আমাকে আরেকটি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর তুমি আমার। আমাদের এই ভেজা ভাদ্রে কে কখন কার হয় জানা যায় না। তবু তুমি কথা দিয়েছ, আগত সন্ধ্যায় খোঁপার বাঁধন খুলে আমাকে দেখাবে রাতের কালো, মেঘভাঙা সে সন্ধ্যায় আমি অন্ধকারের ভেতর ডুবে যাব।
ডুবে যাব ক্রমাগত এবং ভাসব অকূল অথই ঠেলে। এমন চমৎকার একটি স্বপ্ন নিয়ে আমি আজকের সন্ধ্যাটা অতিক্রম করতে চাই। কিন্তু আজকের সন্ধ্যাতেই যত রাজ্যের বিপত্তি। এই সরকারি মশাগুলো যেকোনো ফাঁকে ঘরের ভেতর এসে দখল নেয় বোঝা যায় না। বিকেল হলেই ঘরের দরজা-জানালা আটকে দিই। নিজ হাতে টবের পানিগুলো পরিষ্কার করে রাখি। ঘরে কোনো নোংরা জমতে দিই না, তবু এই নচ্ছার মশাগুলো ঝাঁকবেঁধে সন্ধ্যা নামতে না নামতেই কামড়াতে থাকে। সে কী কামড়? তা রয়েসয়ে দিলে এক কথা। কিন্তু না, শরীরের সব শক্তি দিয়ে হুল ফুটিয়ে জ্বালা মেটাবে। বজ্জাতগুলো শুধু রক্ত খেতেই আসে না, আসে বিষ মজাতেও। তাই অ্যারোসল স্প্রে করি। মশার বংশ ধ্বংস করতে হবে। কিন্তু বাজারের যা অবস্থা, অ্যারোসলও তার ব্যতিক্রম নয়। বোধহয় এয়ারফ্রেশনার ভেবে তারা দ্বিগুণ রোষে ঝাঁপিয়ে পড়ছে।
বৃষ্টি নেই, থম মেরে আছে আকাশ। বিকেল থেকে কারেন্টও নেই। এসিডিসি লাইটটা কাল রাতে ভুল করে নিভিয়ে ঘুমিয়েছিলাম, কেমন নিভু নিভু জ্বলছে। মোবাইলে চার্জ নেই, বত্রিশ পার্সেন্ট ছিল বিকেলে। এখন কমতে কমতে পাঁচে এসে বারবার রেড সিগন্যাল দিয়ে যাচ্ছে। বোধহয় বন্ধ করে রাখব। কিন্তু না, তোমার কথা ভাবি। তুমি যদি ফোন করো! যদি বলো, আগামী সন্ধ্যায় নয়, আজই তোমার আমন্ত্রণ! তাই ফোনটি খোলা রাখি, বন্ধ করি না। কল বাজে। বুকের ভেতর ধুকপুক ধুকপুক করে। আমি লাফিয়ে ফোনটি হাতে নেই। আরে, অচেনা নম্বর! তুমি আবার মশকরা করোনি তো? হ্যালো! কিন্তু এ কী! কে এই অচেনা নারী কণ্ঠ? আমাকে ভাইয়া ডেকে মোহিত করে দিল। আমিও যথেষ্ট মিষ্টতা মেখে কথা বলি। শুভ্রা, আমার মামাতো বোন। কী মনে করে আজ চার বছর পরে কল দিয়েছে। হ্যালো, হ্যাঁ, শুভ্রা, শুনতে পাচ্ছি। কী খবর তোমার? ভাইয়া, আমি খুব বিপদে পড়েছি। শিগগিরই একবার টিকাটুলী মোড়ে একটু আসুন। হ্যালো, হ্যালো, কী হয়েছে তোমার? এলে সব জানতে পারবেন। আমার খুব বড় বিপদ। আমি কি মামা-মামিকে কল দেব? না না ভাইয়া, আব্বা-আম্মাকে জানাবেন না। আপনি আসুন, তা হলেই হবে।
