড়েন কিশোর চার্লস।
মা-বাবাবিহীন চার্লস জীবিকার তাগিদে চাকরি খুঁজতে থাকেন। শেষ পর্যন্ত টেমস নদীর ধারে এক জুতার কালির কারখানায় কাজ জুটে যায়। সপ্তাহে ছয় শিলিং করে পেতেন তিনি। এই অর্থ দিয়ে কোনোমতে দুই বেলা খেয়ে দিন গুজরান করতে থাকেন তিনি। তার স্কুলে যাওয়াও বন্ধ হয়ে যায়। প্রতিদিন খুব ভোরে কাজে বেরিয়ে পড়তেন চার্লস। ফিরতেন বেশ বেলা করে। শৈশবের এই সংগ্রাম চার্লসের মনস্তাত্ত্বিক জগতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। চার্লস ডিকেন্স তার আত্মজীবনীতে তার শৈশব সম্পর্কে মন্তব্য করেন, ‘এত কম বয়সে আমি কীভাবে লড়াই করতে পেরেছি, তা ভাবতেই অবাক লাগে। আমার মা-বাবা আমার অবস্থা দেখে কেঁদে ফেলতেন। তারা সন্তুষ্ট ছিলেন বটে। কিন্তু আমার পুরো জগতটা তছনছ হয়ে গিয়েছিল। সবাই কেমন যেন করুণার দৃষ্টিতে তাকাত। এখন আমি খুব বিখ্যাত। জীবনটাও বেশ চলছে। আমি তো মাঝে মাঝে ভুলেও যাই যে আমার একজন স্ত্রী আছে, আমি একজন পারিবারিক মানুষ। হঠাৎ করে আমি ফিরে যাই আমার শৈশবে, সেই দুর্বিষহ অতীতে!’
চার্লস ডিকেন্স প্রতি সপ্তাহে একবার কারাগারে মা-বাবাকে দেখতে যেতেন। সমাজে অবহেলিত চার্লস খুব দ্রুত সমাজের কঠিন বাস্তবতা এবং অসঙ্গতির সঙ্গে পরিচিত হন। পরবর্তী সময়ে তিনি এই অসঙ্গতিকে তার উপন্যাসে স্থান দেন। তার লেখনীর মাধ্যমে আমরা বারবার দরিদ্র নিপীড়িত সমাজব্যবস্থার মুখোমুখি হই।
মায়ের কাছেই লেখাপড়ায় প্রথম হাতেখড়ি তার, এরপর মাত্র ৯ বছর বয়সের মধ্যেই পড়ে ফেলেন ইংরেজি সাহিত্যের বিখ্যাত সব লেখকদের বই আর এরাবিয়ান নাইটস, যেগুলো তার বাবার সংগ্রহে ছিল। এখান থেকেই তার সাহিত্যের প্রতি অনুরাগের জন্ম।
একটি মৃত্যুর ঘটনা এ সময় বদলে দেয় তার জীবন। তার বাবা জন ডিকেন্সের দাদি মারা যাওয়ার সময় দিয়ে যান ৪৫০ পাউন্ড। চার্লস আবার ভর্তি হলেন ওয়েলিংটন হাউস একাডেমি স্কুলে । কিন্তু স্কুলের নিয়মানুবর্তিতা, শিক্ষকদের নির্মম আচরণ আর কঠিন শাস্তির জন্য তিনি স্কুল ছেড়ে দিলেন। ১৮২৭ সালের মে মাসে হলবর্ন কোর্টে জুনিয়র কেরানি হিসেবে চাকরি নিলেও পরের বছরের নভেম্বরে ছেড়ে দেন; শুরু করেন সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা, নেন প্রশিক্ষণ। ১৮৩৪ সাল থেকে মর্নিং ক্রনিকল পত্রিকার মাধ্যমে শুরু করেন সাংবাদিকতার চাকরি, পরবর্তী সময়ে ‘হাউস হোল্ড ওয়ার্ড’ পত্রিকার সহকারী সম্পাদক হন। ১৮৩৬ সালে চার্লস ক্যাথেরিন থমসন হগার্থকে বিয়ে করেন। তার সন্তান সংখ্যা ছিল ১০।
