আহসাব হাবিব। একজন সাংবাদিক। লিখছেন গল্প, জীবনী ও কলাম। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে কলামের বই- ‘হাওর থেকে পদ্মা সেতু’। বই নিয়ে তিনি বলেন-
লেখালেখিতে আমার হাতেখড়ি শৈশব থেকেই। কিন্তু সবার লেখা সবসময় প্রকাশের রূপ পায় না। পায় না সুযোগও। এই রূপ ও সুযোগের না পাওয়া থেকে এক ধরনের অন্তর্গত যন্ত্রণা বহন করেই চলছিলাম। তারপর আসে এক মাহেন্দ্রক্ষণ। পত্রিকা অফিসে কাজের সুবাদে আমি দেখতাম অনেকেই লেখেন। কেউ কবিতা, গল্প বা উপন্যাস। আবার কেউ কেউ রিপোর্ট লেখেন, লেখেন ফিচার। সব লেখালেখির ভিতরে বসবাস করে আমি যেন আমার লেখক সত্তাকে নিয়ে এক বিপদে পড়ি। কারো কাছে বলতেও পারি না। লেখাও হয়ে উঠে না।
আমার ক্যারিয়ার গড়ে উঠেছিল কম্পিউটার অপারেটর হিসেবে। সে কারণে পত্রিকা অফিসে কারো কাছে নিজের লেখাটির কথা গোপনেই থেকে যায়। লেখার ইচ্ছা জাগতো। বলার মানুষ পেতাম না। এ অবস্থায় বহুদিন কেটেছে। ১৯৯৬ সাল থেকে এখন অবদি দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করে আসছি। অবশেষে ২০২০ সালের কথা। বিভিন্ন ছোট-খাটো দৈনিকে আমার ছোট-খাটো রিপোর্ট দেখে একদিন লেখা বিষয়ে কথা হয় সাংবাদিক ও গবেষক দীপংকর গৌতমের সঙ্গে। তিনি আমাকে অভয় দিয়ে উদ্বুদ্ধ করেন উপসম্পাদকীয় লিখতে।
প্রথম লেখার পরেই আমি দাদার কাছে বসেই লেখার বিভিন্ন রূপ-রস, নিয়ম-প্রকৃতি নিয়ে আলোচনা করতে শুরু করি। আমার লেখাও প্রাণ পায়। নিয়মিত তার উৎসাহে আমার লেখার পরিমাণ বাড়তে থাকে। বাড়তে থাকে পত্রিকার সংখ্যা। এর মধ্যে যে কারও রসিকতা, ব্যঙ্গক্তিও ভেতরে পড়তে হয়নি তা নয়। আমাদের পুঁজিবাদী ব্যবস্থার সবখানেই এক ধরনের বৈষম্য ছড়ানো। মানুষকে কাজ দিয়ে ছোট বড় করে দেখার প্রবণতার কারণে যে সব দেশ পিছিয়ে আছে, আমরা সে সব দেশের প্রথম সারির। যেটা লিখতে এসে আমি হাড়ে হাড়ে অনুভব করেছি ও করছি।
তবে পত্রিকা সম্পাদকদের আনুকূল্যের কথা আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। কারণ আমার লেখার অনুপ্রেরণায় তাদের অবদান অনস্বীকার্য। আমার লেখালেখির বয়স মাত্র ২ বছর। আমি বিভিন্ন মিডিয়ায় নিয়মিত উপ-সম্পাদকীয় লেখি। এসব লেখা লিখতে লিখতে একদিন বইয়ের কথা ওঠে। শুরু হয় কাজ। বইয়ের নাম ঠিক হয় ‘হাওর থেকে পদ্মা সেতু’।
কিছু প্রিয় মানুষের আন্তরিক সহযোগিতা না পেলে হয়তো আমার এই বইটি প্রকাশ করা সম্ভব হত না। যারা আমাকে লেখালেখিতে উৎসাহ দিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। বইটি প্রকাশ করেছে বইকুঞ্জ প্রকাশনী। অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে বইটি।
এই লেখকের প্রথম বই পাঠকের মাঝে সাড়া ফেলবে- এমন প্রত্যাশা আমাদের।
মানবকণ্ঠ/এফআই