আমি ফোনটা রেখে একটি সিগারেট ধরাই। কী এমন বিপদে পড়েছে শুভ্রা? এখনই টিকাটুলীতে যেতে বলছে। শুভ্রা, হ্যাঁ, চার বছর ধরে দেখা নেই তার সঙ্গে। প্রথম যখন ভার্সিটিতে এসে ভর্তি হয়েছে, আমি তখন তৃতীয় বর্ষে। বড় পিচ্চি লেগেছিল তাকে। আমিও ভার্সিটি শেষ করে বেরুলাম। ছোটখাটো একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি। বেতন যা পাই তা দিয়ে কোনো রকম পেট চলে। কিন্তু শুভ্রা আবার এই সন্ধ্যায় কী বিপদে পড়েছে? আধ-খাওয়া সিগারেটটিকে অ্যাশট্রেতে গুঁজে আমি দ্রুত বাথরুমে গিয়ে ফ্রেশ হই। টিকাটুলী বেশি দূরে না। দশ টাকা লেগুনা ভাড়া, রিকশায় গেলে হয়তো তিরিশ টাকা লাগবে। লাগলে লাগুক, তিরিশ টাকাই সই। লেগুনার জন্য অপেক্ষা করে শেষে না আবার শুভ্রার কোনো বিপদ ঘটে যায়। এর মধ্যে শুভ্রার আবার ফোন, ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ, তাড়াতাড়ি আসুন।
আমি-এই তো আসছি বলে ফোন রাখি। সিঁড়ি দিয়ে উড়ে উড়ে পথের মধ্যে এসে দাঁড়াতেই একটি রিকশা পেয়ে যাই। দামদর না করে লাফিয়ে উঠি রিকশায়। রিকশাওয়ালা মুরুব্বি মানুষ। প্যাডেলে চাপ দিলেও চাকা ঘুরে না। আমি তাড়া দিতে থাকি। আমার তাড়া অগ্রাহ্য করেও রিকশাচালক পথে একটা দোকান থেকে নেমে পানি খায়। আমি ধমকাতে গিয়েও নিজেকে সংযত করি। মুরব্বি মানুষ, বোধহয় ছেলেমেয়েরা দেখে না বলেই এ বয়সে রিকশা চালায়। তবু আমার তাড়া তো আর মানবতা দিয়ে মিটবে না। আমি গুঁজুরগুঁজুর করতে থাকি সিটে বসে। মুরব্বিও কী যেন বলে বিড়বিড় করে। নিয়ন আলোর সন্ধ্যা এক অপরূপ মায়ামোহতা ছড়িয়ে রেখেছে শহরময়। ফুটপাথগুলো মানুষে থই থই করছে। ভিড়ের ভেতর কোনো সুন্দরী নারী হেঁটে যেতে দেখলে সবাই ফ্যালফ্যাল করে তাকায়। আমিও তাকিয়ে নিই এক পলক। মেয়েটি বোধহয় ভার্সিটিরই ছাত্রী হবে। টপস জিন্সের সঙ্গে তার খোলা চুল সন্ধ্যাটাকে আরও রোমান্টিক করে তোলে। হঠাৎ পেছন থেকে একটি লেগুনা এসে আমাদের রিকশাটিকে সজোরে ধাক্কা মেরে চলে যায়।
রাস্তার পাশে ছিটকে পড়ে আছে মুরব্বি চালক। তার মাথা ফেটে রক্ত বেরুচ্ছে। আমারও কনুইয়ের কাছে বেশ গভীরভাবেই ছিলে গেছে, সেখান থেকেও রক্ত ঝরছে। কিন্তু কেউ আমাদের দিকে এগিয়ে আসছে না। আশ্চর্য, ফুটপাথ ভরা মানুষ, কিন্তু মানুষের প্রয়োজনে যেন একজনও মানুষ নেই। অগত্যা আমিই কোনো রকম উঠে মুরুব্বি চালককে টেনে তুললাম রিকশার পাদানিতে। না, জ্ঞান