বর্ষা প্রকৃতির বিস্ময়কর সুন্দর। এই সুন্দরের সবচেয়ে আশ্চর্য দিক হলো তার নিত্যনতুন পরিবর্তন। নানা বর্ণে গন্ধে রূপে ঐশ্বর্যে প্রতিনিয়ত নিজেকে নতুন করে সাজিয়ে তোলার মধ্যে প্রকৃতির এই যে পরিবর্তন, এমনটা আর কোনো ঋতুতে দেখা যায় না।
বর্ষার এই যে নবরূপে সজ্জিত হয়ে আপন মহিমায় উজ্জ্বল হয়ে ওঠা, তার মধ্যে নিরন্তর বর্ষণের দিনগুলো আমাদের জীবনে সবচেয়ে বেশি তাৎপর্যময় হয়ে ওঠে। এ সময় আকাশ মেঘে ঢেকে যায় এবং পৃথিবীতে যে অন্ধকার নেমে আসে, তার মধ্যে ধরা দেয় চির পুরাতন পৃথিবীর রূপরসগন্ধ। আকাশ থেকে অঝোরে ঝরতে থাকে বৃষ্টিধারা। এমনটা আর কোনো ঋতুতে হয় না। এ সময় জলের জীবন সব দিক থেকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুর ‘নববর্ষা’ প্রবন্ধে লিখেছেন, ‘মেঘ আপনার নিত্যনতুন চিত্রবিন্যাসে, অন্ধকারে, গর্জনে, বর্ষণে চেনা পৃথিবীর ওপর একটা প্রকা- অচেনার আভাস নিক্ষেপ করে; একটা বহুদূর কালের এবং বহুদূর দেশের নিবিড় ছায়া ঘনাইয়া তোলে; তখন পরিচিত পৃথিবীর হিসাবে যাহা অসম্ভব ছিল তাহা সম্ভবপর বলিয়া বোধ হয়।’ বর্ষাই হলো সেই ঋতু, যে ঋতুতে আমরা চির নতুন আর চির পুরাতন পৃথিবীর মুখোমুখি হই। কালিদাসের ‘মেঘদূত’ কাব্যগ্রন্থ অমরত্ব লাভ করেছে বর্ষা আর বিরহের আখ্যান রচনার ভেতর দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষাকেন্দ্রিক কবিতা ও গানের মূল সুরে নিহিত আছে কালিদাসের মেঘদূত কাব্যের জীবনাদর্শ। কারণ এই কাব্যগ্রন্থের মধ্যে মানুষের প্রেম আর বিরহের যন্ত্রণাকে দেখানো হয়েছে বর্ষার মেঘ আর তার নিরন্তর চলার মধ্যে এবং মানুষের চিরকালের মিলনাকাক্সক্ষার এক অপরিমেয় দূরবর্তী সীমানার রূপচিত্রের মধ্যে। লাখ লাখ বছর পূর্বে আকাশে মেঘ দেখা গেলে পৃথিবীর মানুষের মধ্যে যে প্রণয়াকাক্সক্ষা জেগে উঠত, যে নৈঃসঙ্গ্যের বোধ তাকে বিষয়ভাবনাহীন করে তুলত, আজও তা হয়।
প্রেম আর বিরহের যুগলবন্দি হিসেবে কবিতা চর্চা শুরু হয়েছিল সেই মধ্যযুগ থেকে। কবি চ-ীদাস লিখেছেন, ‘এ ঘোর রজনী মেঘের ঘটা/ কেমনে আইল বাটে/ আঙ্গিনার মাঝে বধূয়া ভিজিছে/ দেখিয়া পরাণ ফাটে।’ আর বিদ্যাপতির রচনায়ও বর্ষার বিরহকাতরতা গভীর এক তাৎপর্যে অভিষিক্ত হয়েছে : ‘এ সখী হামারি দুখের নাহি ওর/ এ ভরা ভাদর মাহ বাদর শূন্য মন্দির মোর।’ মধ্যযুগেরই এই কবিগণ বর্ষার যে রূপ চিত্রিত করেছেন, তার সঙ্গে মানবজীবনের চিরায়ত প্রেম ও বিরহের বোধ গভীর মমতায় অঙ্কিত হয়েছে। ‘বারমাস্যা’ নামে একটি কবিতায় কবি কাজী দৌলত লিখেছেন, ‘প্রথম বরিষা দেখে প্রবেশে আষাঢ়।/বিরহিনী বিরহ বাড়ায় অতি গাঢ়।।/মদন ঐষিক জিনি নিরখিলা ঘন।/ শিখরে নাচয় শিখী ধরিয়া পেখন।।/ নব নীর পানে মত্ত চাতক চপল।/ পিউ পিউ উচ্চ স্বরে ফুকারে মঙ্গল।।/ কেহ নাচে কেহ গাহে সরস বিহঙ্গ।/ দোলয় দম্পতি সব মদন তরঙ্গ।।’
আধুনিক যুগের সূচনালগ্নে এসে বর্ষার কবিতায় গড়নগত পার্থক্য সূচিত হয়েছে। কিন্তু বোধের জগতে তেমন কোনো রকমফের হয়নি। বাংলা কবিতার গড়নে ও ভাবনায় যিনি বিপ্লবের সূচনা করেন সেই মধুসূদন লিখেছেন, ‘গভীর গর্জ্জন সদা করে জলধর,/ উথলিল নদনদী ধরণী উপর।/ রমণী রমণ লয়ে, সুখে কেলি করে,/ দানবাদি দেব, যক্ষ সুখিত অন্তরে।/ সমীরণ ঘন ঘন ঝন ঝন রব,/ বরুণ প্রবল দেখি প্রবল প্রভাব।/ স্বাধীন হইয়া পাছে পরাধীন হয়,/ কলহ করয়ে কোন মতে শান্ত নয়।’
আধুনিক যুগের এই আরম্ভটা বর্ষাকেন্দ্রিক কবিতায় চিরায়ত ধারার রোমান্টিক বোধের জাগরণ ঘটাতে না পরলেও তার অব্যবহিত সামান্য পরেই আর্বিভাব ঘটে রবীন্দ্রনাথ ঠাকুরের। তার সৃষ্টিপ্রতিভার মূলে প্রেরণা হিসেবে শক্তি জুগিয়েছে চিরকালের প্রকৃতি। গৃহমধ্যে আবদ্ধ তার শৈশবে প্রকৃতির আস্বাদ ছিল দুর্লভ।
ঔপনিষদিক জীবনাদর্শের আলোকে রবীন্দ্র-মনোজগতের যে শৃঙ্খলা তার সৃষ্টির মধ্যে নিয়ত বর্তমান, প্রকৃতিভাবনার মধ্যেও কবির সেই মনোগড়নের পরিচয় পাওয়া যায়। বিশেষ করে বর্ষা ঋতুকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের বিপুল যে সৃষ্টিজগৎ তৈরি হয়েছে, তার মূলে আছে কবির এই অনন্য জীবনতৃষ্ণার প্রত্ন--ইতিহাস। একরৈখিকভাবে নয়, সরল শৃঙ্খলায় নয়, স্বতন্ত্রভাবেও নয় বরং কবি বহুরৈখিক দৃষ্টিকোণ থেকে বিস্ময়কর সংশ্লেষ আর আন্তঃসমন্বয়ে বর্ষার মধ্যে ধরতে চেয়েছেন জীবন ও জগতের সমগ্র রূপকে, রূপাবয়বকে। ফলে তার কবিতায়, গানে, গল্পে, উপন্যাসে, প্রবন্ধে, চিঠিপত্রে, ভ্রমণসাহিত্যে, নাটকে সর্বত্রই আছে বর্ষার সপ্রাণ উপস্থিতি। অনুভবের কত বিচিত্র মাত্রায় যে তিনি বর্ষাকে উপস্থাপন করেছেন তার ইয়ত্তা নেই। আনন্দে, বেদনায়, নৈঃসঙ্গ্যে, মুখরতায়, স্তব্ধতায়, নির্জনতায়, প্রেমে, বিরহে, কামনায়, আকাক্সক্ষায় তিনি প্রকৃতির এই বিস্ময়কর রূপকে রূপময় করে তুলেছেন। শব্দে, সুরে, ছন্দে, রেখায়, রঙে তিনি বর্ষার এমন এক অবয়ব নির্মাণ করেছেন, যার কোনো তুলনা বিশ^সাহিত্যে বিরল। আবেগপ্রবণ বাঙালি জীবনের প্রায় প্রতিটি অনুভবচিহ্নকে তিনি এই ঋতুর ভেতর দিয়ে ফলিয়ে তুলতে চেষ্টা করেছেন। আর বর্ষাকেন্দ্রিক ভারতবর্ষীয় ঐতিহ্যের প্রত্ন-ইতিহাসকেও তিনি বাঙময় করে তুলেছেন আশ্চর্য এক ভাষিক সম্মোহনের মাধ্যমে।
