‘চল, চল, তাড়াতাড়ি চল। আমরা এই পুরাতন বাসা ছেড়ে নতুন বাসা বানাব। রাতের মধ্যেই ভালো একটা জায়গা খুঁজে বাসা বানাতে হবে। সকাল হলেই লোকসমাগম বাড়বে।’ একটা মা ইঁদুর তার বাচ্চাদের এভাবে তাড়া দিয়ে নতুন বাসা খোঁজার জন্য যাচ্ছে। মাঠে মাঠে সোনালি ধানের হাসি। ধানের ছড়াগুলো নিচে নুয়ে পড়ে মাটি ছুঁই ছুঁই হয়ে আছে। নুয়ে পড়া ধানের ছড়াগুলোই কেটে গর্তে লুকিয়ে রাখে নেংটি ইঁদুরের দল। ধান ক্ষেতের একটু উঁচু স্থানে ইঁদুরগুলো বাসা বানিয়ে খাবার সংগ্রহ করে থাকে। এই ইঁদুরের দলও এবার গেরস্ত বাড়ির বাসা ছেড়ে ধান ক্ষেতে বাসা বানাতে তাড়াহুড়ো করছে।
মা ইঁদুরের নাম মিটুশ আর তার বাচ্চা দুটির নাম পটুশ আর কটুশ। পটপট করে কথা বলে তাই একজনের নাম পটুশ আর কুটকুট করে যেকোনো কিছু কাটতে দক্ষ বলে আরেকজনের নাম রেখেছে কুটুশ। পটুশ, কুটুশকে নিয়ে ওদের মা কাছেই একটা ধান ক্ষেতে গেল। ক্ষেতভর্তি পাকা পাকা ধানের ছড়া। সন্ধ্যার হালকা কুয়াশায় ধানের ছড়াগুলো নুয়ে আছে। ভালোভাবে পর্যবেক্ষণ করে যেখানে ধানের ছড়া বেশি সেখানে গর্ত করা শুরু করল মিটুশ। নতুন বাসা বানাতে পটুশ, কুটুশও সাধ্যমতো মাকে সাহায্য করল। সবাই মিলে একত্রে পরিশ্রম করে সকালের আগেই সুন্দর একটা গর্ত করে নতুন বাসা বানিয়ে ফেলল। মিলেমিশে কাজ করলে সব কাজেই দ্রুত সফলতা আসে। সকালে লোকজনের আনাগোনা শুরু হওয়ার আগেই কুটুশকে নিয়ে কয়েক ছড়া ধান কেটে এনেছে মিটুশ। সেই ধান তিনজনে মিলেমিশে খেয়ে ঘুমিয়ে পড়ল। নতুন বাসায় কয়েক দিনে মিটুশ তার বাচ্চাদের নিয়ে অনেক ধানের ছড়া মজুদ করেছে। ক্ষেতের সব ধান পেকে গেছে। একদিন ক্ষেতের মালিক কিছু শ্রমিক নিয়ে এসে ধান কেটে নিয়ে গেল।
খালি ধান ক্ষেত দেখে পটুশ তার মাকে জিজ্ঞাসা করল, মা, এখন আমরা কীকরব? ক্ষেতের সব ধান তো কেটে নিয়ে গেছে।
মিটুশ-সমস্যা নেই বাপ, আমরা যে খাবার মজুদ করেছি তা দিয়েই অনেক দিন কেটে যাবে। মজুদ শেষ হলে আমরা আবার আগের বাসায় ফিরে যাব।