হারাননি। নিজেই শক্ত করে ধরলেন রিকশায়। আমি টেনে নিয়ে যাচ্ছি রিকশা। আহারে, কী জন্য বের হলাম আর কী হলো! আল্লাহ মালুম। সামনেই একটা হাসপাতাল আছে। টিকাটুলী ঠিক মোড়টাতে। আমি অদক্ষ হাতে টানতে টানতে রিকশা নিয়ে যাচ্ছি, সিটে চালকের মাথা থেকে রক্ত ঝরছে। আমি মনে মনে দোয়া ইউনুস পড়ি, আল্লায় না করুক শুভ্রা যেন আবার আমাকে দেখে না ফেলে। কিন্তু ঘটল উল্টা, টিকাটুলী জেনারেল হাসপাতালের গেটের কাছেই ডেকে বসে শুভ্রা। ভাইয়া
পড়বি তো পড় মালীর ঘাড়ে! ভেবেছিলাম বুড়োকে হাসপাতালে ভর্তি করে তারপর শুভ্রাকে ফোন দেব। কিন্তু কী হতে কী হয়ে গেল। শুভ্রা দৌড়ে কাছে আসে। আমার বিব্রত ভাব দেখে বলে-ব্যাপার না ভাইয়া। আপনি তো মহান মানুষের মতো কাজ করেছেন। আসেন আমিও আপনাকে হেল্প করি। আমি আমতা আমতা করে বললাম, তোমার কী সমস্যা? সেসব পরে শোনা যাবে, এখন চলেন মুরুব্বি চালকটাকে সুস্থ করে তুলি।
সে রাতে সারারাত আমরা মুরব্বির পাশে বসে কাটিয়েছি। হাসপাতালে আনার পরপরই বুড়ো জ্ঞান হারিয়েছেন। সকালে ডাক্তার এসে বলেন, জরুরি রক্ত লাগবে-ও পজিটিভ, তা না হলে বাঁচানো যাবে না। আমরা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করি। ইউরেকা বলে শুভ্রা চেঁচিয়ে ওঠে। আমার রক্তও তো ও-পজিটিভ। নেন, যত রক্ত লাগে আমার থেকে নেন। বেশি লাগেনি। এক ব্যাগ রক্ত দেওয়ার পরেই বুড়ো সুস্থ হয়ে ওঠে। কিন্তু ততক্ষণে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পথে। আমার হঠাৎ মনে পড়ল তোমার কথা। আমি ডাক্তারের সঙ্গে কথা বলে দ্রুত মুরব্বিকে রিলিজ করি। কিন্তু শুভ্রা আমাকে রিলিজ করে না। সে আমার কনুই চেপে ধরে বুকের কাছে। ভাইয়া, আমাকে আপনার বিয়ে করতে হবে। কী বলো? সত্যি বলছি। যদি এক্ষুনি বিয়ে না করেন, তা হলে এখনই আমি বিষ খেয়ে মরব। এই দেখেন বিষের বোতল-বলে ভ্যানেটি ব্যাগ থেকে কীটনাশকের বোতল বের করে দেখায়। ফাঁসলাম তো মহা ঝামেলায়। আমি শুভ্রাকে বোঝাতে চেষ্টা করি। কিন্তু ব্যর্থ হই। অগত্যা একটি রিকশায় চেপে আমরা টিকাটুলী কাজি অফিসের দিকে রওনা হই। আমার মোবাইলটা ফোনটা গত সন্ধ্যার পর থেকেই বন্ধ। রিকশা বাতাস কেটে হুহু করে ছুটছে। অথচ মুঠোফোনে সংযোগ না পেয়ে তুমি হয়তো জানতেই পারলে না, যে সন্ধ্যায় আমি তোমার হওয়ার কথা ছিল, সে সন্ধ্যাতেই আমি চলে যাচ্ছি তোমার থেকে দূরে, বহু দূরে।