বর্ষবরণের সংস্কৃতিও মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষাবিষয়ক কবিতারই আরেক রূপ, অন্য এক উপস্থাপন। এই বর্ষার রূপের অন্ত নেই। নিরন্তর বর্ষণের চিত্রকল্প : ‘ঝরঝর বরিষে বারিধারা’, অন্ধকারের নিবিড় বিবরণ : ‘গহন ঘন গগন ঘনাইয়া’, প্রেমের স্মৃতি : ‘ঝরঝর ঝরে জল, বিজুলি হানে,/ পবন মাতিছে বনে পাগল গানে।/ আমার পরানপুটে কোন্খানে ব্যথা ফুটে,/ কার কথা জেগে উঠে হৃদয়কোণে ॥’ রবীন্দ্রনাথের গানে বর্ষার এই রূপবৈচিত্র্যের বিবরণ দিয়ে শেষ করা যাবে না। বলা যায়, চিরায়ত মানবজীবনের অনুষঙ্গে যিনি বর্ষাকে শতদলে ফুটিয়ে তুলেছেন, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তার পরে বর্ষা নিয়ে রচিত হয়েছে অনেক কবিতা ও গান। কিন্তু জীবন ও জগতের সর্বাবয়ব জুড়ে বর্ষার যে বিস্তার রচনা করে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার কোনো তুলনা চলে না।
অতুলপ্রসাদ সেন কবি ও গীতিকার। বর্ষার পটভূমিতে তিনি রচনা করেছেন চিরকালের একটি সংগীত। কথাগুলো এ রকম :
বধূয়া নিদ নাহি আঁখি পাতে!
আমিও একাকী, তুমিও একাকী-আজি এ বাদল রাতে!
এই গানের মধ্যে আমরা রবীন্দ্রনাথের বর্ষাভাবনার বিস্তারই লক্ষ করি। শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের গান বা কবিতা নয়, অধিকন্তু কালিদাসের ‘মেঘদূত’ কাব্যগ্রন্থ থেকে বর্ষাবন্দনার যে যাত্রা সূচিত হয়েছে, এই গান, বলা যায়, সেই ধারাই উত্তরাধিকার। কাজী নজরুল ইসলামের কোনো কোনো কবিতায় বর্ষা তার নিজস্ব বাকতরঙ্গে গতিময় হয়ে উঠেছে। ‘বাদল-দিনে’ তেমনি একটি কবিতা।
জলদ-দামা বাজে জলদে তালে তালে,
কাজরি-নাচা নাচে ময়ূর ডালে ডালে।
শ্যামল মুখ স্মরি
সখিয়া বুক মোরি
উঠিছে ব্যথা ভরি
আঁখিয়া ভরভর।
পরবর্তী পর্যায়ে, বিশেষ করে তিরিশে দশক থেকে বর্ষা কবিতা ওই কালিদাসীয় ধারায় আর চলেনি। অধিকন্তু জীবনের বিচিত্র অনুষঙ্গে বর্ষা আশ্রয় নিয়েছে প্রতীকের, উপমা-উৎপ্রেক্ষার, চিত্রকল্পের কিংবা রূপকল্পের। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশ বর্ষাকে তার কবিতার অনুষঙ্গ করেননি। তারপরেও বর্ষার জল, জলের মধুরতা তিনি এড়িয়ে গিয়েছেন কি! ‘এ জল ভালো লাগে’ কবিতায় কবি বলেছেন :