১৮৩৩ সালে প্রথম গল্প লেখেন চার্লস ডিকেন্স-‘আ ডিনার অ্যাট পপলার ওয়ার্ক’ শিরোনামে, যা ছাপা হয় লন্ডনের মান্থলি ম্যাগাজিনে। ১৮৩৬ সালের মার্চ থেকে শুরু করেন ধারাবাহিক উপন্যাস ‘দ্য পিকউইক পেপারস’ লেখা, যা তাকে এনে দেয় সাহিত্যিকের স্বীকৃতি। এরপর একের পর এক লেখেন তার বিখ্যাত সব বই।
মানুষের স্বার্থপরতা ও শয়তানির বহু চিত্র আছে তার উপন্যাসে। কিন্তু তাই তার উপন্যাসের শেষ কথা নয়। অন্ধকরের পাশেই রয়েছে আলো, শীতের পরে বসন্ত, হীনতার পাশেই মোহনীয়তা সে কথা তিনি ভোলেননি, তিনি আশাবাদী। তাই এই চারিত্রিক ক্ষুদ্রতা ও মহত্ত্ব দুই রকমের বৈশিষ্ট্যপূর্ণ চরিত্রেই সমাহার রয়েছে তার উপন্যাসে।
তার অধিকাংশ রচনাই পত্র-পত্রিকায় মাসিক কিস্তিতে প্রকাশিত হতো। এ পদ্ধতিতে রচনা প্রকাশকে জনপ্রিয় করে তোলার পেছনেও ডিকেন্সের কিছু অবদান আছে। অন্যান্য লেখক ধারাবাহিক কিস্তি প্রকাশের আগেই উপন্যাস শেষ করতেন কিন্তু ডিকেন্স কিস্তি প্রকাশের সঙ্গে সঙ্গে পরের অধ্যায়গুলো রচনা করে যেতেন। এ পদ্ধতিতে উপন্যাস রচনার ফলে তার উপন্যাসগুলোর গল্পে একটি বিশেষ ছন্দ দেখা যেত। অধ্যায়গুলোর শেষটুকু হতো রহস্যময়, যার ফলে পাঠক পরের কিস্তিটি পড়ার জন্য মুখিয়ে থাকতেন। তার গল্পগ্রন্থ ও উপন্যাসগুলো এতই জনপ্রিয় যে, এগুলো কখনোই আউট অব প্রিন্ট হয়ে যায়নি। ভিক্টোরীয় যুগের পাঠকের চাহিদা অনুযায়ী তার উপন্যাসে অতিনাটক, করুণ রস, রোমাঞ্চকর বা উত্তেজনাপূর্ণ ঘটনা, ভাবপ্রণতা, রোমান্স প্রভৃতি সব বৈশিষ্ট্যই ছিল, আর সেই সঙ্গে ছিল তরতরে গল্প বলার ক্ষমতা। এই গুণেই ডিকেন্স তৎকালীন এবং সর্বকালীন সাধারণ পাঠকের প্রিয় ঔপন্যাসিক হয়ে উঠেছিলেন এবং তার খ্যাতি ও প্রভাব দেশের সীমা ছাড়িয়ে দেশের বাইরেও বিস্তৃত হয়ে পড়েছিল। তার লোকপ্রিয়তায় আজও ভাটার টান শুরু হয়নি।
তার অসাধারণ গদ্যশৈলীর কারণে ইংরেজি সাহিত্যের প্রখ্যাত লেখকদের আসনে অন্যতম লেখক হিসেবে নিজের আসনটি তৈরি করে নিয়েছিলেন ডিকেন্স। অমর হয়ে আছেন তার কালজয়ী সব সৃষ্টির জন্য, যার বেশিরভাগই এখন ক্লাসিকের মর্যাদায় অধিষ্ঠিত।
১৮৭০ সালের ৯ জুন মারা যান জনপ্রিয় এই ইংরেজ ঔপন্যাসিক। তাকে সমাধিস্থ করা হয় পোয়েটস কর্নার, ওয়েস্টমিনস্টার অ্যাবেতে।

