সকাল সকাল পারভেজ এসে হাজির। দেখে আপসেট মনে হলো। মাথার চুল উস্কোখুস্কো। চোখ দুটো লাল।
‘কী ব্যাপার! কোন সমস্যা?” জানতে চাইলাম।
‘মহাসমস্যা ভাইজান। সারারাত ঘুমাতে পারিনি।’
‘বাচ্চার অসুখ নাকি?’
‘ না ভাইজান।’
‘তিতলি ভালো আছে? ওর কোন সমস্যা?’’
‘ না ভাইজান। তিতলি ভালোই আছে।’’
‘ তাহলে? ’
‘ সারারাত তিতলির সাথে ঝগড়া করেছি।’
‘ সর্বনাশ! মারামারি করেছিস না কি?’
মাথা নাড়ল পারভেজ।
‘কী নিয়ে ঝগড়া?’
‘দুই তলাটা আনকমপ্লিট অবস্থায় পড়ে আছে। লাখ পাঁচেক টাকা হলেই বাসাটা কম্পলিট করে ভাড়া দিতে পারি। তিতলিকে বললাম রড সিমেন্টের দাম হু হু করে বাড়ছে-তোমার সোনার গহনাগুলো দাও- বিক্রি করে বাড়িটা কমপ্লিট করে ভাড়া দেই-ভাড়ার টাকা জমিয়ে আবার গহনা গড়ে দেব।’
মনে মনে আঁতকে উঠলাম।
পারভেজ আর তিতলি প্রেম করে নিজেরা বিয়ে করেছে। আমিই কাজী অফিসে নিয়ে গিয়ে ওদের বিয়ে করিয়েছি। সেও বছর দশেক আগের কথা।
প্রথম প্রথম অভাব অভিযোগ নিয়ে প্রায়ই আসত ওরা। এখন কমেছে সেটা।
‘ আপনি বলেন ভাই, এমনিতে আমি বিয়ে করলে দশ বিশ লাখ টাকা শ্বশুরবাড়ি থেকে পেতামই, ঠিক কি না ভাই? আর বাড়ি করলে সেটা তো আমাদেরই থাকবে,তাই না?’’
‘ তা ঠিক। তুমি আমার কাছে কেন এসেছ?’’
‘আপনি আমাকে লাখ পাঁচেক টাকা ধার দেন। বাড়িটা ভাড়া হলে আর ধান উঠলে টাকা শোধ করে দেব।’
ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হলো আমার। অর্থনৈতিক মন্দার কবলে পড়েছি আমিও।
‘চিন্তা করবেন না ভাই। আপনি চাইলে কিছু সুদও দেব আপনাকে।’’
খুকখুক করে কাশলাম। ‘আসলে’
‘ভাই, মাইন্ড করিয়েন না। আজ যদি আমি ব্যাংক থেকে লোন নিতাম, তাহলে কি আমি ওদেরকে সুদ দিতাম না?’
সাথে সাথে আমার মাথায় হাজার পাওয়ারের বাতি জ্বলে উঠলো। কয়েকদিন আগেই মাহফুজ নামের একজন এসেছিল আমার কাছে। বলেছিল,’ লোন নেবেন স্যার। পার্সোনাল লোন। পাঁচ লাখ, দশ লাখ, বিশ লাখ - যা নেবেন। সব কাগজপত্র আমি রেডি করব।’
ভিজিটিং কার্ড বের করে দিয়েছিল সে।
‘ভাই কী ভাবছেন?’
‘আমার কাছে অত টাকা নেই। কিন্তু ব্যাংক লোনের ব্যবস্থা করে দিতে পারি।’
কার্ডটা বের করে দিলাম ওকে।
মন খারাপ করে চলে গেল পারভেজ।
দুদিন পর ওর ফোন পেলাম।
‘ভাই,আমার চাকরি তো ছোট তাই দুই লাখের বেশি লোন দিতে পারবে না।’’
‘দুই লাখ দিয়েই আপাতত কাজ চালাও।’’
না ভাই। আমার পাঁচ লাখই লাগবে।’ লাইন কেটে দিল পারভেজ।
এরপর অনেকদিন যোগাযোগ হলো না ওর সাথে। হঠাৎ একদিন নিউমার্কেটে দেখা হলো। দু হাত ভর্তি বাজার। বেশ খুশি খুশি ভাব ওর মধ্যে।
‘কী খবর পারভেজ? দিনকাল ভালোই যাচ্ছে মনে হয়।’
‘জ্বি ভাই।’
‘বাড়ির কাজের খবর কী? ঐ দুই লাখ টাকা কি লোন নিয়েছিলে?’
‘দুলাখ না, ভাই। আমি লোন নিয়েছি দশ লাখ। বাসার কাজ প্রায় শেষের দিকে। আপনাকে ধন্যবাদ ভাই। আপনি ঐ লোকের ঠিকানা না দিলে আমি এই লোনটা পেতাম না।’’
‘কিন্তু উনি তোমাকে মাত্র দু লাখ দিতে চেয়েছিলেন! দশ লাখ কিভাবে পেলে?’
‘ভাই আপনি যে মাহফুজ ভাইয়ের কাছে লোন নিতে সে তো ভাই মহা জিনিয়াস। আমাকে উচ্চ পদে চাকুরি দেখিয়ে ভুয়া কাগজপত্র বানিয়ে লোনটা পাইয়ে দিয়েছে।’ ফিসফিস করে বললো পারভেজ।
‘কী সর্বনাশ! কর্তৃপক্ষ জানতে পারলে সোজা থানা পুলিশ হয়ে যাবে।’
‘হবে না ভাই। লোন একবার পেয়ে গেলে ঠিকমতো পরিশোধ করছি কি না সেটাই আসল। পাঁচ লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছি। সেটা দিয়েই অল্প অল্প করে লোন শোধ হচ্ছে। কইয়ের তেলে কই ভাজা আর কী।’’
‘তবু ব্যাপারটা যেন কেমন হয়ে গেল না?’ আমতা আমতা করে বললাম। নিজেকে কিছুটা দায়ী মনে হচ্ছে।
‘চিন্তা করবেন না ভাই। গ্রামের জমিটা বিক্রির কথা চলছে। বিক্রি হলেই সব টাকা একবারে শোধ করে দেব ভাইজান।’
পারভেজ বিদায় নিল। ব্যাপারটা ভুলতে পারলাম না।
মাসখানেক পরে ফোন করলাম ওকে। ‘পারভেজ, জায়গা কি বিক্রি হলো? ‘’
‘জায়গা বিক্রি হয়েছে ভাই। ভালো দাম পেয়েছি।’’
‘ব্যাংকের লোন শোধ করেছ?’’
‘না।’
‘কেন?’
‘ভাই, ব্যাংকের লোনের উপর আমার সুদ দিতে হয় নয় পার্সেন্ট। এদিকে দেশের মুদ্রাস্ফীতি প্রায় বারো পার্সেন্ট।’
‘তো?’
‘যে জিনিস আমি নয় টাকায় পাচ্ছি কোন দু:খে আমি সেটা বারো টাকায় কিনতে যাবো। আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে যে জেনেশুনে তিন পার্সেন্ট বেশি দাম রেখে ব্যাংকের লোন শোধ করব।’
কল কেটে দিল পারভেজ, আমাকে ঋণের জালে আবদ্ধ করে।
মানবকণ্ঠ/এফআই