এই জল ভালো লাগে;-বৃষ্টির রুপালি জল কতো দিন এসে
ধুয়েছে আমার দেহ-বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান্ত স্নিগ্ধ হাত রেখে কতো খেলিয়াছে,-আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর মতো ভালোবেসে;
কিন্তু এই জল বর্ষার বলে মনে হয় না। জীবনানন্দ দাশ বর্ষার দুরন্ত জলের চিত্রকর্ম রচনা করেননি বললেই চলে।
কবি আবদুল কাদির ‘সনেট’ নামক একটি কবিতায় লিখেছেন, ‘আমার অঙ্গন ঘেরি’ ঘনায়েছে বাদলের রাত;/ সমস্ত আকাশ ভরি’ কাঁদে বায়ু বর্ষণ-মুখর। নিঃশব্দ ভবনে মোর ভেসে’ আসে বনের মর্মর।’ আর সুফী মোতাহার হোসেন লিখেছেন, ‘শ্রাবণ-বর্ষণ-স্নিগ্ধ ঘনশ্যাম তরু-বীথিকার/ ঘন ঘোর ছায়া হতে দিগন্তের রেখা অনুসারী’/ কোন্ এক মায়া-মৃগ দিবানিশি ফিরিছে সঞ্চারি’/ মেঘাচ্ছন্ন ধরাতলে স্বপ্নসম গূঢ় চমৎকার।’ চল্লিশের দশকের এসব কবিতায় বর্ষা তার প্রকৃতিগত সাধারণ ব্যঞ্জনা নিয়ে আবির্ভূত হয়েছে-গভীর কোনো অর্থময়তায় নয়।
শামসুর রাহমান নাগরিক কবি, দেশপ্রেমের কবি, মুক্তচিন্তার কবি, প্রেমের কবি, সংগ্রামের কবি। কিন্তু প্রকৃতিকে ঘিরে তার ভিন্ন স্বাদের কবিতাও আছে। তেমন একটি কবিতা ‘অনাবৃষ্টি’। চাষির মতোই তিনিও প্রার্থনা করছেন, ‘টেবিলে রয়েছি ঝুঁকে, আমিও চাষীর মতো বড়/ব্যগ্র হয়ে চেয়ে আছি খাতার পাতায়, যদি জড়ো/হয় মেঘ, যদি ঝরে ফুল, বৃষ্টি। অলস পেন্সিল/হাতে, বকমার্কা। পাতা জোড়া আকাশের খাঁ খাঁ নীল।’ হুমায়ূন আহমেদ কথাসাহিত্যিক ও নাট্যকার। কিন্তু তার ‘বৃষ্টিবিলাস’ সম্পর্কে কিংবদন্তি
আছে। সেই বৃষ্টি বা বর্ষণ নিয়ে তার একটি গান বিপুল জনপ্রিয়তা লাভ করে। গানটি এই :
‘যদি মন কাঁদে তুমি চলে এসো
চলে এসো এক বরষায়
এসো ঝরো ঝরো বৃষ্টিতে জল ভরা দৃষ্টিতে
এসো কমলো শ্যামলো ছায়
চলে এসো এক বরষায়’
বাঙালি জীবনে বর্ষা প্রেমের ঋতু, বিরহের ঋতু। এই ঋতুতে প্রতিজন বাঙালির হৃদয়ে জেগে ওঠে বিষয়বিবাগী অন্য এক স্বরূপ, অন্য এক আকাক্সক্ষা। সেই স্বরূপ ও আকাক্সক্ষার সঙ্গে তার প্রাত্যহিক জীবনের তেমন কোনো সম্পর্ক নেই। মানুষ সংগোপনে চিরায়ত যে প্রেম ও বিরহের বোধ লালন করে, বর্ষায় সেই বোধ জেগে ওঠার অবসর পায়। তাই বর্ষার কবিতা মানেই হলো প্রেমের কবিতা, বিরহের কবিতা।

