বিভিন্ন রকম দেশি-বিদেশি ফলজ বনজ ঔষধি গাছে সাজানো প্রিতমদের বাগানটা। নিতান্ত শখের বশেই প্রিতমের বাবা অধ্যাপক পার্থ প্রতিম সাহা নিজের পৈতৃক ভিটায় গড়ে তুলেছেন এই বিশাল বাগানটি। সঙ্গে আছে নানা রকমের সবজি এবং মনোমুগ্ধকর সব ফুল গাছও। বাড়ির পেছন দিকটায় রয়েছে একটা পুকুর, করেছেন মাছের চাষ। যা থেকে মিটছে নিজের পরিবারের পুষ্টির চাহিদার সঙ্গে প্রতিবেশিদেরও চাহিদা।
অধ্যাপক পার্থ প্রতিম বাবুর এলাকায় বেশ সুনাম রয়েছে। ব্যক্তি হিসেবে সর্বজন শ্রদ্ধেয়, মিষ্টভাষি, সদালাপি নরম মনের একজন মানুষ এই প্রফেসর বাবু। নিজের সাধ্য অনুযায়ী সবসময়ই চেষ্টা করেন মানুষের উপকার করতে, বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়াতে। অধ্যাপকের এই বিশাল সবুজ উদ্যানটি যেন হাজারো পাখির মিলনক্ষেত্র, অভয়ারণ্য। বিভিন্ন রকম রং-বেরঙের পাখির কলকাকলিতে সর্বদা মুখরিত থাকে এই অঞ্চলটি, আর প্রফেসর বাবু ও তার আদরের শিশুপুত্র প্রিতম যেন প্রাণভরে উপভোগ করে পাখিদের ওড়াউড়ি, কলকাকলি! মাঝে মাঝে কৌতূহলী প্রিতম বাবার কাছে জানতে চায় পাখিদের নাম, বাবাও চেষ্টা করেন নিজের জানামতে পাখিদের নাম এবং বৈশিষ্ট্যগুলো সন্তানকে জানাতে। হঠাৎ একদিন বিকালে প্রিতম লক্ষ করল ওদের বাগানে এক জোড়া নতুন পাখির উপস্থিতি। সঙ্গে সঙ্গেই প্রিতম ওর মাকে ডাকতে আরম্ভ করল।
মা, ও মা!
মা বলল, কী হলো! ডাকছ কেন আবার?
মা দেখে যাও, তাড়াতাড়ি এসো!
মা ছুটে এসে জানতে চাইল ব্যাপারখানা কী!
মা, দ্যাখো আমাদের বাগানে আজ দুটো নতুন পাখি এসেছে।
মাও বেশ আগ্রহ নিয়ে বলল, কোথায়! কোথায়!
প্রিতম বলল, ওই যে দ্যাখো! ওই যে, আম গাছে! এগুলো কী পাখি মা?
মা বলল, সম্ভবত ঘুঘু। তোমার বাবাকে জিগ্যেস করো উনি বলতে পারবেন।
প্রিতমের বাবা বাসায় আসতে সন্ধ্যা হয়ে গেল, তাই রাতে আর বাবাকে পাখিগুলো দেখাতে পারল না প্রিতম। কিন্তু খবরটা দিতে এক মুহূর্ত দেরি করল না! বাবা জানতে চাইল-তুমি কি চিনতে পেরেছ কী পাখি? প্রিতম বলল, না বাবা আমি তো চিনি না, তবে মা বলল ওগুলো নাকি ঘুঘু পাখি!
মা চায়ের কাপ হাতে নিয়ে বলল, আমিও শিউর না, তবে মনে হচ্ছে ঘুঘু পাখিই হবে।
বাবা বললেন, ঠিক আছে, কাল সকালে আমরা আবার দেখব!
সকালে ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে পার্থ বাবু বাগানে গেলেন, প্রিতম চিৎকার দিয়ে উঠল, ওই যে বাবা, দ্যাখো দ্যাখো!
বাবা হাসি মুখে বললেন, হ্যাঁ ঠিকই আছে, এগুলো ঘুঘু পাখিই, তোমার মা ঠিকই চিনেছে।
দেখতে দেখতে এই ঘুঘু পাখিগুলো এই মনোরম সুন্দর পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে আরম্ভ করল! প্রিতমও বাবা-মায়ের সঙ্গে ঘুরে ঘুরে প্রতিদিন সেই পাখিগুলোর গতিবিধি খুব ভালোভাবে নজরে রাখছিল! একদিন প্রিতম দেখতে পেল একটা ঘুঘু ওদের গড়া নীড়ে চুপচাপ বসে আছে। প্রিতম মাকে ডেকে জিগ্যেস করল, মা ওই পাখিটা এরকম চুপচাপ বসে আছে কেন?
মা বলল, সম্ভবত ডিম দিয়েছে বা দেবে।
মায়ের মুখে এরকম কথা শুনে খুশিতে চেঁচিয়ে উঠল প্রিতম-ইয়াহু! হুররে! কী মজা! কী মজা! ঘুঘু ডিম দিয়েছে!
বাবা বাসায় ফেরার সঙ্গে সঙ্গেই সুসংবাদটা দিতে এক মুহূর্ত দেরি করল না প্রিতম। বাবাও মনে মনে খুশি হলেন।
সেদিন থেকেই ভেতরে ভেতরে এক চাপা উত্তেজনা অনুভব করতে লাগল ছোট্ট প্রিতম! কবে আসবে সেই দিন, যেদিন ডিম থেকে বের হবে ঘুঘু পাখির ছানা! অধীর আগ্রহে দিন কাটাতে আরম্ভ করল প্রিতম। কিন্তু এর মধ্যে ঘটে গেল এক সর্বনাশা ঘটনা। প্রিতমের সব স্বপ্ন আশা মুহূর্তেই নিঃশেষ করে দিল কালবৈশাখী! প্রচ ঝড়ে ভেঙে পড়ল ঘুঘু পাখির বাসাসহ আরও অনেক পাখির বাসা, বাগানের অনেক গাছপালাও ক্ষতিগ্রস্ত হলো সেই ঝড়ে! ছোট্ট প্রিতমের বুকটা ভেঙে গেল, কান্না যেন কিছুতেই থামছে না ওর। ছেলের এরকম অবস্থা দেখে বাবা-মাও বেশ আবেগাপ্লুত হয়ে গেলেন! কেঁদে কেঁদে প্রিতম বাবাকে বলল, বাবা, তুমি একটা কিছু করো যাতে এরকম যেন আর কখনো না হয়।
বাবা বললেন, ঠিক আছে সোনা তুমি একটু শান্ত হও। আমি ঠিক একটা ব্যবস্থা করব।
অধ্যাপক পার্থ মনে মনে চিন্তা করে একটা বুদ্ধি বের করলেন, পাখিদের নিরাপদ বংশ বৃদ্ধির জন্য এক পরিকল্পনা হাতে নিলেন, যার সঙ্গে আরও কিছু স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনও যুক্ত হলো। সবাই মিলে শুরু করলেন গাছে গাছে হাঁড়ি আর কাঠের তৈরি বাক্স বাঁধার কাজ। যাতে ঝড়-বৃষ্টিসহ কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগেই আর যেন ক্ষতি না হয় পাখিদের ডিম ছানা বাসা। পাখিদের প্রতি নিখাঁদ ভালোবাসার এরকম কার্যক্রমে খুশিতে আত্মহারা হয়ে গেল প্রিতম।