এভাবে তাদের ভালোই দিন কাটছিল। দিনে গর্তে লুকিয়ে থাকত আর রাতের জোছনায় খোলা মাঠের মতো ক্ষেতে দৌড়ে খেলা করত। জোছনা রাতে চাঁদের আলোয় খাবার সংগ্রহ করত আর চাঁদের সঙ্গে লুকোচুরি খেলে অনেক আনন্দে সময় কাটাত। একদিন মিটুশ বাচ্চাদের নিয়ে তাদের প্রতিবেশীর বাসায় বেড়াতে গেল। সেদিন পাড়ার কয়েকজন ছোট ছোট ছেলেমেয়ে ধানের ছড়া কুড়াতে বের হয়েছিল। তারা ক্ষেতে পড়ে থাকা ধানের ছড়া কুড়ানোর সঙ্গে সঙ্গে ইঁদুরের গর্তে লুকিয়ে রাখা ধানের ছড়ার খোঁজ করতে লাগল। মিটুশদের বাসার আশপাশে ওদের পায়ের ছাপ আর ধানের ছড়া পড়ে থাকতে দেখে তারা ঠিকই বুঝতে পারল, এই বাসায় নিশ্চয় ইঁদুর ধান মজুদ করে রেখেছে। প্রতিদিন কুটুশ আর পটুশের আসা-যাওয়ার ফলে গর্তের চারপাশ বেশ পরিষ্কার ছিল আর গর্তের মুুখে কিছু ধানের ছড়া ছড়িয়ে-ছিটিয়ে ছিল। ছোট ছোট বাচ্চারা মিটুশদের গর্ত খুঁড়ে সব ধান নিয়ে গেল। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা ধান কাটার পর ক্ষেতে ছড়িয়ে থাকা কিছু ধানের ছড়া কুড়িয়ে তা দিয়ে ফেরিয়ালার কাছ থেকে তিলের খাজা কিনে খায়।
প্রতিবেশীর বাসা থেকে ফিরে এসে তাদের বাসার বেহাল অবস্থা দেখে মিটুশ খুব দুঃখ পেল। কুটুশ আর পটুশ কান্না করতে লাগল। বাচ্চাদের কান্না থামিয়ে মিটুশ বলল-‘জীবনে এ রকম বিপদ আসতেই পারে, তাই বলে মনোবল হারিয়ে বসে থাকলে চলবে না। নতুন করে দৃঢ় সংকল্পের সঙ্গে বুকে সাহস নিয়ে আবার জীবন শুরু করতে হবে। মনে রাখতে হবে, যেকোনো বিপদে ধৈর্য ধারণ করে, ঠান্ডা মাথায় চিন্তা-ভাবনা করে সামনে এগোতে হয়।
মায়ের কথা শুনে কুটুশ বলল, ‘আমরা এখন কোথায় যাব? কী খাব? কোথায় থাকব?’
মিটুশ বলল. কপাল ভালো যে, আমরা বেঁচে গেছি। আমরা যদি বেড়াতে না যেতাম তা হলে আজ হয়তো সবাই মারা পড়তাম। আমরা আবার নতুন করে বাসা বানাব।
পটুশ বলল, মা, তুমি ঠিকই বলেছো। আমরা আজ বেঁচে গেছি। বাসায় থাকলে সবাই বিপদে পড়তাম। তবে আমরা এবার এমনভাবে নতুন বাসা বানাব যেন কেউ আমাদের বাসা দেখে সন্দেহ না করে আর শনাক্ত করতে না পারে।
কুটুশ বলল, কীভাবে বাসা বানালে কেউ সন্দেহ করবে না? আমাকে একটু বুঝিয়ে বল।
পটুশ বলল, এবার ছেলেমেয়েরা যেসব গর্ত খুঁড়ে ধান নিয়ে গেছে সেসব গর্তেই আমরা নতুন করে বাসা বানাব। তারপর গর্তের আশপাশেই খাবার জোগাড় করব। আমাদের বাসার প্রবেশপথে ধানের ছড়া ছড়িয়ে-ছিটিয়ে রাখব না। তা হলে আমাদের বাসা নিয়ে আর কেউ সন্দেহ করতে পারবে না, আমরাও শান্তিতে থাকতে পারব।
ছেলেদের এসব কথা শুনে মিটুশ খুব খুশি হলো। পটুশের বুদ্ধি দেখে তার বেশ গর্ববোধ হলো। তিনজনে আবার নতুন বাসার সন্ধানে ছুটল।

